মুন্সিগঞ্জ
যে মাঠে খেলতে যেতে হয় লেপ–তোশক নিয়ে
এই ভেন্যুতে আসা–যাওয়া করতেই নাকাল ফুটবলাররা। মাঠ ও অন্যান্য সুযোগ–সুবিধা নিয়েও আছে প্রশ্ন।
ম্যাচ শেষে অস্কার ব্রুজোনের কণ্ঠে স্বস্তি, ‘যাক, আমরা জয় পেলাম!’
টঙ্গীর এবড়োখেবড়ো মাঠে স্বাধীনতা ক্রীড়া সংঘের কাছে হার দিয়ে শুরুর পর মুন্সিগঞ্জে গতকাল উত্তর বারিধারার বিপক্ষে দ্বিতীয় ম্যাচে ১–০ গোলে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ২৭ মিনিটে বসনিয়ার স্ট্রাইকার স্তোয়ান ভ্রানিয়েসের গোলে তিন পয়েন্ট নিয়ে ঢাকায় ফিরতে পারাটা কিংস কোচের কাছে পরম পাওয়াই।
কিন্তু বারবার লিগের ভেন্যু বদল আর পেশাদার ফুটবলের অনুপযোগী মাঠে খেলা আয়োজন অন্য দলগুলোর মতো কিংসের কোচের কপালেও দুশ্চিন্তার ভাঁজ ফেলেছে। কয়েক দিন ধরেই দেশের ফুটবলে তুমুল আলোচনা পেশাদার লিগের মাঠ আর অব্যবস্থাপনা নিয়ে। বাফুফে শেষ মুহূর্তে বসুন্ধরার ভেন্যু বাতিল করেছে। লিগের দুটি ভেন্যুর মানই প্রশ্নবিদ্ধ। পেশাদার লিগের উপযোগী পরিবেশই নেই টঙ্গী আর মুন্সিগঞ্জের স্টেডিয়ামে।
মুন্সিগঞ্জ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামের মাঠ টঙ্গীর তুলনায় কিছুটা ভালো হলেও অনেক জায়গায় ঘাস নেই। মাঠ অসমতল ও শক্ত। এমন মাঠে ভালো ফুটবল খেলা সম্ভব নয়। টঙ্গীর বাজে মাঠে প্রথম ম্যাচে হেরেছে চ্যাম্পিয়ন কিংস। গতকাল বারিধারার বিপক্ষে প্রত্যাশিত ফুটবল খেলতে না পারার জন্যও মাঠকেই দুষলেন কিংস কোচ, ‘এই মাঠ নিয়েও আমি সন্তুষ্ট নই। এমন মাঠে ফুটবলারদের চোটের ভয় থাকে। আমরা ৪-৫টি পাসও একসঙ্গে খেলতে পারিনি। মাঠে বল লাফায়, খেলাটা নিচ থেকে তৈরি করতে পারিনি। পেশাদার লিগ আরও ভালো মাঠে হওয়া উচিত।’
পেশাদার লিগের উপযোগী ব্যবস্থাপনাও কি আছে মুন্সিগঞ্জে? স্থানীয় স্টেডিয়ামের ড্রেসিংরুম এই পর্যায়ের ফুটবলের সঙ্গে যায় না। ড্রেসিংরুমে কয়েকটি প্লাস্টিকের চেয়ার ছাড়া তেমন কিছু নেই। নিজেদের ম্যাচের দিন খেলার আগে ভ্রমণকান্তি দূর করতে চট্টগ্রাম আবাহনী নিজস্ব ব্যবস্থাপনায় লেপ–তোশক নিয়ে এসেছিল। সেই লেপ–তোশক তারা স্টেডিয়ামের স্টোর রুমে রেখে গেছে আবার ব্যবহারের জন্য। একটি পেশাদার লিগের দল কিনা লেপ–তোশক সঙ্গে নিয়ে ম্যাচ খেলতে যাচ্ছে! বিস্ময়কর!
মন্সিগঞ্জ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি স্থানীয় প্রবীণ ক্রীড়া সংগঠক নজরুল ইসলাম অবশ্য তাঁদের মাঠে পেশাদার লিগ হচ্ছে, তাতেই খুশি। গতকাল মাঠে দাঁড়িয়ে বলছিলেন, ‘করোনার কারণে বছর দুয়েক এখানে খেলা নেই। তা ছাড়া একটা জেলা স্টেডিয়ামে সুযোগ–সুবিধা আর কতটাই থাকবে! তবু আমরা যথাসাধ্য মাঠ পরিচর্যা করছি। পাইপ কিনেছি পানি দিতে। সার ছিটিয়েছি, যাতে ঘাস ভালো থাকে। মাঠ সমান করতে পৌরসভার রোলার ভাড়া করছি। রোলার আনতে চার–পাঁচ হাজার টাকা লাগে। তবে বাফুফে এখনো আমাদের কোনো টাকা দেয়নি।’
মুন্সিগঞ্জ ভেন্যু প্রথমে দেওয়া হয়েছিল সাইফ স্পোর্টিং ও শেখ জামালকে। সাইফ ড্রেসিংরুম দুটি রং করিয়েছে। খেলোয়াড়দের টেন্ট বাফুফে পাঠিয়েছে ঢাকা থেকে। স্থানীয় আয়োজকেরা ৩০০ চেয়ার ভাড়া করেছেন ভিআইপি বক্সের জন্য। স্টেডিয়ামের গা ঘেঁষে মুন্সিগঞ্জ হরগঙ্গা কলেজ। দুই পাশে ছোট গ্যালারি; প্রেসবক্স, ভিআইপি বক্সও আছে। কিন্তু নেই দর্শক মাঠে ঢোকার অনুমতি। তবে দেয়াল টপকে গ্যালারিতে ঢুকে পড়েছিলেন কয়েক শ দর্শক। বাফুফের নির্দেশনা থাকল শুধু কাগজ-কলমেই।
ঢাকার গুলিস্তান থেকে ৩৫ কিলোমিটার দূরে মুন্সিগঞ্জ। কিংস আগের দিন এসে রিসোর্টে উঠলেও বারিধারা গতকাল সকালে রওনা হয়ে ভেন্যুতে পৌঁছেছে দুপুরে। উত্তর বারিধারার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লিগের অব্যবস্থাপনায় বেশ ক্ষুব্ধ, ‘সকালে ঢাকা থেকে বড় একটা বাস ভাড়া নিয়ে এসেছি। সন্ধ্যার পর মুন্সিগঞ্জ থেকে নারায়ণগঞ্জ হয়ে ঢাকায় যাব কীভাবে, তা–ই ভাবছি। রাস্তায় প্রচণ্ড যানজট হয়।’
এই হলো বাংলাদেশের পেশাদার ফুটবল লিগ। ম্যাচ শেষে ক্লান্ত খেলোয়াড়েরা যদি ফেরার পথে যানজটেই পড়ে থাকেন, পরের ম্যাচ নিয়ে আর ভাববেন কখন!