যে ম্যাচে জয়ী দুদলই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্কোরলাইন বলবে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়েছে ব্রাজিল। কিন্তু যদি বলা হয় এ ম্যাচে দুদলই জয়ী, একটুও কি বাড়াবাড়ি হবে? যে মহৎ উদ্দেশ্যে ম্যাচটির আয়োজন, সেটির সামনে জয়-পরাজয়, ৯০ মিনিটে কে ভালো খেলল বা খারাপ—এসব হিসাব করতে যাবেন কে!

গত ২৮ নভেম্বর কোপা সুদামেরিকানার ফাইনালে খেলতে কলম্বিয়া যাওয়ার পথে বিমান দুর্ঘটনায় মারা যান ব্রাজিলের ক্লাব শাপেকোয়েনসের খেলোয়াড়, স্টাফ ও ম্যাচ কাভার করতে যাওয়া সাংবাদিক মিলিয়ে ৪৩ জন। তাঁদের সম্মানেই এই ম্যাচ। উদ্দেশ্য, নিহতদের পরিবারের জন্য অর্থ সংগ্রহ।

ম্যাচের আগে ওই দুর্ঘটনায় পরলোকে পাড়ি জমানো ৭১ জনের স্মৃতিতে ওড়ানো হয় ৭১টি বেলুন। দুর্ঘটনা থেকে বেঁচে ফেরা শাপেকোয়েনসের তিন খেলোয়াড় জ্যাকসন ফলম্যান, অ্যালান রাসেল ও নেতো এবং সাংবাদিক রাফায়েল হার্নান্দেজকেও দেওয়া হয় উষ্ণ সংবর্ধনা। এ সময় দর্শকেরাও মোবাইলের আলো জ্বালিয়ে ধরেন। সব মিলিয়ে রিওর অলিম্পিক স্টেডিয়ামে তৈরি হয় আবেগঘন পরিবেশ।

ফিফার সূচির বাইরে হওয়ায় এই ম্যাচে খেলেছেন শুধু ব্রাজিল ও কলম্বিয়ার ঘরোয়া ফুটবলে খেলা খেলোয়াড়েরা। ব্যবধান গড়ে দিয়েছেন দুদু—৪৭ মিনিটে গোল করে ব্রাজিলকে জয় এনে দেন পালমেইরাস ফরোয়ার্ড। এতে ব্রাজিলের কোচ হিসেবে তিতের শতভাগ জয়ের রেকর্ডও টিকে থাকল, দায়িত্ব নেওয়ার পর জিতেছেন সাত ম্যাচেই।

তবে তিতে এ নিয়ে মোটেও ভেবেছেন বলে মনে হয় না। জীবন-মৃত্যুর সমীকরণ সামনে নিয়ে এসেছে যে ম্যাচ, তাতে ফুটবল মাঠে এই জয়-পরাজয়ের হিসাব যে বড়ই খেলো। ডেইলি মেইল।