যে ম্যাচে তাকিয়ে বাংলাদেশও
মালয়েশিয়া যুবদল বনাম শ্রীলঙ্কা। সিলেট স্টেডিয়ামে আজকের ম্যাচটার দিকে তাকিয়ে থাকবে বাংলাদেশও। লাল-সবুজের দলের সামনে সেমিফাইনালের একটা পথরেখা এঁকে দেবে এই ম্যাচ। মালয়েশিয়ার কাছে হেরে যেটি কঠিন মনে হচ্ছে।
জিতলে ছয় পয়েন্ট নিয়ে মালয়েশিয়া গ্রুপ চ্যাম্পিয়ন। শ্রীলঙ্কা জিতলে হিসাব ভিন্ন। তখন শেষ ম্যাচে বাংলাদেশকে শুধু শ্রীলঙ্কাকে হারালেই চলবে না, গোলগড়ই হবে নির্ণায়ক। মালয়েশিয়া আজ দুই গোল বা আরও বড় ব্যবধানে জিতলে বাংলাদেশের জন্য সুবিধা। সে ক্ষেত্রে শ্রীলঙ্কাকে হারালেই পা পড়বে টুর্নামেন্টের সেমিফাইনালে।
মালশিয়ার কোচ রাজিপ ইসমাইল যেন মামুনুলদের একটু আশা দিলেন, ‘আমরা জয়ের ধারায় থাকতে চাই। সেমিফাইনালে উঠতে এটি খুবই গুরত্বপূর্ণ ম্যাচ।’ কোচ হালকা করে নিতে না চাইলেও আজ মালয়েশিয়াই ফেবারিট। শ্রীলঙ্কার মনে যাই থাকুক, মুখে তারা এই টুর্নামেন্ট নিয়ে খুব উচ্চাকাঙ্ক্ষী নয়।
মাত্রই ঘরোয়া লিগ শেষ হয়েছে কলম্বোতে। খেলোয়াড়েরা বিশ্রাম পাননি। বিশ্বকাপ ও এশিয়ান কাপে প্রাকবাছাই সামনে, যেটিকে বড় পরীক্ষাই বলছেন সার্বিয়ান কোচ নিকোলা কাবাজোভিচ, ‘মার্চে এই টুর্নামেন্ট হলে আমরা বলতাম চ্যাম্পিয়ন হতে চাই। কিন্তু এখন আমাদের কাছে এটি অগ্রাধিকার নয়। আমরা আসলে প্রস্তুতি নিচ্ছি বিশ্বকাপের প্রাক-বাছাই খেলতে।’
সম্প্রতি বাংলাদেশ সফর করে যাওয়া শ্রীলঙ্কা দলের থেকে দুজন খেলোয়াড় নেই এই দলে। শক্তির হেরফের তাতে দেখছেন না কোচ, ‘নিশ্চয়ই নেতিবাচক কিছু মাথায় নিয়ে মাঠে নামব না আমরা। অবশ্যই জিতবে চাইব।’