যে ১০টি রেকর্ড এখনো মেসির ভাঙতে বাকি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বহু রেকর্ডের মালিক মেসির বাকি আরও অনেক রেকর্ড। ছবি: রয়টার্স
বহু রেকর্ডের মালিক মেসির বাকি আরও অনেক রেকর্ড। ছবি: রয়টার্স

লা লিগা ও চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা হলেন মাত্র তিন দিনের ব্যবধানে! সেটিও টানা দুটো হ্যাটট্রিক করে। মনে হতেই পারে, রেকর্ড কি তবে লিওনেল মেসির পোষা? ক্যারিয়ারে কত রেকর্ডই তো জমা হলো নামের পাশে! আর কী কী রেকর্ড ভাঙতে বাকি মেসির? দেখে নিই সেই ১০টি গুরুত্বপূর্ণ রেকর্ড, যা এখনো ভাঙা হয়নি মেসির—


* তেলমো জারার রেকর্ড ভেঙে মেসি হয়েছেন লা লিগার সর্বোচ্চ গোলদাতা (২৫৩)। কিন্তু ইউরোপে অন্যান্য লিগে একটি ক্লাবে খেলে এর চেয়ে বেশি গোলের রেকর্ড রয়েছে। ফার্নান্দো গোমেজ পোর্তোর হয়ে করেছেন ২৮৮ গোল। পর্তুগিজ কিংবদন্তি ইউসেবিও বেনফিকার হয়ে করেছেন ৩১৯ গোল। জার্ড মুলার বায়ার্ন মিউনিখের হয়ে করেছেন ৩৬৫ গোল। তবে সবার চেয়ে এগিয়ে হামবুর্গ–কিংবদন্তি উবে সিলা। তিনি জার্মানির শীর্ষ লিগে ৪৭৬ ম্যাচে করেছেন ৪০৪ গোল। সিলাকে ছুঁতে মেসির প্রয়োজন আরও ১৩১ গোল। মেসির বয়স এখন ২৭। পারবেন মেসি?


* চ্যাম্পিয়নস লিগে অ্যাপোয়েল নিকোশিয়ার বিপক্ষে হ্যাটট্রিকটি বার্সার হয়ে তাঁর ২৮তম। একটি ক্লাবের হয়ে সর্বোচ্চ হ্যাটট্রিকের দিক দিয়ে স্পর্শ করলেন রিয়াল কিংবদন্তি আলফ্রেডো ডি স্টেফানোকে। গোল সংখ্যায় জারাকে ছাড়িয়ে গেলেও হ্যাটট্রিক সংখ্যায় এখনো পিছিয়ে। হ্যাটট্রিকে জারার পাশে বসতে মেসির দরকার আরও তিনটি।


* আর্জেন্টিনার জার্সিতে ৯৬ ম্যাচে মেসির গোল সংখ্যা ৪৫। গত বছর ডিয়েগো ম্যারাডোনার ৩৪ গোল ছাড়িয়েছেন। নীল-আকাশি জার্সিতে সর্বোচ্চ গোলের রেকর্ড গ্যাব্রিয়েল বাতিস্তুতার। ৭৮ ম্যাচে করেছিলেন ৫৬ গোল। আর্জেন্টিনার পক্ষে সর্বোচ্চ গোলদাতা হতে হলে মেসির দরকার আর মাত্র ১১ গোল।


* চ্যাম্পিয়নস লিগে কদিন আগেই রাউলের ৭১ গোলের রেকর্ড ছাড়িয়েছেন মেসি। কিন্তু ইউরোপের সব ধরনের প্রতিযোগিতা ধরলে রাউলের গোলসংখ্যা ৭৬টি, মেসির ৭৫ আর ক্রিস্টিয়ানো রোনালদোর ৭৩।


* মেসি স্প্যানিশ কাপ জিতেছেন দুবার। করেছেন ২৯ গোল। জারা এটি জিতেছেন মোট পাঁচবার, গোল করেছেন ৮১টি! এ রেকর্ডটি স্পর্শ করতে ২৭ বছর বয়সী বার্সা ফরোয়ার্ডের প্রয়োজন আরও ৫২ গোল।


* লা লিগায় একটি ক্লাবের হয়ে সর্বোচ্চসংখ্যক মাঠে নামার রেকর্ডটি ভাঙতে মেসির অনেক পথ হাঁটতে হবে। বার্সার হয়ে জাভি খেলেছেন ৪৮৩ ম্যাচ, ইকার ক্যাসিয়াস রিয়ালের হয়ে খেলেছেন ৪৮৮ ম্যাচ। সবার ওপরে রাউল—১৬ মৌসুমে রিয়ালের হয়ে ৫৫০ ম্যাচ। সেখানে মেসি খেলেছেন ১১ মৌসুমে ২৮৯ ম্যাচ।


* বার্সার হয়ে মেসি জিতেছেন ছয়টি লা লিগা শিরোপা। খেলোয়াড় হিসেবে বার্সার হয়ে সমান সংখ্যক শিরোপা জিতেছেন পেপ গার্দিওলা ও আন্দ্রেস ইনিয়েস্তা। সর্বোচ্চ সাতবার জিতেছেন জাভি।


* লা লিগায় মৌসুমের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘পিচিচি’ মেসি পেয়েছেন মোট তিনবার—২০০৯-১০, ২০১১-১২ ও ২০১২-১৩ মৌসুম। ফ্রাঙ্ক পুসকাস পেয়েছেন চারবার, ডি স্টেফানো পাঁচবার। রেকর্ড ছয়বার পেয়েছেন জারা। সুতরাং জারার পাশে বসতে হলে আরও তিনবার লা লিগায় সর্বোচ্চ গোলদাতা হতে হবে।


* এই রেকর্ডটা মেসি একবার ভেঙেছিলেন, তবে ভাঙতে হবে আবার। কারণ রেকর্ডটা যে তাঁর দখলে আর নেই। চ্যাম্পিয়নস লিগে এক মৌসুমে সর্বোচ্চ গোল। মেসির গড়া ১৫ গোলের রেকর্ড ভেঙে দিয়ে গত মৌসুমে ১৭ গোল করেন রোনালদো।


* ২০১১-১২ মৌসুমে লা লিগায় ৫০ গোল করেছিলেন মেসি। এক মৌসুমে লিগে এত গোলের রেকর্ড স্পেনে না থাকলেও, পুরো মহাদেশে এমন রেকর্ড মোটেও বিরল নয়। ১৯২৭-২৮ মৌসুমে এভারটনের ডিক্সি ডিন করেছিলেন ৬০ গোল। তবে সবচেয়ে এগিয়ে ফেরেঞ্চ দিয়াক। ১৯৪৫-৪৬ মৌসুমে হাঙ্গেরির ক্লাব সেজেন্টোলরিংকের হয়ে তিনি করেছিলেন ৬৬ গোল।