যেখানে আর্জেন্টিনার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেরার্ডো মার্টিনো (কোচ, আর্জেন্টিনা),হোর্হে সামপাওলি (কোচ, চিলি),রিকার্ডো গ্যারেকা (কোচ, পেরু),র‍্যামন ডিয়াজ (কোচ, প্যারাগুয়ে)
জেরার্ডো মার্টিনো (কোচ, আর্জেন্টিনা),হোর্হে সামপাওলি (কোচ, চিলি),রিকার্ডো গ্যারেকা (কোচ, পেরু),র‍্যামন ডিয়াজ (কোচ, প্যারাগুয়ে)

কোপা আমেরিকার জন্য ২২ বছরের অপেক্ষা এবার শেষ হবে আর্জেন্টিনার? নাকি আরেকবার স্বপ্নভঙ্গ হবে লিওনেল মেসিদের? জানার অপেক্ষা মোটেই দীর্ঘ হবে না। কাল প্যারাগুয়ের বিপক্ষে সেমিফাইনাল, সেটি জিততে পারলে ৪ জুলাই ফাইনাল—মাত্র দুটিই তো ম্যাচ! তবে আর্জেন্টিনা শিরোপা জিতুক না-জিতুক, এরই মধ্যে এটি অন্তত নিশ্চিত হয়েছে যে, এবারের ট্রফিটা একজন আর্জেন্টাইনের হাতেই উঠছে! ভাবছেন কেমন করে? সেমিফাইনাল পর্যন্ত টিকে থাকা চারটি দলের কোচই তো আর্জেন্টাইন! আর্জেন্টিনার জেরার্ডো মার্টিনো, চিলির হোর্হে সামপাওলি, প্যারাগুয়ের র্যামন ডিয়াজ কিংবা পেরুর রিকার্দো গ্যারেকা—এই চারজনের যেকোনো একজনের হাতেই শেষ পর্যন্ত উঠবে ট্রফিটা।
আর শুধু সেমিফাইনাল কেন, পুরো টুর্নামেন্টটাই যেন আর্জেন্টাইন কোচদের চারণভূমি। এই চারজনের বাইরেও শেষ আটে খেলা কলম্বিয়ার কোচ হোসে পেকারম্যান এবং গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়া ইকুয়েডরের কোচ গুস্তাভো কেনতেরোসও আর্জেন্টাইন। সব মিলিয়ে এবারের কোপায় দক্ষিণ আমেরিকান ১০টি দলের ৬টিরই আর্জেন্টাইন কোচ। ব্যাপারটা নিয়ে খুবই উচ্ছ্বসিত প্যারাগুয়ের কোচ র্যামন ডিয়াজ, ‘একটা টুর্নামেন্টে ৬ জন আর্জেন্টাইন কোচ। এতেই বোঝা যায় আর্জেন্টাইন কোচরা কত ভালো করছে। এটা আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার। বুঝতেই পারছেন, আর্জেন্টিনা শুধু বিশ্বসেরা ফুটবলার তৈরি করে না, ভালো কোচও তৈরি করে৷’
সেমিফাইনাল পর্যন্ত টিকে থাকা চার আর্জেন্টাইন কোচের বয়স খুব কাছাকাছি হলেও কোচিং অভিজ্ঞতায় বিস্তর ব্যবধান। আর্জেন্টিনার কোচ জেরার্ডো মার্টিনো গতবারই কোপার ফাইনালে নিয়ে গিয়েছিলেন প্যারাগুয়েকে। ছিলেন বার্সেলোনার কোচও। বিশ্বখ্যাত খেলোয়াড়দের সামলানোর অভিজ্ঞতা আছে তাঁর।
কোচিং অভিজ্ঞতায় মার্টিনো এগিয়ে থাকবেন হয়তো, তবে খেলোয়াড়ি ক্যারিয়ার দেখলে এই চারজনের মধ্যে সবচেয়ে এগিয়ে রাখতে হবে পেরুর র্যামন ডিয়াজকে। আর্জেন্টিনার হয়ে ১৯৮২ বিশ্বকাপে খেলেছেন, ওই বিশ্বকাপেই ব্রাজিলের কাছে ৩-১ গোলে হারা ম্যাচে আর্জেন্টিনার একমাত্র গোলটা করেছিলেন ডিয়াজ। রিভার প্লেটের হয়ে ক্লাব ক্যারিয়ার শুরু, পরে খেলেছেন নাপোলি, ফিওরেন্টিনা, ইন্টার মিলান ও মোনাকোর মতো ইউরোপীয় ক্লাবে। জাতীয় দলে ডিয়েগো ম্যারাডোনার সঙ্গে খেলেছেন, দুজন সতীর্থ ছিলেন আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলেও। দেশের হয়ে ২২ ম্যাচে ১০টি গোলও আছে ডিয়াজের।
ম্যারাডোনার সঙ্গে খেলেছেন পেরুর কোচ রিকার্দো গ্যারেকাও। জাতীয় দলে খুব বেশি নয়, তবে বোকা জুনিয়র্সে একসঙ্গে খেলেছেন দুই মৌসুম। দুজন মিলে বোকাকে জিতিয়েছেন আর্জেন্টিনার জাতীয় চ্যাম্পিয়নশিপও।
খেলোয়াড়ি ক্যারিয়ার বলার মতো নয় চিলির কোচ হোর্হে সামপাওলির। নিউয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে দুই বছর খেলার পরই ভয়ংকর এক চোটে মাত্র ১৯ বছর বয়সে খেলা ছাড়তে বাধ্য হন। কিন্তু ফুটবলের নেশা ছাড়তে পারেননি বলেই ২০০২ সালে কোচিংকে নেন পেশা হিসেবে। চিলির দায়িত্বে আছেন বছর তিনেক ধরে। গত বিশ্বকাপে তাঁর দল দ্বিতীয় রাউন্ডের বেশি যেতে পারেনি, কিন্তু আক্রমণাত্মক ফুটবল খেলে মুগ্ধ করেছে অনেককে। এবারের কোপায়ও এখন পর্যন্ত তুলনামূলকভাবে চিত্তাকর্ষক ফুটবল চিলিই খেলেছে। শিরোপা জয়ের লড়াইয়ে সামপাওলি টিকে আছেন কিনা সেটা অবশ্য এতক্ষণে জানা হয়ে গেছে আপনাদের। চিলি-পেরুর প্রথম সেমিফাইনালটা তো ভোরেই হয়ে গেছে।