
ইয়োহান ক্রুইফের পর ডিয়েগো ম্যারাডোনা, রোনালদিনহো থেকে হালের মেসি, নেইমার বা ইনিয়েস্তা। বার্সেলোনার জার্সি গায়ে অবিশ্বাস্য অনেক কিছুই করেছেন বা করছেন এই খেলোয়াড়েরা। এই নামগুলো ‘বল প্লেয়ার’ হিসেবে কতটা আলো ছড়িয়েছে, তা না বললেও চলছে। কিন্তু এখানকার বল প্লেয়াররা বার্সেলোনা থেকে রিয়াল মাদ্রিদেই যাচ্ছেন বেশি! বলছেন ইয়োহান ক্রুইফ নিজেই।
এই মৌসুমেই টনি ক্রুস ও হামেস রদ্রিগেজের মতো খেলোয়াড় নিয়ে এসেছে রিয়াল। দুজনকে নিয়েই উচ্ছ্বসিত ক্রুইফ, ‘বায়ার্নে ক্রুস ছিল সেরা খেলোয়াড়দের একজন, বিশ্বকাপেও। সে বল খুব ভালোভাবে বাড়িয়ে দিতে পারে। হামেস অসাধারণ বল প্লেয়ার। এ ধরনের খেলোয়াড়দের আগে বার্সাই সাধারণত দলে আনত। এখন সেটা রিয়াল করেছে।’
বার্সা অবশ্য লুইস সুয়ারেজ, ইভান রাকিটিচদের কিনেছে। কাতালান ক্লাবের নতুন মৌসুমের বাজারসদাই নিয়ে একটু সাবধানি মন্তব্যই করছেন ডাচ কিংবদন্তি, ‘বার্সা নতুন একটা দিকে যাচ্ছে। আমি ওদের “বেনিফিট অব ডাউট” দিচ্ছি। অনেক পয়সা খরচ করেছে তারা, যেটা নিয়ে কথা হচ্ছে। দেখা যাক কী হয়।’
বড় প্রশ্ন, মেসি, নেইমার, সুয়ারেজরা একসঙ্গে খেলতে পারবেন? নেইমারকে আনার পর ক্রুইফ সরাসরিই বলে দিয়েছিলেন, ‘এক বনে দুই বাঘ’ থাকা দলের জন্য ভালো কিছু নয়। গত মৌসুমে মেসি-নেইমারের যুগলবন্দী সেভাবে অতটা ভীতি ছড়াতে পারেনি। এবার সুয়ারেজ আসায় তিনি বলছেন, ‘মেসি, নেইমার, সুয়ারেজ শুরু থেকেই খেলতে পারে। তারা সবাই গ্রেট খেলোয়াড়, দলে অনেক কিছুই যোগ করবে। কিন্তু কীভাবে তারা একসঙ্গে খেলবে সেটা দেখার জন্য আমাদের অপেক্ষা করা চাই। আলাদাভাবে ওরা অনেক কিছুই করতে পারে। আমি জানি না, এটা দলের ভারসাম্য নষ্ট করে দেবে কি না। ব্যাপারটা নিয়ে এখনই কিছু বলা ঝুঁকিপূর্ণ।’
নতুন কোচ লুইস এনরিকেতে অবশ্য মুগ্ধ সর্বকালের অন্যতম সেরা ফুটবলার, ‘এনরিকের মধে৵ ভালো কিছু করার, সর্বস্ব ঢেলে দেওয়ার ইচ্ছা আমি দেখেছি। আমি ওর কাছ থেকে আশা করব বার্সাকে যেন একটা ঝাঁকুনি দিতে পারে। আমার বিশ্বাস, সে খেলোয়াড়দের উদ্বুদ্ধ করতে পারবে।’
গত মৌসুমটা মেসির জন্য খুব ভালো যায়নি। ক্রুইফ বলছেন, নতুন কোচের জন্য এটাও একটা চ্যালেঞ্জ, ‘আশা করছি এনরিকে আবার পথ দেখাতে পারবে লিওকে। লিওর প্রতিভা নিয়ে সংশয় নেই, তবে ওর জীবন যাপনের ধরন এখন অনেকটাই বদলে গেছে। দরিদ্র থেকে সে এখন কোটিপতি। চলতি বছরে সে কিছুই জেতেনি (বার্সার হয়ে), অনেক সমালোচনা শুনতে হয়েছে। লিও একা একাই নিজেকে ফিরে পাবে, এমনটা বিশ্বাস করা কঠিন। মেসিকে শতভাগ ফিরে পেতে হলে সবার সাহায্য করতে হবে।’ গোলডটকম।