যেখানে এশিয়ার জয়জয়কার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলি দাইয়ি
আলি দাইয়ি

লিভারপুলের কিংবদন্তি কোচ বিল শ্যাঙ্কলির অনেক উক্তিই ফুটবল ইতিহাসে অমর হয়ে আছে। শ্যাঙ্কলি বলেছিলেন, ‘ফুটবল শুধু খেলা নয়, একটা দর্শন ও ধর্মও বটে।’ অন্য অনেক দর্শন বা ধর্ম যুগে যুগে পরিবর্তিত হয়েছে, দেশ বা গোত্রভেদে বদলে গেছে রীতিনীতি। কিন্তু ফুটবলের বিস্তৃতি পৃথিবীব্যাপী, আফ্রিকা থেকে এশিয়া পর্যন্ত খেলা হয় একভাবেই। সর্বজনীনতাই ফুটবলের সবচেয়ে সৌন্দর্য। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের তালিকাই ফুটবলের এই বৈশিষ্ট্যের বড় প্রমাণ। সেখানে পেলে-পুসকাসদের মতো মহারথীদের সঙ্গে অপূর্ব সহাবস্থান কামামোতো, চিতালুদের মতো অখ্যাতদের। এশিয়া, আফ্রিকা, ইউরোপ, আমেরিকার এমন দুর্দান্ত মেলবন্ধন আর কোথায় পাবেন!

গডফ্রে চিতালু
গডফ্রে চিতালু

আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতাদের শীর্ষ দশের তালিকায় চোখ বোলালে যে কারও একটু চমকে যাওয়ারই কথা। পেলে, পুসকাস, ককসিস, ক্লোসা ছাড়া বাকি নামগুলো অচেনা লাগতেই পারে। ও হ্যাঁ, আলি দাইয়ির নামটাও পরিচিত। তালিকায় সবার ওপরে জ্বলজ্বল করছে ইরানের এই স্ট্রাইকারের নাম। এ তালিকায় এশিয়ার আরও চারজন আছেন, কিন্তু নিজেদের মহাদেশীয় থেকে বৈশ্বিক মঞ্চে নিয়ে যেতে পেরেছেন শুধু দাইয়িই। শুধু বিশ্বকাপ খেলেছেন বলেই নয়, ইউরোপে এশিয়ান ফুটবলারদের পথিকৃৎদের একজনও সাবেক এই স্ট্রাইকার। একমাত্র ফুটবলার হিসেবে আন্তর্জাতিক গোলের সেঞ্চুরির জন্য যতটা গর্ব অনুভব করেন, বায়ার্ন-হার্থা বার্লিনের হয়ে বুন্দেসলিগায় ইরানকে প্রতিনিধিত্ব করে তার চেয়ে খুব কম কিছু অনুভব করার কথা নয়!

বাশার আবদুল্লাহ
বাশার আবদুল্লাহ

এশিয়ান ফুটবলারের সংখ্যাধিক্যই আসলে এই তালিকার সবচেয়ে কৌতূহলোদ্দীপক ব্যাপার। কুনিশিগে কামামোতো, বাশার আবদুল্লাহ, মাজেদ আবদুল্লাহ বা কিয়াতিসুক সেনামুয়াং-এর নাম কজনই বা শুনেছেন? নিজেদের দেশে তাঁরা কিংবদন্তি সন্দেহ নেই, সম্ভবত প্রত্যেকেই দেশের সর্বকালের সেরাই। তার পরও এভাবে খোলামকুচির মতো গোল করে যাওয়াটা হয়তো অনেকের কাছে বিস্ময় হয়ে এসেছে।

কুনিশিগে কামামোতো
কুনিশিগে কামামোতো

কামামোতোর কথাই ধরুন। সাবেক এই স্ট্রাইকারকে বলা হয় জাপানের প্রথম সুপারস্টার। সেই ষাটের দশক থেকেই সামুরাই ফুটবলে আলো ছড়িয়েছেন, সাতবার জাপানের বর্ষসেরা ফুটবলারও হয়েছিলেন। ম্যাচপ্রতি গোলসংখ্যাটাও বাকি এশিয়ানদের তুলনায় বেশ ঈর্ষণীয়। ০.৯৫ মানে তো প্রায় প্রতি ম্যাচেই গোল! এ ক্ষেত্রে এ তালিকায় কামামোতোর চেয়ে এগিয়ে শুধু পুসকাস ও ককসিস।
কিন্তু এশিয়ানদের এমন জয়জয়কারের রহস্য কী? দুর্বল প্রতিপক্ষদের কিন্তু এই পাঁচজনই সুযোগ পেলে ছিঁড়েখুঁড়ে ফেলেছেন। দাইয়ি মালদ্বীপের সঙ্গে এক ম্যাচেই ৫ গোল দিয়েছিলেন, কাতার-মালয়েশিয়ার সঙ্গে মাজেদেরও এই কীর্তি আছে। নেপাল, শ্রীলঙ্কা, ভুটানকে পেলে তো কথাই নেই।

মাজেদ আবদুল্লাহ
মাজেদ আবদুল্লাহ

২০০০ সালে বাশার ভুটানের সঙ্গে এক ম্যাচে ৮ গোল করেছিলেন। আপনার মনে প্রশ্ন জাগতেই পারে, বাংলাদেশের বিপক্ষে তাঁরা কেমন করেছিলেন? ১৯৯০ সালে মাজেদ আবদুল্লাহ জোড়া গোল করেছিলেন, আর সেনামুয়াং থাইল্যান্ডের হয়ে ১৯৯৩ সালে করেছিলেন ১ গোল। খুব আহামরি কিছু নয়।
আরেকটা নাম বছর দেড়েক আগে খুব আলোচনায় এসেছিল। ২০১২ সালে মেসির এক পঞ্জিকাবর্ষে ৯১ গোল করার পর উঠে এসেছিল গডফ্রে চিতালুর নামটাও। জাম্বিয়া ফেডারেশন তখন দাবি করেছিল, চিতালু নাকি ১৯৭২ সালে ১১৬ গোল করেছিলেন। তবে সেই সময়ের পরিসংখ্যান কতটা বস্তুনিষ্ঠ, সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। আরেক অখ্যাত ত্রিনিদাদের স্টার্ন জন। এই সাবেক স্ট্রাইকার অবশ্য সৌভাগ্যবান, ২০০৬ বিশ্বকাপে খেলতে পেরেছিলেন। ক্যারিয়ারের অনেকটা সময় ইংলিশ লিগে খেলায় ইউরোপেও তাঁর নামটা একেবারে অপরিচিত নয়।
পেলে, পুসকাস, ককসিস বা ক্লোসাদের পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ম্যাজিকাল ম্যাগিয়ার্সের দুই নক্ষত্র পুসকাস-ককসিসের বিশ্বকাপ না-জেতাটা ফুটবলের সবচেয়ে বড় ট্র্যাজেডিগুলোরই একটি। পেলে-ক্লোসাদের এই অতৃপ্তি নেই। তবে এই তালিকায় একটুর জন্য আসতে না পারা একজনেরও নাম আলাদা করে বলা উচিত। ৬২ ম্যাচে ৬৮ গোল নিয়ে জার্ড মুলার তো সর্বকালের সেরা স্ট্রাইকারদের সংক্ষিপ্ত তালিকায়ও থাকেন। অন্তত ৫০টি আন্তর্জাতিক গোল করেছেন, এমন খেলোয়াড়দের মধ্যে মুলার ও ককসিসের ম্যাচপ্রতি গোলই (১.১০) সবচেয়ে বেশি।
আরেকটা লক্ষণীয় ব্যাপার, এখনো জাতীয় দলের হয়ে খেলে যাচ্ছেন, এমন কেউই এই তালিকায় নেই। সত্যি বলতে, তালিকাটা ৫০ জনে নিয়ে গেলেও এখনকার মাত্র চারজন খেলোয়াড়ই এতে ঢুকতে পারতেন। সেই চারজনের নাম জানতে ইচ্ছা করছে? রবি কিন (৬৫ গোল), ক্রিস্টিয়ানো রোনালদো (৫১), জ্লাতান ইব্রাহিমোভিচ (৫০) ও ইউনিস মাহমুদ (৫০)। শেষ নামটি অপরিচিত লাগছে? এখানেও আবার সেই এশিয়া। ইউনিস মাহমুদ নামে ওই ফুটবলার খেলেন ইরাকের জার্সি গায়ে।

সবচেয়ে বেশি আন্তর্জাতিক গোল

ম্যাচ গোল
১. আলি দাইয়ি (ইরান) ১৪৯ ১০৯
২. ফেরেঙ্ক পুসকাস (হাঙ্গেরি) ৮৫ ৮৪
৩. কুনিশিগে কামামোতো (জাপান) ৮৪ ৮০
৪. গডফ্রে চিতালু (জাম্বিয়া) ১০৮ ৭৯
৫. পেলে (ব্রাজিল) ৯২ ৭৭
৬. স্যান্ডর ককসিস (হাঙ্গেরি) ৬৮ ৭৫
বাশার আবদুল্লাহ (কুয়েত) ১৩৩ ৭৫
৮. মাজেদ আবদুল্লাহ (সৌদি আরব) ১১৬ ৭১
মিরোস্লাভ ক্লোসা (জার্মানি) ১৩৭ ৭১
১০. স্টার্ন জন (ত্রিনিদাদ ও টোবাগো) ১১৫ ৭০
কিয়াসিতুক সেনামুয়াং (থাইল্যান্ড) ১৩১ ৭০