যেখানে মেসি অনেক পেছনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপিয়ান ফুটবলে চলছে দলবদলের মৌসুম। কে কোন ক্লাবে যাচ্ছেন, কোন ফুটবলারকে কত দামে কিনল ক্লাব—এসবই এখন আলোচনায়। যে আলোচনায় উঠে আসছে রিলিজ ক্লজও। ফুটবলার আসতে চাইছেন, কিন্তু তাঁর ক্লাব বিক্রি করতে রাজি নয়? খুবই সহজ, চুক্তিতে রিলিজ ক্লজ থাকলে সেটি পরিশোধ করে দাও! তা সবচেয়ে বেশি দাম কার? এখানেই চমক! মেসি নন, রোনালদোর সঙ্গে সেই মুকুট ভাগাভাগি করে নিচ্ছেন বেনজেমা। দুজনেরই চুক্তিতে রিলিজ ক্লজ লেখা আছে ১ বিলিয়ন ইউরো। কদিন আগে বার্সেলোনার সঙ্গে আরও চার বছর চুক্তি বাড়িয়ে নেওয়া মেসির রিলিজ ক্লজ অনেক কম, ৩০০ মিলিয়ন ইউরো। আর্জেন্টাইন ফরোয়ার্ড তালিকার ছয়ে। মজার ব্যাপার, সেরা দশের সবাই-ই হয় রিয়াল মাদ্রিদের, নয়তো বার্সেলোনার। অবশ্য হবে নাই-বা কেন! ইউরোপে শুধু স্পেনেই যে প্রত্যেক ফুটবলারের চুক্তিতে রিলিজ ক্লজ (বা বাই-আউট ক্লজ) রাখা বাধ্যতামূলক। অন্য দেশে তা নয়।

রিলিজ ক্লজ কী?

ফুটবলারদের চুক্তির একটা ধারা। যেখানে একজন খেলোয়াড়কে কিনতে ইচ্ছুক কোনো ক্লাবের কমপক্ষে কত টাকা খরচ হবে, সেই অঙ্কটা লেখা থাকে। যেমন রোনালদোর চুক্তির রিলিজ ক্লজ ১ বিলিয়ন ইউরো। অর্থাৎ রিয়ালের ইচ্ছার বাইরে কোনো ক্লাব রোনালদোকে কিনতে চাইলে এই পরিমাণ অর্থ রিয়ালকে দিতেই হবে।

রিলিজ ক্লজ কেন?

সাধারণত ক্লাবের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের হাতছাড়া না করতে চাইলে এমন রিলিজ ক্লজ দিয়ে রাখে ক্লাবগুলো। টাকার অঙ্কটাও হয় অস্বাভাবিক। আবার খেলোয়াড়দের জন্যও এটি এক ধরনের স্বাধীনতার নিশ্চয়তা দেয়। কোনো ক্লাবে থাকতে না চাইলে রিলিজ ক্লজের মাধ্যমে তাঁর অন্য কোনো ক্লাবে যাওয়ার সুযোগ থাকে।

রিলিজ ক্লজের রকমফের

রিলিজ ক্লজ নানা রকম হতে পারে।

এটি নির্দিষ্ট সময়ের পর বাড়তে বা কমতেও পারে। যেমন নেইমারের চুক্তিতে এই মৌসুমে রিলিজ ক্লজ ২০০ মিলিয়ন ইউরো থেকে বেড়ে হয়েছে ২২২ মিলিয়ন ইউরো। আগামী বছরের ১ জুলাই থেকে সেটি হয়ে যাবে ২৫০ মিলিয়ন ইউরো।

 চ্যাম্পিয়নস লিগে খেলা না-খেলা বা অবনমিত হওয়া না-হওয়ার শর্তের ওপরও অনেক সময় নির্ভর করে রিলিজ ক্লজ। এই মৌসুমে জার্মেইন ডিফোর দলবদলে এমন শর্ত কাজে লেগেছে। ইংলিশ স্ট্রাইকারের চুক্তিতে লেখা ছিল, সান্ডারল্যান্ড প্রিমিয়ার লিগ থেকে অবনমিত হয়ে গেলে তিনি বিনা মূল্যে অন্য ক্লাবে চলে যেতে পারবেন। সান্ডারল্যান্ড গত মৌসুমে অবনমিত হয়ে যাওয়ায় তাঁকে বিনা মূল্যে দলে এনেছে বোর্নমাউথ। 

২০১২ সালে সোয়ানসি থেকে জো অ্যালেনকে লিভারপুলে নিয়ে আসার ক্ষেত্রে তাঁর চুক্তির অদ্ভুত একটা শর্ত কাজে লাগিয়েছিল লিভারপুল। অ্যালেনের চুক্তিতে উল্লেখই ছিল, প্রিমিয়ার লিগের পাঁচটি নির্দিষ্ট ক্লাব ১৫ মিলিয়ন ইউরো দিতে রাজি হলে ক্লাব তাঁকে ছেড়ে দিতে বাধ্য থাকবে। ওই পাঁচটি নির্দিষ্ট ক্লাবের তালিকায় লিভারপুলের নামও ছিল।

তাহলে বাই-আউট ক্লজ কী?

পার্থক্যটা মূলত কাগজে-কলমে। বাই-আউট ক্লজের ক্ষেত্রেও রিলিজ ক্লজের মতো একটা নির্দিষ্ট অঙ্ক লেখা থাকে। পার্থক্যটা হলো, সে ক্ষেত্রে কিনতে ইচ্ছুক ক্লাব নয়, ফুটবলার নিজেই টাকাটা তাঁর ক্লাবকে দিয়ে স্বাধীন হয়ে যান। যেমন রোনালদো যদি নিজে রিয়াল ছেড়ে অন্য ক্লাবে যেতে চান, সে ক্ষেত্রে রিয়ালকে ১ বিলিয়ন ইউরো দিয়ে নিজের ইচ্ছামতো যেকোনো ক্লাবে চলে যেতে পারেন।

কিন্তু আসলে খেলোয়াড় নিজে তো আর টাকাটা দেন না, তাঁকে যে ক্লাব পেতে চায়, তারাই খেলোয়াড়ের মাধ্যমে টাকাটা পরিশোধ করে। ২০১৪ সালে বাই-আউট ক্লজ ব্যবহার করেই অ্যাথলেটিক বিলবাও থেকে ২৯ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেডে গিয়েছিলেন অ্যান্ডার হেরেরা।