যেখানে মেসি-রোনালদো পিছিয়ে

গোলের পর গোল। তাঁদের কাছে গোল করাটাই যেন পৃথিবীর সবচেয়ে সহজ কাজ। ব্যাস এতটুকু বললেই চলে, কথাটা কাদের নিয়ে তা আর না বললেও চলছে। এই সময়ে ধরাধামের সবচেয়ে বিখ্যাত দুই ফুটবলার লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো কোনো ম্যাচে গোল না পেলেই বরং সেটা খবর। আজ রাতে শুরু উয়েফা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় প্রথম দুটি নাম যে এই দুজনই।
রিয়াল মাদ্রিদের পর্তুগিজ তারকা রোনালদো এবার চ্যাম্পিয়নস লিগ শুরু করছেন গোলের ‘সেঞ্চুরি’ সামনে রেখে। আর সাতটি গোল পেলেই ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০০ গোল পেয়ে যাবেন সিআর সেভেন। চ্যাম্পিয়নস লিগে সর্বশেষ চার মৌসুমে ৫৫ গোল করা রোনালদো এবার ‘সেঞ্চুরি’টা না পেলেই বরং বিস্ময়ের ব্যাপার হবে।
অন্যদিকে বার্সেলোনার লিওনেল মেসির চ্যাম্পিয়নস লিগ গোল ৮৩টি। মোট গোলে পিছিয়ে থাকলেও ম্যাচপ্রতি গোল করায় রোনালদোর চেয়ে এগিয়ে আর্জেন্টাইন তারকা। মেসি ৮৩ গোল করেছেন ১০৬ ম্যাচে। ম্যাচপ্রতি গোল ০.৭৮টি। রোনালদোর ম্যাচপ্রতি গোল ০.৭৩। চ্যাম্পিয়নস লিগে ১২৭ ম্যাচে ৯৩ গোল তাঁর।
গোল করায় সবার চেয়ে এগিয়ে থাকলেও ম্যাচপ্রতি গোলের হিসেবে কিন্তু সেরা নন রোনালদো-মেসিরা। ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগে কমপক্ষে ২০ গোল করেছেন এমন খেলোয়াড়দের মধ্যে ম্যাচপ্রতি সবচেয়ে বেশি গোল করেছেন সাবেক জার্মান স্ট্রাইকার জার্ড মুলার। ১৯৬৯ থেকে ১৯৭৭ সালের মধ্যে বায়ার্ন মিউনিখের হয়ে ৩৫ ম্যাচে ৩৫ গোল করেছেন জার্মানির বিশ্বকাপজয়ী স্ট্রাইকার। ম্যাচপ্রতি ০.৮৯ গোল করে এরপরই নাম ব্রাজিলের ১৯৫৮ বিশ্বকাপজয়ী দলের স্ট্রাইকার জোসে আলতাফিনি ‘মাজ্জোলা’র । ইতালির দুই ক্লাব এসি মিলান ও জুভেন্টাসের হয়ে ২৮ ম্যাচে ২৫ গোল আলতাফিনির। রিয়াল মাদ্রিদের সাবেক দুই তারকা ফেরেঙ্ক পুসকাস (০.৮৮) ও আলফ্রেডো ডি স্টেফানো (০.৮৪) আছেন এরপরই। সেরা পাঁচে পঞ্চম নামটি মেসির। রোনালদোর অবস্থান অষ্টম।
ইউরোপিয়ান কাপ বা চ্যাম্পিয়নস লিগের সেরা গোলদাতা
(ম্যাচপ্রতি গোলের হিসেবে)
ম্যাচ গোল গোল/ম্যাচ
জার্ড মুলার (বায়ার্ন মিউনিখ) ৩৫ ৩৫ ১.০০
জোসে আলতাফিনি (এসি মিলান, জুভেন্টাস) ২৮ ২৫ ০.৮৯
ফেরেঙ্ক পুসকাস (বুদাপেস্ট, রিয়াল মাদ্রিদ) ৪১ ৩৬ ০.৮৮
আলফ্রেডো ডি স্টেফানো (রিয়াল মাদ্রিদ) ৫৮ ৪৯ ০.৮৪
লিওনেল মেসি (বার্সেলোনা) ১০৬ ৮৩ ০.৭৮