যেখানে রিয়ালকে হারিয়ে দিল বার্সা

বিশ্বের কোন ক্লাব সবচেয়ে বেশি জনপ্রিয়? উত্তরটা পাওয়া একটু কঠিনই। কারণ, ইতিহাস-ঐতিহ্য-সাফল্যের বিচারে ইউরোপের জনপ্রিয়তার নিক্তিতে অনেক ক্লাবই সমানতালে এগিয়ে। তবে একটি ক্ষেত্রে বলা যায়, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্লাব বার্সেলোনাই!
হিসাবটা আসলে ভার্চুয়াল জগতের। সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি অনুসারী বার্সারই। ক্রীড়াবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘স্পোর্ট ডিজিটাল মিডিয়া’র ফল তা-ই বলছে। ফেসবুক, টুইটার, গুগল প্লাস, ইউটিউব ও ইনস্টাগ্রাম মিলিয়ে বার্সার অনুসারী সংখ্যা ১১ কোটি ৭০ লাখ। দ্বিতীয় অবস্থানে থাকা রিয়াল মাদ্রিদের অনুসারী ১০ কোটি ৮০ লাখ। অর্থাৎ দুই চিরপ্রতিদ্বন্দ্বীর পার্থক্য প্রায় ৯০ লাখ। তৃতীয় অবস্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেডের অনুসারী সাত কোটি। চতুর্থ স্থানে থাকা চেলসির পাঁচ কোটি, পঞ্চম স্থানে আর্সেনালের ৩ কোটি ৯৬ লাখ।
তবে এ গবেষণায় বাদ দেওয়া হয়েছে উইচ্যাট, অনলাইন, উইবো, ডেইলিমোশন ও পিন্টারেস্টের মতো সামাজিক যোগযোগমাধ্যমগুলোকে। এগুলো হিসাবে নিয়ে আসা হলে বার্সার যোগ হতো আরও ছয় কোটি অনুসারী ।
ক্লাবটির প্রযুক্তি পরিচালক দিদাচ লি বললেন, ‘এফসি বার্সেলোনা ডিজিটাল মাধ্যমকে খুবই গুরুত্ব দেয়। এ কারণেই বিশ্বের সবচেয়ে বেশি অনুসারী আমাদের। এখন আমরা ৪০টি ভিন্ন ভিন্ন মাধ্যমে নয়টি ভাষায় সমর্থকদের সঙ্গে যোগাযোগ রাখছি।’ মার্কা।