যেতেই হলো ক্লিন্সমানকে

তাহলে যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশনের কর্মকর্তারা ফুটবল খেলাটা ঠিকঠাক বোঝেন না!
ইয়ুর্গেন ক্লিন্সমানের কথার সূত্র ধরে তা-ই বলতে হয়। কদিন ধরেই যুক্তরাষ্ট্রের কোচের পদ থেকে ৫২ বছর বয়সী জার্মানকে সরানোর কথা চলছিল। দলের বাজে পারফরম্যান্সের কারণে যুক্তরাষ্ট্রের সমর্থকেরাই এই দাবি তোলেন। এ নিয়েই গত রোববার নিউইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে ক্লিন্সমান বলেন, যাঁরা মনে করছেন তাঁকে বরখাস্ত করা উচিত, তাঁরা হয় খুব বেশি আবেগপ্রবণ, নয়তো ফুটবল খেলাটা ঠিক বোঝেন না।
অথচ এর পরদিনই ক্লিন্সমানকে বরখাস্ত করেছে ইউএস সকার। নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে ব্রুস অ্যারেনার নাম। ১৯৯৮ সাল থেকে ২০০৬ পর্যন্ত যুক্তরাষ্ট্র দলের কোচ ছিলেন অ্যারেনা। সর্বশেষ ছিলেন মেজর সকার লিগে এলএ গ্যালাক্সির কোচ।
২০১১ সালে যুক্তরাষ্ট্রের দায়িত্ব নেওয়ার পর থেকে সাফল্য-ব্যর্থতা দুই-ই দেখেছেন ক্লিন্সমান। তবে সাম্প্রতিক ব্যর্থতাটাই কাল হলো। ২০১৫ গোল্ডকাপে যুক্তরাষ্ট্র চতুর্থ হয়েছে, ২০১৭ কনফেডারেশন কাপের প্লে-অফে হেরেছে মেক্সিকোর কাছে। কনকাকাফ অঞ্চলের ছয় ধাপের বিশ্বকাপ বাছাইপর্বের পঞ্চম ধাপে প্রথম দুই ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী মেক্সিকোর কাছে হারের পর কোস্টারিকার মাটিতেও বিধ্বস্ত হয়েছে। ৪-০ গোলে ওই হারটাতেই সম্ভবত চূড়ান্ত সর্বনাশটা হলো ক্লিন্সমানের।
‘অনেক কঠিন’ সিদ্ধান্তটি নিয়ে ফেডারেশনের সভাপতি সুনীল গুলাটি বলেছেন, ‘পাঁচ বছরে তাঁর কঠোর পরিশ্রম ও আত্মনিবেদনের জন্য ইয়ুর্গেনকে ধন্যবাদ জানাই। আমরা নিশ্চিত, ২০১৮ রাশিয়া বিশ্বকাপে যাওয়ার মতো যোগ্য খেলোয়াড় আমাদের আছে। তবে দলের ফর্ম ও এখন পর্যন্ত উন্নতির চিত্র দেখে সিদ্ধান্ত নিয়েছি, আমাদের ভিন্ন পথে এগোতে হবে।’ এএফপি।
ক্লিন্সমানের যুক্তরাষ্ট্র
ম্যাচ ৯৮
জয় ৫৫
হার ২৭
ড্র ১৬
অর্জন
২০১৩ গোল্ডকাপ চ্যাম্পিয়ন
২০১৩ সালে টানা ১২টি ম্যাচ জিতেছিল ক্লিন্সমানের যুক্তরাষ্ট্র। এটির মতো ০.৭৬১ শতাংশ জয়ের হারও যুক্তরাষ্ট্রের রেকর্ড।
২০১৪ বিশ্বকাপে জার্মানি, পর্তুগাল ও ঘানার সঙ্গে গ্রুপ অব ডেথ থেকেও যুক্তরাষ্ট্রকে শেষ ষোলোতে নিয়ে গেছেন।