যেতেই হলো দুঙ্গাকে

পদত্যাগ করবেন না, এটা পরিষ্কার করে দিয়েছিলেন আগেই। নইলে কি আর কার্লোস দুঙ্গা বলেন, ‘ছাঁটাই হওয়ার ভয় আমার নেই। আমি ভয় পাই শুধু মৃত্যুকে!’
এই কিছুদিন আগেও ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) কথাবার্তা শুনে মনে হচ্ছিল, দুঙ্গাকে তারা আরও কিছুটা সময় দিতে চায়। অন্তত রিও অলিম্পিক পর্যন্ত। কিন্তু বিশ্বকাপের বাছাইপর্বে বাজে শুরুর পর থেকেই ‘দুঙ্গা হটাও’ দাবি উঠতে শুরু করল। কোপা আমেরিকার গ্রুপ পর্ব থেকে বিদায়ের পর সেই দাবি এতই জোরালো হয়ে গেল যে, সিবিএফের পক্ষেও আর নিজেদের আগের অবস্থানে থাকা সম্ভব হলো না।
আমেরিকা থেকে দেশে ফিরে দুঙ্গা ব্যস্ত হয়ে পড়েছিলেন অলিম্পিকের দল চূড়ান্ত করার কাজে। এরই মধ্যে কাল তাঁকে জরুরি বৈঠকে ডাকল সিবিএফ। সেখানেই জানিয়ে দেওয়া হলো, তিনি আর ব্রাজিলের কোচ নন! বরখাস্ত কার্লোস দুঙ্গা।
সিবিএফের বিবৃতিতে অবশ্য দাবি করা হয়েছে ব্যাপারটা হয়েছে দুই পক্ষের সম্মতিতে। কিন্তু বিশ্বের বেশির ভাগ কোচকে বরখাস্ত করার পরই যে এমন শোভন ভাষায় একটা বিবৃতি দেওয়া হয়, সেটা সবাই জানেন।
দায়িত্ব চালিয়ে যেতে চাওয়া দুঙ্গার জন্য এটি দুর্ভাগ্যজনক। কিন্তু ব্রাজিলের নিখাদ ফুটবলপ্রেমীরা যে দুঙ্গার বিদায়ে স্বস্তি বোধ করছেন! জোগো বোনিতো পূজারিরা তাঁর দলের খেলার ধরন কখনো মেনে নিতে পারেননি। সাম্প্রতিক এক জরিপেও উঠে এসেছিল, ব্রাজিলের ৯১ শতাংশ ফুটবলপ্রেমীই দুঙ্গার দলের ওপর আস্থাশীল নয়। কোপার গ্রুপ পর্ব থেকে বিদায়ের অভিজ্ঞতাও তো গত ২৯ বছরে এই প্রথম হলো পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নদের।
ছাঁটাই হলে কেমন লাগে, সেই অনুভূতিটা দুঙ্গার চেনা। ২০০৬ সালে প্রথম মেয়াদে দায়িত্ব নেওয়ার পর ব্রাজিলকে ২০০৭ কোপা আমেরিকা ও ২০০৯ কনফেডারেশনস কাপের শিরোপা জেতান। কিন্তু ২০১০ বিশ্বকাপে হল্যান্ডের কাছে কোয়ার্টার ফাইনালে হারের পর প্রথমবার বরখাস্ত হন দুঙ্গা।
আবারও তাঁকে ডেকে আনা হয় ২০১৪ বিশ্বকাপে ব্যর্থতার পর। জার্মানির কাছে ৭-১ গোলে হেরে ব্রাজিল সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার পর কোচ লুইস ফেলিপে স্কলারিকে বিদায় নিতে হয় পত্রপাঠ। এই দফায় কিছুই করতে পারেনি। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৬ ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে ব্রাজিল। কোপা আমেরিকা থেকে গ্রুপ পর্বেই বিদায়। চাকরিটা এমনিতেও বাঁচাতে পারতেন না দুঙ্গা।
দুঙ্গার বিদায় তো হলো। কিন্তু কড়া নাড়ছে রিও অলিম্পিক, বিশ্বকাপের বাছাইপর্বটাও পেরোতে হবে। দুঙ্গার জায়গায় কে আসছেন? ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে জোর গুঞ্জন, করিন্থিয়ানসের কোচ আদেনর লিওনার্দো বাচ্চির (যিনি তিতে নামেই বেশি পরিচিত) সঙ্গে যোগাযোগ করেছে সিবিএফ। ৫৫ বছর বয়সী তিতে ২০১২ সালে করিন্থিয়ানসকে জিতিয়েছেন কোপা লিবার্তাদোরেস ও ক্লাব বিশ্বকাপ, পরের বছর কোপা সুদামেরিকানা। গত বছর জুলাইতে দুঙ্গাকে নিয়োগ দেওয়ার আগেও তাঁর নামটাও ছিল বিবেচনায়। তবে ব্রাজিলিয়ানরা যেমনটি ধারণা করছে, এবার বোধ হয় কোচ হয়েই যাচ্ছেন তিতে। এএফপি, রয়টার্স।
দুঙ্গানামা
খেলোয়াড়
১৯৯৪ বিশ্বকাপজয়ী অধিনায়ক, যাঁর নেতৃত্বে দীর্ঘ ২৪ বছর পর বিশ্বকাপ জেতে ব্রাজিল।
১৯৮৭ সালে ব্রাজিলের হয়ে অভিষেক, অবসর ১৯৯৮ সালে। জাতীয় দলের হয়ে ৯১ ম্যাচে ৬ গোল।
ব্রাজিলের কোচ
প্রথম দফা
২০০৬ জুলাই–২০১০ জুলাই
ম্যাচ ৬০
জয় ৪২, ড্র ১২, হার ৬
শিরোপা
২০০৭ কোপা আমেরিকা ২০০৯ কনফেডারেশনস কাপ
দ্বিতীয় দফা
২০১৪ জুলাই–২০১৬ জুন
ম্যাচ ২৬
জয় ১৮, ড্র ৫, হার ৩
শিরোপা
নেই