যেন কোনো আবেগময় গল্প

‘জন-পল কেমন ছিল?’
‘একদম আমার মতোই...’
গার্ডিয়ানের ক্রীড়া সাংবাদিকের প্রশ্নের উত্তর দিতে গিয়ে শৈশবের সেই যাতনাময় গল্পটায় ফিরে গেলেন স্টিভেন জেরার্ড। বলতে গিয়ে গলাটা কি কেঁপে উঠল না জেরার্ডের? নিজেকে সামলে নিয়ে বললেন, ‘কাউন্সিল এস্টেটের লিভারপুল সমর্থক ছিল সে। ফুটবলকে ভীষণ ভালোবাসত। রাস্তায় খেলত। একদম আমার মতোই। আমরা চেয়ে এক বছরের বছর ছিল।’
জন-পল—হিলসবরো ট্র্যাজেডির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে এ নাম। ২৬ বছর আগে, ১৯৮৯ সালের ১৫ এপ্রিল ঘটেছিল মর্মান্তিক দুর্ঘটনাটি। এফএ কাপের সেমিফাইনালে হিলসবরো স্টেডিয়ামে লিভারপুল-নটিংহাম ফরেস্টের ম্যাচে মাত্রাতিরিক্ত দর্শকের চাপে গ্যালারির বেড়া ধসে নিহত হয়েছিল ৯৬ জন, আহত ৭৬৬ দর্শক। ব্রিটিশ ফুটবলে স্টেডিয়াম-সংক্রান্ত দুর্ঘটনার মধ্যে এটিই সবচেয়ে মর্মান্তিক। ওই দুর্ঘটনায় নিহত সবচেয়ে কনিষ্ঠ দর্শক ছিল জন-পল। ১০ বছর বয়সী লিভারপুল সমর্থকের আরেকটি পরিচয়, জেরার্ডের চাচাতো ভাই। বিভিন্ন সময় জেরার্ড জানিয়েছেন, শৈশব থেকেই লিভারপুলকে সমর্থন ও তাঁর পেশাদার ফুটবলার হওয়ার পেছনে অনুপ্রেরণা হিসেবে কাজ করেছে মর্মান্তিক দুর্ঘটনা এবং দুর্ঘটনায় তাঁর ভাই নিহত হওয়ার ঘটনাই।
যে লিভারপুলের খেলা দেখতে এসে মারা গিয়েছিল তাঁর ভাই, সেই লিভারপুলের হয়েই পুরো ক্যারিয়ারটা কাটিয়ে দিয়ে কাল বিদায় নিলেন জেরার্ড।
প্রথম খবরটা জেনেছিলেন টেলিভিশনের মাধ্যমে। কিছুতেই বিশ্বাস করতে পারছিলেন না। পরদিন সকালে দাদার চেহারাটা এখনো মনে আছে জেরার্ডের। বাকশূন্য দাদার মুখাবয়ব দেখেই বুঝেছিলেন বিরাট দুঃসংবাদ হানা দিয়েছে জীবনে। ‘জন-পল মারা গেছে...’—এ সংবাদটি আশৈশব তাড়িয়ে বেরিয়েছে জেরার্ডকে। লিভারপুলের জার্সি গায়ে জড়ানোর স্বপ্ন জন-পলের মনেও যে উঁকি দেয়নি, হলফ করে কি বলা যায়? এখন নিশ্চয় আকাশের ওপার থেকে খুশি হয়েছে সে। লিভারপুলের প্রতি তার অকুণ্ঠ ভালোবাসা যে সার্থক করেছে জেরার্ড।
ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচ দিয়ে গত রাতে শেষবারের মতো অ্যানফিল্ডে লিভারপুলের হয়ে মাঠে নামলেন জেরার্ড। অলরেডদের জার্সিতে জেরার্ডের প্রায় ১৭ বছরের দীর্ঘযাত্রায় যতি পড়ল; শেষ হলো ক্লাবের সঙ্গে দৃঢ় বন্ধনের এক আবেগময় গল্প। একটা দীর্ঘশ্বাস সঙ্গী হলো। এতগুলো বছরে একবারও যে লিগ জয়ের স্বাদ পেলেন না! অবশ্য চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। শুধু তা-ই নয়, ক্রীড়া ইতিহাসে মহাকাব্যিক প্রত্যাবর্তনের অন্যতম নায়ক তিনি। ২০০৫ সালের সেই ফাইনালে ৩-০ গোলে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল লিভারপুলই। আর জেরার্ড ছিলেন সেই ম্যাচের সেরা খেলোয়াড়।
বেঁচে থাকলে নিশ্চয় অনেক খুশি হতো জন-পল। হয়তো জেরার্ডের বিদায় বেলায় উপস্থিত হতো গ্যালারিতে। অশ্রুসিক্ত চোখে বিদায় জানাত বর্তমান ফুটবলে হাতেগোনা ‘ওয়ানম্যান ক্লাব’ খেলোয়াড়দের একজন, ভাই জেরার্ডকে।
পেশাদার ফুটবলে ১৭ বছর। যুবদল ধরলে অল রেডদের সঙ্গে গাঁটছড়া আরও পুরনো। ১৯৮৯ সালে নয় বছর বয়সে লিভারপুল একাডেমিতে নাম লিখিয়েছিলেন। ঠিকই ধরেছেন, সেই ১৯৮৯, যে সালে মারা গেছে তাঁর ভাই!