যেন খেললেন 'দুজন' মেসি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইবারের বিপক্ষে গোল পেয়েছেন মেসি, সুয়ারেজ ও নেইমার। ছবি: এএফপি
এইবারের বিপক্ষে গোল পেয়েছেন মেসি, সুয়ারেজ ও নেইমার। ছবি: এএফপি

ম্যাচের ঠিক ৮ মিনিটের মাথায় লিগামেন্টে চোট পেয়ে মাঠ থেকে উঠে যেতে হলো সার্জিও বুসকেটসকে। কোচ লুইস এনরিকের কপালে পড়ল দুশ্চিন্তার ভাঁজ। কিন্তু বুসকেটসের বদলে যিনি মাঠে নামলেন সেই ডেনিস সুয়ারেজকে দিয়ে শুরু হলো এইবারের বিপক্ষে বার্সেলোনার গোল-উৎসব। তবে লুইস এনরিকের জন্য সবচেয়ে স্বস্তি হয়ে এসেছে ‘এমএসএন’ ত্রয়ীকে তাদের আসল রূপে ফিরে পাওয়াটা। স্কোরশিটে নাম লিখিয়েছেন লিওনেল মেসি, লুইস সুয়ারেজ ও নেইমার। সব মিলে এইবারের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফিরেছে কাতালান ক্লাবটি।

বুসকেটস মাঠের বাইরে চলে যাওয়ার পর মেসি আবির্ভূত হন দ্বৈত ভূমিকায়। এই ম্যাচে খেললেন যেন দুজন মেসি! কখনো তাঁকে দেখা গেছে মাঝমাঠে একজন দক্ষ প্লেমেকার হিসেবে। পরক্ষণেই আবার আক্রমণভাগে ফরোয়ার্ডের ভূমিকায় মেসি। এক মেসিতেই রক্ষা নেই। দুই মেসি খেললে কীভাবে সামলাবে এইবার! আর্জেন্টাইন তারকার দ্বৈত ভূমিকাতেই দারুণ জয় নিয়ে মাঠ ছাড়তে পারে বার্সেলোনা। নিজেদের মাঠে এইবার অবশ্য ম্যাচের শুরুতে কিছুটা আতঙ্ক ছড়িয়েছিল। আদ্রিয়ান গঞ্জালেজের একটি শট গোলকিপার মার্ক-আন্দ্রে টের স্টেগেন ফিরিয়ে না দিলে এইবার এগিয়েও যেতে পারত।

ম্যাচের ৩১ মিনিটে বুসকেটসের বদলে মাঠে নামা ডেনিস সুয়ারেজই এগিয়ে দেন বার্সেলোনাকে। বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে আসে বার্সেলোনার জার্সি গায়ে ডেনিস সুয়ারেজের প্রথম গোলটি। মেসির নেওয়া শট এইবারের রক্ষণভাগের এক খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে এলে ফিরতি বলে গোল করেন স্পেনের এই মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধে জ্বলে ওঠেন ‘এমএসএন’-ত্রয়ী। বিরতির পর পাঁচ মিনিটের মধ্যেই গোল করেন মেসি। গোলের উৎসে ছিলেন উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ। ৬৮ মিনিটে দলের তৃতীয় গোলটি করেন তিনিই। নেইমার স্কোরলাইন ৪-০ করেন শেষ মুহূর্তে। বার্সেলোনার এই জয়কে ‘ইতিবাচক ফল’ বলছেন কোচ এনরিকে। এই জয় সবকিছু ঠিকঠাক চলার ইঙ্গিতও দিচ্ছে বলে মনে করেন তিনি, ‘এমন ইতিবাচক ফলের মানে হচ্ছে দলের সবকিছুই ঠিকঠাক চলছে। তবে আমরা এখনো আমাদের লক্ষ্য থেকে অনেক দূরেই আছি।’

দিনের অন্য ম্যাচটি ছিল সাত গোলের ‘থ্রিলার’। লিগের পয়েন্ট তািলকার তলানিতে থাকা ওসাসুনার বিপক্ষে দ্বিতীয় স্থানে থাকা সেভিয়া জিতেছে ৪-৩ গোলে। ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট তাদের। শীর্ষে থাকা রিয়ালের চেয়ে তারা পিছিয়ে ১ পয়েন্টে। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে বার্সেলোনা।