
বার্সেলোনা জিতেছে দুবার। একবার করে এসি মিলান, ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান, বায়ার্ন মিউনিখও। অথচ ক্লাব বিশ্বকাপের এই ট্রফিটা কখনো ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়নি রিয়াল মাদ্রিদের।
আবার ব্যাপারটা খুব একটা বিস্ময়করও নয়। ক্লাব ফুটবলে বিশ্বসেরার এ লড়াইয়ে অংশ নিতে হলে আগে নিজের মহাদেশের চ্যাম্পিয়ন হতে হয়। রিয়াল ইউরোপের চ্যাম্পিয়নই তো হলো এক যুগ পরে। লা ডেসিমা জেতার আগে সর্বশেষ যখন তারা চ্যাম্পিয়নস লিগ জিতেছিল, তখন ক্লাব বিশ্বকাপও ছিল অনিয়মিত। এ টুর্নামেন্টে এর আগে রিয়াল একবারই অংশ নিয়েছে, ২০০০ সালে ভিসেন্তে দেল বস্কের দলটা ফিরেছিল চতুর্থ হয়ে। অধরা সেই ট্রফিটা সান্তিয়াগো বার্নাব্যুতে নিয়ে যাওয়ার সবচেয়ে বড় সুযোগ এবার।
ইউরোপের চ্যাম্পিয়ন বলে কার্লো আনচেলত্তির দল খেলছে সরাসরি সেমিফাইনাল থেকে। তার মানে মাত্র দুটি ম্যাচ জিতলেই আরাধ্য ট্রফিটা পেয়ে যাবে রিয়াল মাদ্রিদ। যে দুই ম্যাচের প্রথমটি হয়ে গেছে গত রাতেই, মেক্সিকান প্রতিপক্ষ ক্রুজ আজুলের বিপক্ষে। ওই ম্যাচের আগে কথা বলতে গিয়ে রিয়াল ডিফেন্ডার পেপে সর্বোচ্চ গুরুত্বই দিয়েছেন এ টুর্নামেন্টকে, ‘আমরা এ টুর্নামেন্টটা জয়ের জন্য নিজেদের উজাড় করে দেব। এটা চ্যাম্পিয়নস লিগের মতোই সমান গুরুত্বপূর্ণ, কারণ জয়ী দলটা পাবে বিশ্বসেরা ক্লাবের স্বীকৃতি।’ ঐতিহ্য, দলীয় শক্তি সবকিছু মিলিয়েই এবার শিরোপার সবচেয়ে বড় দাবিদার রিয়াল। তবে তাই বলে কোনো প্রতিপক্ষকেই হালকা করে দেখছেন না পেপে, ‘আমাদের ইতিহাসের কারণে এ টুর্নামেন্টে হয়তো আমরাই ফেবারিট। কিন্তু তার পরও সবগুলো ম্যাচ সমান গুরুত্ব দিয়ে খেলব।’
রিয়াল না জিতলেও এ ট্রফি জয়ের স্বাদ পেয়েছেন কোচ কার্লো আনচেলত্তি ও দলের সবচেয়ে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর। মিলান কোচ হিসেবে আনচেলত্তি ক্লাব বিশ্বকাপ জিতেছিলেন ২০০৭ সালে, এর পরের বছর শিরোপাজয়ী ম্যানচেস্টার ইউনাইটেড দলে খেলেছেন রোনালদোও। দুবার ক্লাব বিশ্বকাপজয়ী লিওনেল মেসিকে ছোঁয়ার জন্য হলেও হয়তো আরও একবার এ ট্রফি জিততে চাইবেন রোনালদো।
একটা দলীয় অর্জনের সামনে দাঁড়িয়ে আছে রিয়াল মাদ্রিদও। সব ধরনের প্রতিযোগিতায় টানা ২০ জয় নিয়ে এ টুর্নামেন্ট খেলতে এসেছে রিয়াল। ২০১১ সালের ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত টানা ২৪ ম্যাচ জিতে টানা জয়ের বিশ্বরেকর্ড করেছিল ব্রাজিলিয়ান ক্লাব কুরিতিবা। এ টুর্নামেন্ট জিততে পারলে সেই রেকর্ডের দিকে আরেকটু এগিয়ে যাবে রিয়াল মাদ্রিদ। এএফপি, মার্কা।