যেন ফাইনাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লিগে সর্বশেষ ম্যাচে কাঁধে চোট পাওয়া রবার্ট লেভানডফস্কি (ডানে) গতকাল অনুশীলনে এসেছেন ঠিকই, কিন্তু ছিলেন মাত্র ২০ মিনিটের মতো। আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিনি খেলতে না পারলে বায়ার্ন মিউনিখের আক্রমণ সামলানোর দায়িত্বটা পড়বে ফ্রাঙ্ক রিবেরির কাঁধে l রয়টার্স।
লিগে সর্বশেষ ম্যাচে কাঁধে চোট পাওয়া রবার্ট লেভানডফস্কি (ডানে) গতকাল অনুশীলনে এসেছেন ঠিকই, কিন্তু ছিলেন মাত্র ২০ মিনিটের মতো। আজ রিয়াল মাদ্রিদের বিপক্ষে তিনি খেলতে না পারলে বায়ার্ন মিউনিখের আক্রমণ সামলানোর দায়িত্বটা পড়বে ফ্রাঙ্ক রিবেরির কাঁধে l রয়টার্স।

বায়ার্ন মিউনিখের অধিনায়ক ফিলিপ লামের কথাটাই সবচেয়ে বেশি মানানসই এই ম্যাচের জন্য, ‘এটা শুধু নামেই কোয়ার্টার ফাইনাল। আসলে তো ফাইনালের মতোই।’ কথাটা লাম সম্ভবত শুধু দুই দলের নামের ভারের কারণে বলেননি। ইউরোপ-সেরা ক্লাবের লড়াইয়ে দুই দলের সাফল্যও তো তাঁর কথাটা আরও যৌক্তিক করে দিচ্ছে।
রিয়াল মাদ্রিদ এগারো বারের চ্যাম্পিয়ন, তিনবারের রানার্সআপ। অন্যদিকে বায়ার্ন মিউনিখ দশ বার ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়েছে পাঁচবার। দুই দল মিলিয়ে ২৪টি ফাইনালের অভিজ্ঞতা! শুধু রিয়ালের বিপক্ষে এসি মিলানের ম্যাচ হলেই এই অভিজ্ঞতা ছাড়িয়ে যাওয়া সম্ভব। আলিয়াঞ্জ অ্যারেনায় আজ চ্যাম্পিয়নস লিগের শেষ আটে বায়ার্ন-রিয়াল ম্যাচটা তো ‘ফাইনালের মতো’ই!
এমন একটা ম্যাচে রোমাঞ্চ থাকবে, জেতার প্রবল তাড়না থাকবে—এটাই স্বাভাবিক। তবে আজ সবচেয়ে বেশি বোধ হয় থাকবে দারুণ আবেগ। রিয়াল মাদ্রিদকে এক যুগ অপেক্ষার পর লা ডেসিমা জিতিয়েছিলেন যে কার্লো আনচেলত্তি, তিনি থাকবেন বায়ার্নের ডাগআউটে। তাঁর কাছ থেকেই কোচিংয়ের হাতেখড়ি হয়েছিল যাঁর, সেই জিনেদিন জিদান আজ আনচেলত্তির প্রতিপক্ষ। সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের মুখোমুখি হচ্ছেন বায়ার্ন মিডফিল্ডার জাবি আলোনসো। রিয়াল মিডফিল্ডার টনি ক্রুস খেলবেন তাঁর সাবেক ক্লাব বায়ার্নের বিপক্ষে। আবার বায়ার্নে আট বছর হয়ে গেলেও তার আগের দুই বছর যে রিয়ালে খেলেছেন, সেটি নিশ্চয়ই ভুলে যাননি আরিয়েন রোবেনও। সবকিছু মিলে আজ আলিয়াঞ্জ অ্যারেনায় একটু হলেও পুনর্মিলনীর আবহ থাকবে।
ইউরোপিয়ান কাপ ও চ্যাম্পিয়নস লিগ মিলিয়ে দুই দলের এর আগের ২২ বারের দেখায় বায়ার্ন জিতেছে ১১টি ম্যাচ, রিয়াল ৯টি। তবে এ পরিসংখ্যান দিয়ে ঠিক বোঝা যায় না, একসময় রিয়ালের ওপর কী দারুণ আধিপত্য করেছে জার্মান চ্যাম্পিয়নরা! ২০০০ থেকে ২০১৪ সালের মধ্যে দুই দলের ১৪ বারের দেখায় ৮টি ম্যাচই জিতেছে বায়ার্ন। ওই সময় রিয়াল সমর্থকেরা তো বায়ার্নকে ‘বেতে নইরে’ (জুজু) নামেও ডাকতে শুরু করেছিলেন। সেই জুজুর ভয় রিয়াল তাড়িয়েছে ২০১৩-১৪ সেমিফাইনালের দুই লেগ মিলিয়ে পেপ গার্দিওলার বায়ার্নকে ৫-০ গোলে হারিয়ে। এর মধ্যে মিউনিখে আনচেলত্তির রিয়ালের কাছে ৪-০ গোলের হারটা তো ইউরোপিয়ান কোনো টুর্নামেন্টে নিজের মাঠে বায়ার্নের সবচেয়ে বড় হারের রেকর্ড হয়েই আছে!
সেই সেমিফাইনালের পর চ্যাম্পিয়নস লিগে এই প্রথম মুখোমুখি হচ্ছে বায়ার্ন-রিয়াল। এবার কি তাহলে বায়ার্নের প্রতিশোধের পালা? রোবেন ঠিক ওইভাবে দেখছেন না ব্যাপারটাকে। তবে ভেতরে ভেতরে যে ক্ষোভটা রয়েই গেছে, সেটা তাঁর কথায় স্পষ্ট, ‘প্রথম মিনিট থেকেই আমরা মাদ্রিদকে বুঝিয়ে দিতে চাই, এবার মিউনিখ থেকে কিছু নিয়ে ফিরে যাওয়ার আশা করা ভুল। জয় ছাড়া আর কিছুই ভাবছি না আমরা।’
কিছু নিয়ে ফেরাটা যে কঠিন হবে, সেটা জানেন রিয়াল উইঙ্গার গ্যারেথ বেলও। কোচ আনচেলত্তিকে কাছ থেকে দেখেছেন বলেই তাঁর সামর্থ্য সম্পর্কেও ভালো ধারণা আছে ওয়েলস ফরোয়ার্ডের, ‘বায়ার্ন এমনিতেই ভয়ংকর দল। তবে আনচেলত্তি ওদের অন্য উচ্চতায় নিয়ে গেছে। এখন ওদের হারানো আরও কঠিন।’
কাজটা কঠিন বলেই দায়িত্বটা আরও বেড়ে যাচ্ছে ক্রিস্টিয়ানো রোনালদো-গ্যারেথ বেলদের। তবে দুজনের কেউই ঠিক সেরা ফর্মে নেই। রোনালদো তো চ্যাম্পিয়নস লিগে ছয় শ মিনিটেরও বেশি গোলহীন! এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগে রোনালদো-বেল মিলে গোল করেছেন দুটি-দুটি চারটি। অন্যদিকে বায়ার্ন ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কির একারই ৮ ম্যাচে ৭ গোল।
মিউনিখ থেকে কিছু নিয়ে ফেরা সত্যিই কঠিন হয়ে যেতে পারে জিদানের দলের জন্য! এএফপি, উয়েফাডটকম।