যেন মিউজিক্যাল চেয়ার!

তিন মৌসুম আগের প্রিমিয়ার লিগের শেষ দিনের কথা মনে আছে? শেষ দিনের রুদ্ধশ্বাস নাটক ম্যানচেস্টার সিটির হাতে তুলে দিয়েছিল শিরোপা। যেটি বেরিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের মুঠো ফসকে। এই মৌসুমে যেমন চলছে, তাতে সে রকম নাটকীয় আরেকটি শেষ দিন ফিরে না এলেই বিস্ময়ের হবে। লিগের মাঝপথে যে অবস্থা, লড়াইটা দ্বিমুখী না হয়ে ত্রিমুখী, এমনকি চতুর্মুখীও হয়ে যেতে পারে!
প্রিমিয়ার লিগে পয়েন্টের শীর্ষস্থান নিয়ে এখন আক্ষরিক অর্থেই জমজমাট মিউজিক্যাল চেয়ারের খেলা চলছে। আজ যে শীর্ষে, পরের সপ্তাহেই সে নেমে যাচ্ছে। এ মুহূর্তে যেমন আর্সেনাল ৪২ পয়েন্ট নিয়ে সবার ওপরে। কিন্তু পরের ম্যাচে হেরে গেলে লেস্টার ও ম্যান সিটি তাদের টপকে যেতে পারে। লেস্টার পরশু বোর্নমাউথের সঙ্গে ড্র করে আর্সেনালের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে পড়েছে। আর ওয়াটফোর্ডের সঙ্গে ঘাম ঝরানো জয়ে (২-১) সিটি আছে তিনে, আর্সেনালের চেয়ে পিছিয়েও তারা ৩ পয়েন্টে। পিছিয়ে পড়েও শেষ ১০ মিনিটে ২ গোল দিয়ে জিতেছে সিটি। দারুণভাবে ঘুরে দাঁড়ানো এই জয়ে ম্যানুয়েল পেলেগ্রিনি বাকিদের একটা বার্তাই দিলেন, ‘এই দলটার ঘুরে দাঁড়ানোর মানসিকতা আছে। তারা কখনোই হাল ছেড়ে দেবে না।’
সিটি তো বটেই, এখন যে অবস্থা, তাতে বিনা যুদ্ধে কেউই সূচ্যগ্র মেদিনী দেবে না। আর্সেনালের কথাই ধরুন, সেপ্টেম্বরের শেষে তারা ছিল পয়েন্ট তালিকার ছয়ে। সেই আর্সেনালই বড়দিন শেষ করেছে সবার ওপরে থেকে। বড়দিনের আগে তারা এই মৌসুমে কোনো সপ্তাহেই শীর্ষে ছিল না!
অথচ মৌসুমের প্রথম পাঁচ ম্যাচ শেষে শিরোপা লড়াইয়ে যাদের সবচেয়ে অগ্রগামী দেখছিল, সেই সিটিই এখন পিছিয়ে পড়েছে। নিজেদের প্রথম পাঁচটি ম্যাচই জেতা পেলেগ্রিনির দল তখন ছুটছিল অপ্রতিরোধ্য গতিতে। কিন্তু ষষ্ঠ ম্যাচে এসে সেই যে প্রথম হারল, এরপর থেকে নিয়মিত বিরতিতে হারের সঙ্গে দেখা হচ্ছে সিটির। তারপরও এই মৌসুমে সবচেয়ে বেশি সপ্তাহে (১২) তারাই ছিল শীর্ষে।
সিটি-আর্সেনালের শিরোপাদৌড়ের ‘ইঁদুর-বিড়াল’ খেলায় বিস্ময়ের কিছু নেই। তবে লেস্টার সিটিরও এই দৌড়ে যোগ দেওয়াটাকে শুধু বিস্ময়ের বললে কম বলা হয়। সিটির পাশাপাশি শুরু থেকেই সন্তর্পণে এগিয়েছে এই মৌসুমের চমক লেস্টার। নভেম্বরে প্রথমবারের মতো তারা শীর্ষে ওঠে। গত মৌসুমে বড়দিনের আগে যারা ছিল অবনমনের শঙ্কায়, এবার সেই দিনের আগে তারাই সবার ওপরে। এ মুহূর্তে খানিকটা পিছিয়ে পড়লেও ক্লদিও রানিয়েরির দল ভালোমতোই আছে দৌড়ে।
দৌড়ে আছে টটেনহামও। কাল এভারটনকে হারালে আর্সেনালের চেয়ে মাত্র ৪ পয়েন্ট পিছিয়ে থাকবে নগরপ্রতিদ্বন্দ্বীরা। ম্যানচেস্টার ইউনাইটেডের হতশ্রী দশা নিয়ে এত কথা হচ্ছে, কিন্তু তাদেরই বা কীভাবে বাদ দেন? ৩৩ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে ইউনাইটেড। অনেকেই হয়তো ভুলে গেছেন, এই খাবি খেতে থাকা ইউনাইটেডই সপ্তম সপ্তাহ শেষে শীর্ষে ছিল।
শেষ পর্যন্ত শেষ হাসিটা কে হাসবে, সেই ভবিষ্যদ্বাণী করার ঝুঁকি দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে সাড়া ফেলে দেওয়া ‘পল দ্য অক্টোপাস’ও নিত কি না সন্দেহ!