যেন লবণ ছাড়া তরকারি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাতালোনিয়ার গণভোট ও এ নিয়ে দাঙ্গা-হাঙ্গামার মুখে লাস পালমাসের বিপক্ষে বার্সেলোনার লা লিগা ম্যাচ খেলা হয়েছে দর্শকশূন্য স্টেডিয়ামে। উত্তেজনাকর ও আকর্ষণীয় ফুটবল ম্যাচের আগ্রহে রীতিমতো জল ঢেলে দেওয়া। দর্শকরা ফুটবলের কতটা প্রাণ, পরশু ম্যাচে আবারও বোঝা গেল। দর্শকশূন্য গ্যালারিতে পৃথিবীর সেরা দল বা সেরা খেলোয়াড়ের নৈপুণ্যও সাদামাটা লাগে। এ যেন লবণ ছাড়া তরকারি।

বার্সেলোনার জন্য নতুন হলেও বিশ্ব ফুটবলে এমন ঘটনা এর আগেও ঘটেছে। জেনে নিন এমন পাঁচটি ম্যাচের খবর:

দর্শকশূন্য আপটন পার্কে জিতেছিল ওয়েস্ট হ্যাম। ছবি এএফপি।
দর্শকশূন্য আপটন পার্কে জিতেছিল ওয়েস্ট হ্যাম। ছবি এএফপি।

ওয়েস্ট হ্যাম বনাম কাস্তিয়া-১৯৮০
ইউরোপিয়ান কাপ উইনার্স কাপের প্রথম রাউন্ডের প্রথম লেগটা ৩-১ গোলে হেরেছিল ওয়েস্ট হ্যাম। কিন্তু মাদ্রিদের সেই ম্যাচে সফরকারী কিছু সমর্থকের গোল বাঁধানোয় ঘরের মাঠে দর্শকহীন স্টেডিয়ামে খেলার শাস্তি পেতে হয়। প্রায়ই দলের ১২তম সদস্য বলে গণ্য হওয়া আপটন পার্কের সমর্থকেরা না থাকলেও ফরোয়ার্ড ডেভিড ক্রসের হ্যাটট্রিকে মোট ৫-৩ ব্যবধানে ম্যাচ জেতে হ্যামাররা।

চ্যাম্পিয়নস লিগে শূন্য মাঠে ইন্টারের খেলোয়াড়েরা। ছবি ব্লগস্পট।
চ্যাম্পিয়নস লিগে শূন্য মাঠে ইন্টারের খেলোয়াড়েরা। ছবি ব্লগস্পট।

ইন্টার মিলান-চ্যাম্পিয়নস লিগ, ২০০৫
আগের বছর কোয়ার্টার ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী এসি মিলানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বসেছিল ইন্টার মিলান। দুই দলেরই ঘরের মাঠ সান সিরোতে সেবার ইন্টার সমর্থকেরা দাঙ্গা বাধিয়ে দেওয়ায় ২০০৫ –এর গ্রুপ রাউন্ডের সব ম্যাচ দর্শকহীন স্টেডিয়ামে খেলার শাস্তি দেওয়া হয় তাদের। তাতে অবশ্য ইন্টারকে আটকে রাখা যায়নি। রেঞ্জারস, পোর্তো, আর্টেমিডিয়া ব্রাটিস্লাভার বিপক্ষে সব ম্যাচেই জয় পেয়েছিল নেরাজ্জুরিরা।

জুভেন্টাস বনাম লেচ্চে ম্যাচের দৃশ্য। ছবি এএফপি।
জুভেন্টাস বনাম লেচ্চে ম্যাচের দৃশ্য। ছবি এএফপি।

জুভেন্টাস বনাম লেচ্চে-সিরি আ, ২০০৯
প্রায় এক মাস আগে জুভেন্টাস সমর্থকদের বর্ণবাদী মন্তব্যের শিকার হন ইন্টার মিলানের কিশোর তারকা মারিও বালোতেল্লি। এ কারণে লেচ্চের বিপক্ষে ম্যাচটায় কোনো দর্শককে মাঠে ঢুকতে দেওয়া হয়নি। ১ গোলের সহজ জয়ই পেতে পারতো ওল্ড লেডিরা। কিন্তু শেষ সময়ে জিজি বুফনের ভুলে ১০-জনের লেচ্চে ১ পয়েন্ট নিয়ে ঘরে ফেরে।

জেনিত ও মস্কোর ম্যাচের গোলযোগ। ছবি ওয়াইটি ইমেজ।
জেনিত ও মস্কোর ম্যাচের গোলযোগ। ছবি ওয়াইটি ইমেজ।

জেনিত বনাম আনঝি মাখাচকালা-লিগ ম্যাচ, ২০১২
আগের ম্যাচে জেনিত সমর্থকদের ছুড়ে দেওয়া আতশবাজির আঘাতে আহত হন ডায়নামো মস্কোর গোলরক্ষক। নব্য ধনী আনঝির বিপক্ষে ম্যাচে দর্শকশূন্য স্টেডিয়ামের পাশাপাশি আগের ম্যাচ খোয়াতে হয় তাদের, ৩-০ গোলের পরাজয় লেখা হয় তাদের নামে। সেই ম্যাচটা ৩-০তে হারলেও ভালোই প্রতিদ্বন্দ্বিতা করেছিল জেনিত। আনঝি কোচ গাস হিডিঙ্ক বলেছিলেন, 'এমন ঠান্ডায় দর্শকহীন মাঠে খেলা খুবই কঠিন কাজ।'

ফেনেরবাচে বনাম বাতের ম্যাচ। ছবি এএফপি।
ফেনেরবাচে বনাম বাতের ম্যাচ। ছবি এএফপি।

ফেনেরবাচে বনাম বাতে বরিসভ-ইউরোপা লিগ ২০১৩
বরুসিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে ম্যাচে মাঠে আতশবাজি ছোড়ার অপরাধে শাস্তি হিসেবে দর্শকহীন স্টেডিয়ামে খেলতে বাধ্য করা হয় তুর্কি ক্লাব ফেনেরবাচেকে। প্রায় ৮৭ মিনিট ১০ জন নিয়ে খেলেও গোলশূন্য ড্র করেছিল ফেনেরবাচে, দুই লেগ মিলিয়ে জয় নিশ্চিত করেছিল। সমর্থকেরাও কম যায় না, মাঠে না থেকেও ঠিকই আতশবাজি ছুড়ে ফেলেছিল মাঠে! (সূত্র: ডেইলিমেইল, ইন্ডিপেন্ডেন্ট ইউকে)