যেভাবে উঠে আসছে ওরা
বাংলাদেশের কাছে হার কিছুতেই মানতে পারছেন না ভারতের কোচ বিতান সিং। সারাক্ষণ গোমড়া মুখে চলাফেরা করছেন। টিম হোটেলে গণমাধ্যমকর্মীদের দেখলেই তাঁর মুখে কুলুপ।
সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবলের বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ২০১৭ সালে দলটি আয়োজন করবে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবল। বয়সভিত্তিক এই টুর্নামেন্ট থেকেই বেশির ভাগ ফুটবলার ঘরের মাঠে বিশ্বকাপের মতো মঞ্চে খেলার অপেক্ষায়। কোচ জানালেন, তরুণদের অনেকে উঠে এসেছে বিভিন্ন ফুটবল একাডেমি থেকে। এই দলটা নিয়েই চলমান টুর্নামেন্টে চ্যাম্পিয়নের স্বপ্ন দেখছেন মণিপুরি কোচ, ‘গত জুলাইয়ে এদের নিয়ে অনুশীলন শুরু করি। প্রতি সপ্তাহেই প্রস্তুতি ম্যাচ খেলেছি। এই ফুটবলারদের চ্যাম্পিয়ন হওয়ার সামর্থ্য আছে।’
নেপাল দলের সবাই জাতীয় ফুটবল একাডেমির। কোচ উপেন্দর মান সিং জানালেন, ‘জাতীয় একাডেমিতে ঢোকার জন্য ট্রায়াল দিতে মুখিয়ে থাকে ফুটবলাররা। এই একাডেমির বাইরেও অন্তত তিন-চারটি বেসরকারি ফুটবল একাডেমি আছে। ওই ফুটবলাররাই জাতীয় একাডেমিতে ঢোকার চেষ্টা করে সারা বছর।’ নেপালের ফুটবল এগিয়ে যাওয়ার পেছনেও একাডেমির অবদান মানছেন উপেন্দর, ‘নেপালের একটা প্রজন্ম উঠে আসছে একাডেমি থেকে। অনেকে ইউরোপের বিভিন্ন ক্লাবে ট্রায়াল দেওয়ার সুযোগ পাচ্ছে। আমরা আশাবাদী এরাই ভবিষ্যতের নেপালকে নেতৃত্ব দেবে।’
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানেও আছে ফুটবল একাডেমি। সেখানেই বেড়ে উঠছে এই কিশোরেরা। কোচ হামিদুল্লাহ মাসৌদি আশাবাদী তাঁর শিষ্যদের নিয়ে, ‘জাতীয় দলের ফুটবলাররা অনেকেই দেশের বাইরে খেলছে। কিন্তু নতুন প্রজন্মের ফুটবলাররা দেশের একাডেমিতেই বেড়ে উঠছে। এই দলেরও ৬ ফুটবলার একাডেমির।’
বাংলাদেশ ফুটবল ফেডারেশন অনেক দিন পর হলেও সিলেটে একাডেমি চালু করেছে সম্প্রতি। জাতীয় দলের সাবেক স্ট্রাইকার শাহাজুদ্দিন টিপু বাফুফে একাডেমির শুরু থেকেই তত্ত্বাবধায়ক হিসেবে কর্মরত। খুব কাছ থেকে দেখছেন নতুন প্রজন্মের এই ফুটবলারদের। টিপু খুব আশাবাদী একাডেমি নিয়ে, ‘এই দলের অনেকেই সম্ভাবনাময় ফুটবলার। আগে অনেক সময় বয়সভিত্তিক দলের পরিচর্যা হতো না। কিন্তু বাফুফের একাডেমি হওয়ার ফলে সারা বছর অনুশীলনের মধ্যে থাকবে ছেলেরা। বয়সভিত্তিক দলগুলো নিয়ে এই একাডেমি ভবিষ্যতের ফুটবলার তৈরিতে ফল দেবে।’