যেভাবে এল এফবিআই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফিফা
ফিফা

২৭ মে ২০১৫। ভোরের আলো ঠিকমতো না ফুটতেই জুরিখের এক বিলাসবহুল হোটেলে হানা দিল সুইজারল্যান্ডের সাদাপোশাকের পুলিশ। সেখান থেকেই তারা গ্রেপ্তার করল ফিফার পদস্থ ৭ কর্মকর্তাকে। যুক্তরাষ্ট্রের অপরাধ তদন্ত সংস্থা এফবিআইয়ের অনুরোধে চালানো এই অভিযানেই তোলপাড় ফুটবল-বিশ্বে।
সম্পূরক প্রশ্নও চলে আসতে পারে, এফবিআই কীভাবে এল? ফিফার অভ্যন্তরীণ ব্যাপার নিয়েই বা তারা মাথা ঘামাচ্ছে কেন? যুক্তরাষ্ট্রই বা এখানে এল কীভাবে?
ব্যাপারটা অনেকটা কেঁচো খুঁড়তে সাপ বেরোনোর মতোই। ফিফা কর্তাদের বিরুদ্ধে যেসব আর্থিক অনিয়মের অভিযোগ, তার অনেকগুলোর উৎস উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনক্যাকাফ। কনক্যাকাফের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের মায়ামিতে। তার ওপর অবৈধ অর্থ পাচারের সঙ্গে জড়িত প্রতিষ্ঠানগুলোর বেশ কয়েকটি যুক্তরাষ্ট্রভিত্তিক। তবে ফুটবলের ব্যাপার-স্যাপার নিয়ে এফবিআইয়ের শুরুতে আগ্রহ ছিল না। শুরুটা আসলে হয়েছিল কর ফাঁকিসংক্রান্ত মামলা থেকে। কর ফাঁকির মামলায় ফেঁসে যান কনক্যাকাফ অঞ্চলের সাবেক মহাসচিব চাক ব্লেজার। ভদ্রলোক ফিফার নির্বাহী কমিটিরও সদস্য ছিলেন।
মামলায় ফেঁসে গিয়ে ব্লেজার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এরপরই বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। ট্রাফিক নামের একটা ক্রীড়া বিপণন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হোসে হাউইয়ার নামও চলে আসে। এই দুজনই জানিয়েছেন, কীভাবে ২০১০ বিশ্বকাপ থেকে শুরু করে ২০১১ ফিফা সভাপতি নির্বাচন, এমনকি ২০১৬ কোপা আমেরিকা আয়োজন বাবদ অর্থের লেনদেন হয়েছে। পরের বছরের কোপা আমেরিকা আবার যুক্তরাষ্ট্রে, এফবিআই তাই এটি নিয়ে অধিকতর তদন্ত শুরু করে। শোনা যাচ্ছে, দুর্নীতির অঙ্কটা ১১ কোটি ডলারেরও বেশি। এখন যুক্তরাষ্ট্রের বিচারিক অধিদপ্তর (ডিওজি) এটি নিয়ে আরও তদন্ত করছে। ইএসপিএন।