যেভাবে এল ফিফা-ব্যালন ডি'অর
ট্রফিটি দেখতে সাদামাটাই। কিন্তু এই ট্রফিটি হাতে নিয়েই জানান দেওয়া হয় ফুটবলারদের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের। এই ট্রফিকে ঘিরেই আনন্দ-উচ্ছ্বাস কিংবা রোমান্টিকতার বাড়াবাড়ি। ট্রফিটির নাম ব্যালন ডি’অর। ফুটবলারদের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের মুকুট।
যে ট্রফি নিয়ে এত উত্তেজনা, এত আগ্রহ, তাঁর আদ্যোপান্ত ইতিহাসটা কি আমরা জানি?
১৯৫৬ সালে ফ্রান্স ফুটবল সাময়িকীর সম্পাদক গ্যাব্রিয়েল হান্তেরই মস্তিষ্কপ্রসূত ছিল ব্যালন ডি’অর। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন ক্রীড়া সাংবাদিকদের ভোটে নির্বাচিত হবেন ইউরোপের সেরা ফুটবলার। খুব ঘরোয়াভাবে ভোটাভুটি করে প্রথমবার সেই পুরস্কারটি তুলে দেওয়া হয়েছিল স্ট্যানলি ম্যাথুসের হাতে।
অবশ্য প্রথম দিকে এই পুরস্কারটি পেতে একজন খেলোয়াড়কে দুটি শর্ত অবশ্যই পূরণ করতে হতো। তাঁকে ইউরোপীয় হতে হবে, একই সঙ্গে খেলতে হবে ইউরোপের কোনো লিগে। এই নিয়মের কারণেই ফুটবলের ব্যক্তিগত শ্রেষ্ঠত্বের এ পুরস্কারটি কখনোই হাতে নিতে পারেননি ফুটবলের দুই কিংবদন্তি পেলে আর ম্যারাডোনা। পেলে তো ইউরোপে খেলতেই আসেননি। ম্যারাডোনা ইউরোপ মাতিয়ে গেলেও দক্ষিণ আমেরিকান হওয়ায় এই পুরস্কারের জন্য বিবেচিত হননি।
ফ্রান্স ফুটবল-এর উদ্যোগের বহু বছর পর ফিফা উদ্যোগ নেয় বছরের সেরা ফুটবলারকে সম্মানিত করার। ১৯৯১ সালে ফিফার উদ্যোগে চালু হয় ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার। প্রথমবার ফিফার বর্ষসেরা ফুটবলার হন ৯০ বিশ্বকাপজয়ী জার্মান ফুটবল দলের অধিনায়ক লোথার ম্যাথাউস।
ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার চালুর চার বছর পর ১৯৯৫ সালে ফ্রান্স ফুটবল তাদের পুরস্কার-পদ্ধতিতে একটু পরিবর্তন আনে। তারা সিদ্ধান্ত নেয়, পুরস্কারটি অ-ইউরোপীয় খেলোয়াড়দের জন্যও উন্মুক্ত করে দেওয়ার। তবে শর্ত রাখা হয়, তাদের খেলতে হবে ইউরোপের লিগে। এই শর্তে প্রথম অ-ইউরোপীয় ফুটবলার হিসেবে ব্যালন ডি’অর জেতেন লাইবেরিয়ার জর্জ উইয়াহ।
এর পর ২০০৭ সালে ফ্রান্স ফুটবল এক যুগান্তকারী সিদ্ধান্ত নেয়। ব্যালন ডি’অর উন্মুক্ত করে দেওয়া হয় সবার জন্যই। ইউরোপ-ইউরোপের বাইরে যেকোনো ফুটবলারই মনোনীত হবেন এই পুরস্কারের জন্য—ফ্রান্স ফুটবল-এর এমন ঘোষণায় বড় ধরনের সমস্যায় পড়ে যায় ফিফা। তার পর থেকে দেখা গেল, ব্যালন ডি’অর যে খেলোয়াড়টি জিতছেন, তাঁর হাতেই উঠছে ফিফা বর্ষসেরার পুরস্কার। পরপর পাঁচবার এ ঘটনা ঘটার পর দেখা গেল, একটি পুরস্কার ঘোষণার পর অন্যটি নিয়ে কৌতূহল অনেকটাই কমে যাচ্ছে।
এ নিয়ে অনেক আলোচনার পর অবশেষে ২০১০ সালে একীভূত হয় দুটো পুরস্কার। ফ্রান্স ফুটবল-এর ব্যালন ডি’অর আর ফিফার বর্ষসেরা পুরস্কার এক হয়ে নাম ধারণ করে “ফিফা-ব্যালন ডি’অর”।