যেভাবে কৃষ্ণারা ঠেকাবে জাপান-কোরিয়াকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
থাইল্যান্ডে কঠিন পরীক্ষাই দিতে হবে মেয়েদের। ছবি: প্রথম আলো ফাইল ছবি
থাইল্যান্ডে কঠিন পরীক্ষাই দিতে হবে মেয়েদের। ছবি: প্রথম আলো ফাইল ছবি

থাইল্যান্ডে এএফসি অনূর্ধ্ব-১৬ ফুটবলের চূড়ান্ত পর্বে বাংলাদেশের মেয়েদের প্রতিপক্ষগুলো ভয় ধরিয়ে দেওয়ার মতোই। উত্তর কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া—প্রথম দুটি দেশ এই প্রতিযোগিতার বর্তমান চ্যাম্পিয়ন ও রানার্সআপ। অস্ট্রেলিয়া তো এশিয়ান ফুটবলের অন্যতম পরাশক্তিই। এই দলগুলোর বিপক্ষে কৃষ্ণা-সানজিদা-স্বপ্নারা কেমন খেলবে। শক্তিধর এই দলগুলোর বিপক্ষে বাংলাদেশের রণকৌশলই-বা কেমন হবে—এ নিয়ে এখন চলছে জোর আলোচনা।

বাছাইপর্বে বাংলাদেশের মেয়েরা ছিল দুর্দান্ত। ইরান, আরব আমিরাত, সিঙ্গাপুর আর কিরগিজস্তানের বিপক্ষে জিতেই চূড়ান্ত পর্বের টিকিট কেটেছে তারা। কিরগিজস্তানকে হারিয়েছিল ১০-০ গোলে। বাছাইপর্বে ২ গোল হজমের বিপরীতে ২৬ গোল করা, যেকোনো বিচারেই অন্য মাত্রার ফল। কিন্তু চূড়ান্ত পর্বের বাস্তবতা ভিন্ন। এখানে খেলতে হবে বাছাইপর্বের চেয়েও শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে। উত্তর কোরিয়া, জাপান ও অস্ট্রেলিয়ার শক্তিমত্তার নিয়ে কারোরই সন্দেহ থাকার কথা নয়। এই প্রতিযোগিতাকে তো রীতিমতো ‘পাড়ার টুর্নামেন্ট’ বানিয়ে ফেলেছে উত্তর কোরিয়া ও জাপান। উত্তর কোরিয়ার কথাই ধরা যাক। এখন পর্যন্ত আয়োজিত ছয়টি আসরে কেবল একবারই বাছাইপর্বের বাধা পেরোতে পারেনি তারা। কিন্তু বাকি পাঁচ আসরেই ফাইনালে খেলেছে। দুবার চ্যাম্পিয়নও হয়েছে। উত্তর কোরিয়ার বিপক্ষেই এএফসি অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতার মিশন শুরু করবে বাংলাদেশ। পরের ম্যাচের প্রতিপক্ষ জাপানের রেকর্ড তো আরও সমৃদ্ধ। অনূর্ধ্ব-১৬ প্রতিযোগিতায় তারা চ্যাম্পিয়ন হয়েছে তিনবার। অস্ট্রেলিয়ার রেকর্ড জাপান-উত্তর কোরিয়ার মতো না হলেও তারাও বাংলাদেশের চেয়ে অনেক অনেক শক্তিশালী। এখন প্রশ্ন হচ্ছে, এমন প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নেমে ভেঙে পড়বে না তো বাংলাদেশ? স্নায়ুর চাপে পড়ে নিজেদের খেলাটা ভুলে গেলে কিন্তু কোরিয়া-জাপান কিংবা অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো ‘খুন’ হতে হবে কৃষ্ণাদের।

বাংলাদেশের রক্ষণভাগের অন্যতম সেনানী নার্গিস খাতুনের অবশ্য এসব নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। বরং তিনি দেশের মানুষকে অভয়ই দিয়েছেন, ‘অনুশীলনে আমাদের রক্ষণভাগ নিয়ে অনেক কাজ হয়েছে। ভুলত্রুটি শুধরে আমরা এখন পুরোপুরি প্রস্তুত। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক না কেন, আমাদের ভেঙেচুরে ফেলতে পারবে না।’

ঘরের মাঠে বাছাইপর্বে বাংলাদেশের ফরমেশন ছিল ৪-৩-৩। কিন্তু চূড়ান্ত পর্বে কঠিন প্রতিপক্ষের কথা বিবেচনা করেই গোলাম রব্বানী ছোটনের নতুন ফরমেশন ৫-২-৩। অর্থাৎ তিনজন সেন্টারব্যাক খেলিয়ে মিডল করিডরে পায়ের জঙ্গল বানিয়ে গোলের দরজা বন্ধ করে রাখার চেষ্টা। প্রয়োজনে দুই সাইডব্যাকও থাকবে ভেতরের দিকে।

আশার কথা হলো বাংলাদেশের তিনজন সেন্টারব্যাকই শারীরিকভাবে বেশ শক্তিশালী। নার্গিস খাতুন, মাসুরা পারভীন ও শিউলি আজিমের গড় উচ্চতা ৫ ফুট সাড়ে ৩ ইঞ্চি। লেফটউইং ব্যাক শামসুন্নহারের উচ্চতাও তাই। রাইট উইংব্যাক সানজিদার উচ্চতা একটু কম হলেও সে দলের সবচেয়ে কুশলী খেলোয়াড়। সুতরাং, এরিয়াল হোক কিংবা নিচে—প্রতিপক্ষের সঙ্গে লড়াইটা হবে হাড্ডাহাড্ডিই।

দুর্বল প্রতিপক্ষ পেলে শক্ত দলগুলো আক্রমণের সময় তুলনামূলক ‘বিহাইন্ড দ্য ডিফেন্স’ পজিশনে বেশি বল প্লে করে থাকে; তা অজানা নয় বাংলাদেশ কোচ ছোটনের কাছেও। এই বিষয় নিয়ে আলাদা কোনো পরিকল্পনা আছে কি না, সে উত্তরে ছোটনের সাফ জবাব, ‘ওরা অনেক বেশি গতিশীল। ফলে বিহাইন্ড দ্য ডিফেন্সে বেশি বল প্লে করবে, এটা আমি ধরেই নিয়েছি। সেভাবেই আমাদের অনুশীলন হয়েছে।’ ছোটন বাংলাদেশের রক্ষণভাগ নিয়ে শুনিয়েছেন নিজের আশার কথাই।

তিন সেন্টারব্যাকের সামনে দুই হোল্ডিং মিডফিল্ডার হিসেবে খেলবে মারিয়া মান্ডা ও আঁখি খাতুন। আঁখি খাতুনের উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি। দলের মধ্যে সবচেয়ে লম্বা ও শক্তিশালী। মারিয়া মান্ডা খর্বাকৃতির হলেও প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিতে পটু। সর্বশেষ কোরিয়া সফরে এই কম্বিনেশনই নাকি দুর্দান্ত খেলেছে। কোরিয়ায় চার ম্যাচের দুটিতে জয় এবং একটিতে হার ও ড্র করেছিল মেয়েরা।

আশা জাগাতে পারে বাছাইপর্বের পারফরমেন্সেও। পাঁচ ম্যাচে সব মিলিয়ে ২৬ গোল দেওয়ার বিপরীতে মাত্র ২ গোল হজম করেছিল বাংলাদেশ। এশিয়ান ফুটবলের পাওয়ার হাউস ইরান তো বাংলাদেশের গোলমুখই খুলতে পারেনি। রক্ষণভাগের এই জমাটি ব্যাপারটা থাইল্যান্ডে দেখাতে পারলেই সুখবর আশা করা যেতেই পারে।

একটি সুখবরেরই যে বড় অভাব বাংলাদেশের ফুটবলে!