যেভাবে কৌশলের খেলায় বার্সেলোনাকে পরাস্ত করল বায়ার্ন মিউনিখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এমন হারের মুখোমুখি আগে কখনো হয়নি বার্সা। ছবি : এএফপি
এমন হারের মুখোমুখি আগে কখনো হয়নি বার্সা। ছবি : এএফপি

অবিশ্বাস্য। অসামান্য। দুর্দমনীয়।

ঠিক কোন বিশেষণ দিয়ে বায়ার্ন মিউনিখের পারফরম্যান্স সঠিকভাবে ব্যাখ্যা করা যায়? অনেক সময় কোনো বিশেষণই যথেষ্ট হয় না। এমনই এক ম্যাচ দেখেছে বিশ্ব গত রাতে। কে ভেবেছিল বার্সেলোনা তাদের চ্যাম্পিয়নস লিগ ইতিহাসের সবচেয়ে জঘন্যতম পরাজয়ের শিকার হবে মেসি, সুয়ারেজ, পিকে বা বুসকেটসদের আমলে? হ্যাঁ, ফর্ম আর শক্তিমত্তার বিবেচনায় বায়ার্নকে অনেকেই এগিয়ে রেখেছিলেন এই ম্যাচে। কিন্তু তাই বলে ৮-২ ব্যবধানে জয়? খোদ বায়ার্ন কোচ হান্সি ফ্লিকও হয়তো ভাবেননি!

ম্যাচে দুই দলের কৌশল নিয়ে আলোচনা করার আগে ছোট্ট একটা পরিস্থিতি বিবেচনা করা যাক। ধরুন, দুই দলের মধ্যে খেলা হচ্ছে। এক দলের খেলোয়াড়দের বয়স তুলনামূলকভাবে বেশি, আরেক দলের অপেক্ষাকৃত কম। বেশি বয়সী দলটার আক্রমণভাগ আর মিডফিল্ডে গতি বলতে তেমন নেই, ওদিকে কম বয়সী দলটার বেশ কয়েকজন খেলোয়াড় দুর্দান্ত গতিশীল। সে ক্ষেত্রে 'বুড়ো' দলটাকে হারানোর জন্য অপেক্ষাকৃত তরুণ দলটা কেমন কৌশলের আশ্রয় নেবে?

প্রশ্নের উত্তরে অধিকাংশ মানুষই বলবেন-গতি ও প্রাণশক্তির কথা। ঠিক এই গতি আর প্রাণশক্তির বৈপরীত্যই গড়ে দিয়েছে গত রাতে ম্যাচের ভাগ্য। বার্সেলোনা যেখানে ছিল গতিহীন নিশ্চল, বায়ার্ন মিউনিখ ক্ষণে ক্ষণে জানিয়েছে তাঁদের প্রাণশক্তির কথা। সে প্রাণশক্তি এতটাই ছোঁয়াচে, যে দলের তরুণ তারকাদের দেখাদেখি দেখে 'বুড়ো' মুলার, লেফানডফস্কিরাও ঝলসে উঠেছিলেন সময়মতো। ওদিকে বার্সেলোনায় তরুণ-তুর্কি ফ্রেঙ্কি ডি ইয়ং বা নেলসন সেমেদোরা সতীর্থদের অনুপ্রাণিত করবেন কি, উল্টো তাঁরাই গোটা ম্যাচ ঘুরে বেড়ালেন দিকহীন নাবিকের মতো। বার্সা নামের ডুবন্ত জাহাজ উদ্ধারে যা একদমই যথেষ্ট ছিল না।

দেখে নেওয়া যাক দুই দলের মূল একাদশ। বার্সেলোনা এ দিন মাঠে নেমেছিল যথারীতি ৪-৪-২ ছকে। এ মৌসুমে কিকে সেতিয়েন বড় দলগুলোর বিপক্ষে এই ছকেই খেলিয়েছেন দলকে, গত রাতেও তার ব্যতিক্রম ছিল না। রিয়াল মাদ্রিদ বা অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে এই ছকে খেলে বিশেষ লাভ হয়নি কাতালানদের, অ্যাটলেটিকোর সঙ্গে ড্র করেছিল ২-২ গোলে, ওদিকে রিয়ালের কাছে হেরেছিল ২-০ গোলে। তাও এই ছকের মায়া থেকে বেরোতে পারেননি সেতিয়েন। সামনে মেসি সুয়ারেজ দ্বৈত স্ট্রাইকারের ভূমিকায়, তাঁদের মাঝে একটু পিছে সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডারের ভূমিকায় খেলেছেন চিলির আর্তুরো ভিদাল।

আক্রমণভাগে চিরচেনা লাতিন সুবাস আরকি। মিডফিল্ডে মাঝে সার্জিও বুসকেটসকে রেখে দুপাশে ছিলেন ফ্রেঙ্কি ডি ইয়ং (বাম দিকে) ও সার্জি রবার্তো (ডান দিকে)। অর্থাৎ উইং দিয়ে আক্রমণ করার জন্য প্রথাগত কোনো উইঙ্গারকে মাঠে নামাননি সেতিয়েন। ফলে বেঞ্চে বসেছিলেন আতোয়াঁ গ্রিজমান, আনসু ফাতিরা। রিকি পুচের সৃষ্টিশীলতাকে অগ্রাহ্য করে ভিদালে নির্ভরতা খুঁজতে চেয়েছিলেন সেতিয়েন। রক্ষণভাগে যথারীতি পরিচিত চার মুখ। গোলরক্ষক মার্ক আন্দ্রে টের স্টেগেনের সামনে জেরার্ড পিকে ও ক্লেমঁ লংলের জুটি, দুপাশে দুই ফুলব্যাক নেলসন সেমেদো (ডান) ও জর্দি আলবা (বাম)।

বার্সেলোনার মূল একাদশ ও খেলোয়াড়দের শুরুর অবস্থান। ছবি : সংগৃহীত
বার্সেলোনার মূল একাদশ ও খেলোয়াড়দের শুরুর অবস্থান। ছবি : সংগৃহীত

ম্যাচ শুরুর আগে বায়ার্নের মিডফিল্ডার টমাস মুলার একটা কথা বলেছিলেন, 'শুধু মেসির প্রতি আমাদের নজর থাকবে না।' মাঠের খেলাতেও ঘটেছে সেটার বহিঃপ্রকাশ। সেটা ম্যাচপূর্ব ছক থেকে শুরু করে মাঠের খেলা পর্যন্ত। কোচ হান্সি ফ্লিকের অধীনে বায়ার্ন নিয়মিত ৪-২-৩-১ ছকে খেলে যাচ্ছে, এ ম্যাচেও তার ব্যতিক্রম ছিল না। গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারের সামনে ডেভিড আলাবা ও জেরোম বোয়াটেংয়ের জুটি, দুপাশে জোশুয়া কিমিখ (ডান) ও আলফনসো ডেভিস (বাম)। দলের নিয়মিত রাইটব্যাক বেঞ্জামিন পাভার চোটে, ফলে নিজের পছন্দের জায়গা মিডফিল্ড থেকে সরিয়ে রাইটব্যাকে আনা হয়েছিল কিমিখকে। মিডফিল্ডে সাবেক বার্সা তারকা থিয়াগো আলকানতারার সঙ্গে জুটি বেঁধেছিলেন জার্মান তারকা লেওন গোরেৎস্কা। আক্রমণাত্মক মিডফিল্ডার টমাস মুলারকে মাঝে রেখে দুপাশে ছিলেন সার্জ নাব্রি (ডান) ও ইভান পেরিসিচ (বাম)। উপরে মূল স্ট্রাইকার হিসেবে রবার্ট লেফানডফস্কি।

3বায়ার্ন মিউনিখের মূল একাদশ ও খেলোয়াড়দের শুরুর অবস্থান। ছবি : সংগৃহীত
3বায়ার্ন মিউনিখের মূল একাদশ ও খেলোয়াড়দের শুরুর অবস্থান। ছবি : সংগৃহীত

দুই দলই 'হাই ডিফেন্সিভ লাইন' এ খেলার চেষ্টা করেছে। অর্থাৎ চার ডিফেন্ডারের প্রত্যেকে মিডফিল্ডে উঠে গিয়ে সংঘবদ্ধভাবে প্রেস করতে চেয়েছেন প্রতিপক্ষ আক্রমণকারীদের। সমস্যা হলো, হাই ডিফেন্সিভ লাইনে খেললেও হুট করে প্রতিপক্ষের মাঝমাঠ বা রক্ষণভাগ থেকে, বা সেটপিস থেকে কোনো একটা উড়ন্ত বল এসে পেছনের ফাঁকা জায়গায় বিপজ্জনকভাবে চলে এলে সে বিপদ থেকে দলকে উদ্ধার করার মতো গতি দুই দলের চারজন সেন্টারব্যাকের (বার্সার পিকে-লংলে, বায়ার্নের বোয়াটেং-আলাবা) কারওরই ছিল না। বায়ার্নের বাকি দুই ডিফেন্ডার (ফুলব্যাক কিমিখ ও ডেভিস) আবার সমানতালে রক্ষণ ও আক্রমণে পারদর্শী হওয়ার ফলে 'হাই লাইন ডিফেন্স' ধরে খেলতে সমস্যা হয়নি তাঁদের। আর এখানেই পিছিয়ে পড়েছে বার্সেলোনা। দুই ফুলব্যাক জর্দি আলবা ও নেলসন সেমেদো এই কাজে একদম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

কিকে সেতিয়েন মাঠে বয়স্ক খেলোয়াড়দের নামালেও, বায়ার্নের গতিশীল ফুটবলের জবাব দিতে চেয়েছিলেন গতিশীল ফুটবল দিয়ে। কৌশলটা যে কার্যকরী ছিল, সেটা ম্যাচের প্রথম দশ মিনিটে অন্তত বোঝা গেছে। বায়ার্নকে সফলভাবে প্রেস করে এই সময়েই একটা গোল আদায় করতে পেরেছে বার্সেলোনা। ওই গোলের আগে পরেও বেশ কয়েকটা বিপজ্জনক আক্রমণ শানিয়ে বায়ার্নের মনে ভয় ধরিয়ে দিয়েছিলেন মেসিরা।

কিন্তু ওই শুরু, ওই শেষ! ফলে প্রশ্ন ওঠাই স্বাভাবিক, যদি গতিশীল ফুটবলই খেলানোর ইচ্ছে থাকে, তাহলে মাঠে সুয়ারেজ-ভিদাল-বুসকেটসদের মতো শ্লথ খেলোয়াড়দের কেন খেলানো হলো? মূল একাদশে কেন আনসু ফাতি, রিকি পুচ কিংবা নিদেনপক্ষে আতোয়াঁন গ্রিজমান জায়গা পেলেন না? গতিশীল তারকা থাকলে অন্তত আলাবা-বোয়াটেং উঠে আসার ফলে পেছনে সৃষ্ট জায়গাটার সদ্ব্যবহার করতে পারতেন মেসিরা!

মেসির ঝলকানিতে বার্সেলোনা আগের রাউন্ডে জয় পেলেও একটা খুঁত বারবার ধরা পড়েছিল চোখে। সেটা হলো নিরন্তর প্রেসের সামনে বার্সা ডিফেন্ডার-মিডফিল্ডারদের থরহরি কম্পমান অবস্থা। এ সমস্যাটা গোটা মৌসুম ধরেই ছিল। কিন্তু বার্সেলোনার রক্ষণভাগ বা মিডফিল্ডকে অতিরিক্ত চাপ দিয়ে খেললে একটা ঝুঁকি থেকে যায়। সেটা হলো, নিরন্তর প্রেস করতে গিয়ে যদি হুট করে বলের দখল হারিয়ে যায়, তাহলে উল্টো সে কৌশল আত্মঘাতী হয়ে যাবে। মেসির মতো খেলোয়াড় তখন শাস্তি দিতে এক সেকেন্ডও দেরি করবেন না। যে শাস্তিটা পেয়েছিল ভিয়ারিয়াল। গোটা ম্যাচে বার্সা তারকাদের প্রেস করে খেললেও মাঝেমধ্যেই সেটা কার্যকর হচ্ছিল না, ফলে গ্রিজমান আর মেসি মিলে বার্সাকে এনে দিয়েছিলেন ৪-১ গোলের জয়।

কৌশলটাকে বলা যায় অনেকটা 'হাই রিস্ক, হাই রিওয়ার্ড' কৌশল। অর্থাৎ, যত বেশি ঝুঁকি নেবেন, আপনার সফল হওয়ার সম্ভাবনাও থাকবে তত বেশি। বায়ার্নের খেলোয়াড়েরা অবশ্যই ভিয়ারিয়ালের খেলোয়াড়দের চেয়ে কার্যকরীভাবে প্রেস করতে পারবেন, এ বিশ্বাসটা কোচ হান্সি ফ্লিকের ছিল। যে কারণে বেশি ঝুঁকি নেওয়ার সাহসটা দেখিয়েছিলেন এই জার্মান ম্যানেজার। আর এই দুর্দান্তভাবেই না তাঁর এই বিশ্বাসকে পুরস্কৃত করলেন শিষ্যরা!

বার্সার দুই সেন্টারব্যাক পিকে ও লংলে দুঃস্বপ্নের এক ম্যাচ কাটিয়েছেন। ছবি : এএফপি
বার্সার দুই সেন্টারব্যাক পিকে ও লংলে দুঃস্বপ্নের এক ম্যাচ কাটিয়েছেন। ছবি : এএফপি

বল পায়ে রেখে খেলতে অভ্যস্ত বার্সেলোনা এ ম্যাচেও চেয়েছিল একদম গোলরক্ষক টের স্টেগেনের পা থেকে আক্রমণের সূচনা করতে। টের স্টেগেনের পা থেকে বল যাবে দুই সেন্টারব্যাকের যেকোনো একজনের কাছে, তারপর আস্তে আস্তে নিপুণ শিল্পীর মতো পাসের পর পার গেঁথে আক্রমণ রচনা করা হবে, এমনটাই ছিল কৌশল। আর এই কৌশল বাস্তবায়নের জন্যই কোনো প্রথাগত উইঙ্গার না খেলিয়ে তিনজন এমন মিডফিল্ডারকে খেলানো হয়েছিল যারা বল পায়ে পারদর্শী।

এই কৌশলের জবাব বায়ার্ন দিতে চেয়েছে নিরন্তর প্রেসিং এর মাধ্যমে। রবার্ট লেফানডফস্কি স্ট্রাইকার হলেও গোটা ম্যাচে তাঁর অন্যতম দায়িত্ব ছিল বার্সেলোনার ডিফেন্সিভ মিডফিল্ডার সার্জিও বুসকেটসকে প্রেস করা। বুসকেটস যেন ভালোভাবে পাস না দিতে পারেন, বা বুসকেটসের কাছে যেন বার্সার গোলরক্ষক ও ডিফেন্ডাররা পাস না দিতে পারেন, সেটা নিশ্চিত করে গেছেন তিনি। ওদিকে আক্রমণাত্মক মিডফিল্ডার মুলার ও দুই উইঙ্গার গেন্যাব্রি ও পেরিসিচের মধ্যে একজন গোটা সময় ধরে প্রেস করে গেছেন বার্সার দুই সেন্টারব্যাক পিকে ও লংলে কে। ফলে যে জিনিসটা হয়েছে, একদম নিচ থেকে আক্রমণ গড়ে তোলার কাজটা ভালোভাবে করতে পারেননি টের স্টেগেন। সেন্টারব্যাকদের পাস দিতে না পেরে অনেক সময় লম্বা পাস দিতে চেয়েছেন মেসি, ভিদাল বা ডানদিকে উপরে উঠে থাকা সেমেদোকে উদ্দেশ্য করে।

কিছু কিছু সময় সফল হয়েছেন, অনেক সময়েই সেই পাসটা কেড়ে নিতে পেরেছেন বায়ার্নের খেলোয়াড়েরা, আর কেড়ে নেওয়ার সঙ্গে সঙ্গে দ্রুতগতিতে প্রতি আক্রমণে উঠে গেছেন। বার্সার খেলোয়াড়দের পায়ে বল দেখলেই দল বেঁধে কয়েকজন খেলোয়াড় মিলে সে খেলোয়াড়কে প্রেস করেছেন। গতিহীন বার্সা তারকারা তাতে খেই হারিয়েছে, ভুল পাস দিয়েছেন বারবার, দিয়েছেন ব্যাকপাস। মিডফিল্ডের এই অবস্থার কারণে মেসিকে নিচে নেমে আসতে হয়েছে বেশ ক'বার। নিচে এসে সতীর্থদের জন্য বল বানিয়ে দিতে চেয়েছেন। কিন্তু উপরে থাকা সুয়ারেজ, সেমেদো কিংবা ভিদালরা অধিকাংশ সময়ে সে ক্ষেত্রে সহায়তা করতে পারেননি।

চূড়ান্ত প্রেসের কারণে অনেক সময় বার্সেলোনার রক্ষণভাগ ও মাঝমাঠের মধ্যে যোগাযোগ 'নাই' হয়ে যাচ্ছিল। সৃষ্টি হচ্ছিল ফাঁকা জায়গার। ওই ফাঁকা জায়গায় এক রকম 'উৎসব' করেছেন বায়ার্ন তারকারা। বার্সার তারকারা নিজেরাই বায়ার্নের প্রেসে জেরবার, উল্টো প্রেস করার সুযোগ একদমই পাননি। ফলে নির্ভার হয়ে খেলা বায়ার্ন আক্রমণভাগের চারজন - লেফানডফস্কি, মুলার, নাব্রি ও পেরিসিচ প্রেস করার পাশাপাশি নিয়মিত নিজেদের মধ্যে অবস্থান পরিবর্তন করছিলেন। বল পায়ে না থাকলেও নিজের অবস্থানের ক্রমশ পরিবর্তন ঘটাতে সেসব ফুটবলার পটু, জার্মান ভাষায় তাঁদের Raumdeuter বলে। টমাস মুলার এ কাজে বিশ্বের সবচেয়ে দক্ষ মানুষদের মধ্যে একজন। গতকাল নিজের এই ক্ষমতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন ইচ্ছেমতো। ওদিকে আগেই বলা হয়েছে, লেফানডফস্কি বারবার নেমে আসছিলেন। জায়গা বদল করছিলেন নাব্রি-পেরিসিচও। বায়ার্ন তারকাদের ক্রমশ জায়গা বদল, ক্রমাগত প্রেসিং, নিজেদের গতির ঘাটতি-সব মিলিয়ে বার্সাকে নাচিয়ে ছেড়েছেন এই চারজন। তা ছাড়া মরার ওপর খাঁড়ার ঘা হয়ে বারবার উপরে উঠে আসছিলেন দুই ফুলব্যাক আলফোনসো ডেভিস ও জোশুয়া কিমিখ।

নিচ থেকে সফল আক্রমণ না গড়তে পারার মাশুল দিয়েছেন টের স্টেগেন। ছবি : এএফপি
নিচ থেকে সফল আক্রমণ না গড়তে পারার মাশুল দিয়েছেন টের স্টেগেন। ছবি : এএফপি

বায়ার্নের গোল করার আরও একটা দুর্দান্ত উপায় ছিল মাঠে স্প্যানিশ মিডফিল্ডার থিয়াগো আলকানতারার অবস্থান। এমনিতেই মাঝমাঠ থেকে আক্রমণভাগে নিখুঁত পাস পাঠাতে পটু এই তারকা গত রাতে তেমন চ্যালেঞ্জ বা প্রেসের মুখোমুখি হননি বার্সা তারকাদের কাছ থেকে। কারণ তাঁর সামনে ভিদালের থাকার কথা থাকলেও, মেসিকে জায়গা করে দিতে গিয়ে ভিদাল নিজেই বারবার কিমিখ না হয় ডেভিসকে আটকাতে ডান-বামদিকে চলে যাচ্ছিলেন। ওদিকে মেসিও প্রেস করায় ততটা আগ্রহী নন। ফলে দুই সেন্টারব্যাক আলাবা ও বোয়াটেংয়ের মধ্যের জায়গায় ঢুকে নিশ্চিন্তে নিজের খেলা খেলতে পেরেছেন থিয়াগো, যেখানে থিয়াগোর মিডফিল্ড সঙ্গী গোরেৎস্কা একটু সামনে উঠে গেন্যাব্রি ও মুলারদের সাহায্য করছিলেন। 

তবে বায়ার্নের আক্রমণভাগ ক্ষুরধার খেলেছে বলে ব্যাপারটা হয়তো অতটা চোখে পড়েনি, না হয় জার্মান ক্লাবের দুই সেন্টারব্যাক আলাবা ও বোয়াটেংও গতিহীনতার কারণে পিকে-লংলের মতো 'হাই লাইন ডিফেন্স' ও প্রেসিংজনিত সমস্যায় পড়েছেন। তবে কপাল ভালো, তাঁদের গতিহীনতার পূর্ণ সুযোগ নিতে পারেনি বার্সেলোনা। কারণ ওই একটাই, গতিশীল খেলোয়াড় এক মেসি ছাড়া কেউই ছিলেন না বার্সার আক্রমণভাগে। সেমিতে বায়ার্নের সম্ভাব্য প্রতিপক্ষ ম্যানচেস্টার সিটি বা অলিম্পিক লিওঁর মধ্যে যে-ই হোক না কেন, এই বিষয়টার দিকে শ্যেনদৃষ্টি থাকবে তাদের।

আর চ্যাম্পিয়নস লিগ জিততে চাইলে এই একটা দুর্বলতা কাটাতে হবে বায়ার্নকে। দেখা যাক, তারা এই দুর্বলতা কাটাতে পারে কি না!