যেভাবে চ্যাম্পিয়নস লিগ জিতল লিভারপুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিরোপা হাতে ক্লপের উল্লাস। ছবি : টুইটার
শিরোপা হাতে ক্লপের উল্লাস। ছবি : টুইটার
>

গতকাল টটেনহামকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ জিতেছে লিভারপুল। লিভারপুলের ইতিহাসে ষষ্ঠ চ্যাম্পিয়নস লিগ জেতানোর পেছনে ইয়ুর্গেন ক্লপের কৌশল কী ছিল?

চার বছর আগে লিভারপুলের দায়িত্ব যখন নিয়েছিলেন, ইয়ুর্গেন ক্লপ লিভারপুলের সমর্থকদের কাছ থেকে চার বছর সময় চেয়েছিলেন। বলেছিলেন, ‘আমাকে চার বছর সময় দিন। চার বছরের মধ্যে আমি যদি লিভারপুলকে কোনো বড় শিরোপা না এনে দিতে পারি, বাক্স-পেটরা গুছিয়ে সুইজারল্যান্ডে চলে যাব!’

ক্লপকে সুইজারল্যান্ডে যেতে হলো না আর। ঠিক চার বছরের মাথায় লিভারপুলকে শিরোপা জেতালেন তিনি। তা আবার যেমন তেমন শিরোপা না, ইউরোপীয় ক্লাব ফুটবলের সর্বোচ্চ শ্রেষ্ঠত্বের পুরস্কার—উয়েফা চ্যাম্পিয়নস লিগ। সব মিলিয়ে লিভারপুল এই শিরোপা জিতল ছয়বার। সর্বশেষ জিতেছিল সেই ২০০৫ সালে। যেবার ইস্তাম্বুলের মহাকাব্যিক ফাইনালে এসি মিলানকে হারিয়েছিল স্টিভেন জেরার্ডের দল। ১৪ বছর পর আবারও আনুষ্ঠানিকভাবে ক্লাব শ্রেষ্ঠত্বের মুকুট পরল লিভারপুল।

কিন্তু কীভাবে লিভারপুলকে শিরোপা এনে দিলেন ক্লপ? গতকাল যাঁরা ফাইনাল দেখেছিলেন, তাঁদের প্রায় সবারই এক অভিযোগ ছিল। প্রচণ্ড ম্যাড়মেড়ে হয়েছে খেলাটা। ফাইনালের উত্তেজনা, চমক, রোমাঞ্চ, শিহরণ—কিছুই ছিল না। ম্যাচের দ্বিতীয় মিনিটে অপ্রত্যাশিতভাবে পাওয়া পেনাল্টিতে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন মোহাম্মদ সালাহ। এরপর নিজেদের যেন খোলসে গুটিয়ে রাখে দলটা। গোল করার চেয়ে গোল যাতে না খেতে হয়, এ নিয়ে যেন বেশি চিন্তিত তারা। শত চেষ্টাচরিত্র করেও সেই গোল শোধ করতে পারেনি টটেনহাম। উল্টো ম্যাচের একদম শেষ দিকে ডিভক অরিগির গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

তবে আপনাকে যদি বলা হয়, ঠিক এটাই পরিকল্পনা ছিল ক্লপের? ট্রফি জেতার জন্য ঠিক এই পদ্ধতিই অবলম্বন করা উচিত ছিল ক্লপের?

চার বছর ধরে দলকে দৃষ্টিনন্দন ফুটবল খেলিয়ে গেছেন ক্লপ। তাতে ম্যাচ জেতা হয়েছে, খেলার স্টাইল দেখে চোখ জুড়িয়েছে। অবিস্মরণীয়ভাবে ফিরে এসে কিছু ম্যাচ জিতেছে তারা। কিন্তু ট্রফির ঘরটা শূন্যই থেকে গেছে। গত চার বছরে একবার লিগ কাপের ফাইনাল, একবার ইউরোপা লিগের ফাইনাল ও একবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেও খালি হাতে ফিরে গেছেন ক্লপ। ক্লপের বহুল চর্চিত ‘হেভি মেটাল ফুটবল’ শিরোপা এনে দিতে পারেননি। প্রয়োজন ছিল কিছু একটা পরিবর্তনের।

সে ‘কিছু একটা’ পরিবর্তনের শুরুটা এই মৌসুমের শুরু থেকে দেখতে পায় দর্শকেরা। আগে যেমন শুধুই কাউন্টার প্রেসিং/জেজেনপ্রেসিং স্টাইলে খেলে জিততে চেষ্টা করতেন, এই মৌসুমে ক্লপ বুঝতে পারেন, ট্রফি জিততে হলে পরিস্থিতি বুঝে খেলার ধরন বদলাতে হবে। শুধু প্রেসিং ফুটবলের ওপর ভরসা করে থাকলে চলবে না। না হয় আবারও খালি হাতেই ফেরা লাগবে। খেলার ফল নিজেদের পক্ষে আনার জন্য দরকার হলে বিরক্তিকর ফুটবল খেলতে হবে। যে কারণে এই মৌসুমে প্রিমিয়ার লিগে ফুলহাম, হাডার্সফিল্ডের সঙ্গে ম্যাচগুলোয় লিভারপুলের খেলা দেখে ঘুম চলে এলেও তাতে দলটার কিছু আসে যায়নি। ম্যাচ জেতা দরকার ছিল, ম্যাচ জিতেই মাঠ ছেড়েছে তারা। সেটা যতই বিরক্তিকরভাবে হোক না কেন।

চ্যাম্পিয়নস লিগেও প্রথম দিকে নাপোলি বা পিএসজির বিপক্ষে ম্যাচগুলোয় এমন সাবধানী ক্লপকেই দেখা গেছে। নিজের স্কোয়াডে কার শক্তিমত্তা কতটুকু, খুব ভালোভাবেই জানেন ক্লপ। স্কোয়াডে খেলোয়াড়দের শক্তি ব্যবহার করার দিক দিয়ে, খেলোয়াড়দের সবটুকু সামর্থ্য ব্যবহার করতে পারার দিক দিয়ে এই মৌসুমে আরও বেশি কৌশলী হয়েছেন ক্লপ। অনেকটা ফ্রান্সের কোচ দিদিয়ের দেশমের মতো।

দেশমকে দেখুন, কী অনায়াসেই ফ্রান্সকে নিয়ে বিশ্বকাপ জিতে গেলেন তিনি। স্কোয়াডে ছিলেন এমবাপ্পে, গ্রিজমান, পগবা, মাতুইদি, উমতিতি, ভারান, লিওরিস, লুকাস, পাভার, কান্তে, লেমার, ফেকির ও দেম্বেলেদের মতো প্রতিভাবান খেলোয়াড়। প্রতি ম্যাচে যে দল প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়ার যোগ্যতা রাখে। কিন্তু দেশম কি সেটা করেছেন?

করেননি। এবার ফ্রান্সের খেলা দেখে খুব ভালো লেগেছে, দৃষ্টিনন্দন ফুটবলের পসরা সাজিয়ে বসেছিল ফ্রান্স—দলটির পাঁড় ভক্তও সে দাবি করবেন না। অস্ট্রেলিয়া, পেরু, ডেনমার্ক, আর্জেন্টিনা, ফ্রান্স, বেলজিয়াম, ক্রোয়েশিয়ার বিপক্ষে ফ্রান্সের ম্যাচগুলো দেখুন, জেতার জন্য যতটুকু কৌশল খাটানো দরকার, যতটুকু শক্তির ব্যবহার করার দরকার, ঠিক ততটুকুই করেছেন দেশম। যেখানে অন্যান্য দলকে গুঁড়িয়ে দেওয়ার কথা ছিল ফ্রান্সের, সেখানে ১-০, ২-১, ২-০ স্কোরলাইনে ম্যাচ জিতেছে তারা। এক-দুই গোলে ম্যাচ জেতা সম্ভব হলে খামোখা অতি আক্রমণাত্মক খেলার কী দরকার? অতি আক্রমণাত্মক খেলা মানে কিছু ক্ষেত্রে নিজের রক্ষণের কথা ভুলে যাওয়া, নিজের বিপদ ডেকে আনা, খামাখা মাথা গরম করে সে বিপদ ডেকে আনার কী দরকার? দেশম আনেননি। গোটা টুর্নামেন্টে মাথা ঠান্ডা করে খেলার পুরস্কার পেয়েছে ফ্রান্স। ম্যাচ জেতার জন্য যখন যা করার দরকার, তখন তা-ই করেছে। যখন গোলের দরকার, তখন আক্রমণ করে করে তটস্থ করেছে প্রতিপক্ষের আক্রমণভাগকে, গোল আদায় করে নিয়েছে। যখন দরকার নেই, তখন খামাখা নিজেদের শক্তি খরচ করেনি। নিজেরাই নিজেদের খেলার গতি কমিয়ে দিয়েছে, ধীরেসুস্থে খেলেছে। আর্জেন্টিনার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচটাই দেখুন। প্রথমে একটা গোল করে ধীরেসুস্থে খেলছিল ফ্রান্স, কিন্তু পরপর দুটি গোল করে ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলে আর্জেন্টিনা। পরে নিজেদের খেলার গতি বাড়িয়ে দিয়ে ঠিকই আরও তিনটি গোল আদায় করে নেয় তারা।

দেশম এই কাজটা করতে পেরেছিলেন, কেননা নিজের স্কোয়াডের শক্তিমত্তা নিয়ে তাঁর চেয়ে বেশি ধারণা আর কারও ছিল না। বিশ্বকাপের সময়ে ক্লপ ফ্রান্সের ম্যাচগুলো মনোযোগ দিয়ে দেখেছিলেন কি না কে জানেন, গতকাল ক্লপের কৌশলেও দেখা গেল দেশমের প্রতিচ্ছবি।

খেলা শুরুর বাঁশি বাজার সঙ্গে সঙ্গেই আক্রমণ শুরু করে লিভারপুল। তার সুফলও পেয়ে যায় দুই মিনিটের মধ্যেই। ত্বরিতগতিতে করা লিভারপুলের এক আক্রমণ না সামলাতে পেরে পেনাল্টি দিয়ে বসেন টটেনহামের ফরাসি মিডফিল্ডার মুসা সিসোকো। সেখান থেকে গোল করে লিভারপুলকে এগিয়ে দেন সালাহ।

দুই মিনিটের মধ্যেই চলে এল পরম আরাধ্য গোল, আর খামাখা আক্রমণ করার কী দরকার? লিভারপুল খেলার গতি কমিয়ে দিল যেন ইচ্ছে করেই। টটেনহামকে বলের দখল রাখতে দিল। কিন্তু তাই বলে লিভারপুল যে একদম গা ছেড়ে দিয়েছিল তা কিন্তু নয়। টটেনহামের বল দখলের হার প্রায় ৬৫ শতাংশ হলেও তারা বেশির ভাগ সময় নিজেদের অর্ধেই বল নিয়ে ঘোরাফেরা করেছে। এরিকসেন, আলী, সিসোকো, উইঙ্কস—কাউকেই দেখা যায়নি দুর্দান্ত কোনো পাস দিয়ে ভয়াবহ কোনো আক্রমণ রচনা করতে। ফলে, সামগ্রিকভাবেই খেলাটা হয়ে পড়েছিল ঢিমেতালের। ম্যাচ জেতার জন্য তেমন আগ্রহ দেখা যায়নি স্পার্স খেলোয়াড়দের মধ্যে।

ম্যাচের শুরুতেই একটা বড় ভুল করেছিলেন টটেনহাম কোচ মরিসিও পচেত্তিনো। হ্যারি কেইন বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হলেও গত কয়েক মাসে কেইনের চোটের সুযোগ নিয়ে দলকে টেনেছেন হিউন মিন সন ও লুকাস মউরা। সেমিতে হ্যাটট্রিক করে দলকে ফাইনালেও তুলেছেন লুকাস। সেই লুকাসকেই কিনা দলের বাইরে রাখলেন পচেত্তিনো, কেইনকে খেলানোর জন্য! গোল করার ক্ষমতার কথা হিসাব করলে হ্যারি কেইন বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হলেও সন ও লুকাস দলের আক্রমণে একটু ভিন্নমাত্রা নিয়ে আসেন, যা আবার কেইন অতটা ভালো পারেন না। আক্রমণভাগে কোনোভাবেই স্থির থাকেন না সন ও লুকাস। প্রথাগত উইঙ্গার হওয়ার কারণে উইং থেকে স্ট্রাইক, সবদিকে ছোটাছুটি করতে দেখা যায় তাঁদের। প্রতিপক্ষের রক্ষণভাগকে তটস্থ করে রাখেন, ক্রমাগত ফাঁকা জায়গা বের করার চেষ্টায় থাকেন, যে ফাঁকা জায়গার সুবিধা নিয়ে আক্রমণ করা যায়। প্রতিপক্ষের রক্ষণভাগের পা থেকে বল দ্রুত কেড়ে নিয়ে হুট করে আক্রমণ করার ক্ষেত্রে কেনের চেয়ে লুকাস ও সন অনেক ভালো। যে কারণে মূল একাদশে কেইন না থাকলেও কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল পেরোতে টটেনহামের একদম কষ্ট হয়নি। উল্টো দেখা গেছে, মূল একাদশে কেইন থাকলেই বরং সনের কার্যকারিতা কমে যায়। ফলে, মূল একাদশে লুকাসের জায়গায় কেইন থাকাতে লিভারপুলের আরও সুবিধাই হয়েছে।

ম্যাচ আমূল পালটে যায় দ্বিতীয়ার্ধের শেষ দিকে লুকাস মউরা নামার পর থেকে। তখন বেশ কিছু ভয়ংকর আক্রমণ করে লিভারপুলকে তটস্থ রাখেন সন ও লুকাস। আর তখনই ক্লপের মধ্যে আবারও দেশম ভর করে যেন!

ওই মুহূর্তে গোল খেয়ে বসলে ম্যাচ তো ড্র হতোই, উল্টো টটেনহাম যে আত্মবিশ্বাসটা পেত, তা তাঁদের ম্যাচটা জিততে সাহায্য করত। সেটা বুঝতে পেরেছিলেন ক্লপ। টটেনহামের দেখাদেখি নিজের দলকেও বলেন ঘুম থেকে জেগে উঠতে। যার ফলাফল, ম্যাচের ৮৭ মিনিটে ডিভক অরিগির গোল।

ম্যাচ শেষ এখানেই।

দৃষ্টিনন্দন ফুটবল খেলে ম্যাচ কীভাবে জিততে হয়, সেটা আগেই দেখিয়েছিলেন ক্লপ। কিন্তু আগে জানতেন না, ট্রফি কীভাবে জিততে হয়।

এখন সেটাও জেনে গেলেন ক্লপ। আর তাতেই ষষ্ঠবারের মতো ইউরোপসেরার মুকুট পরল লিভারপুল।