যেভাবে তিতে বদলে দিয়েছেন ব্রাজিলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাজিলকে বদলে দিয়েছেন তিতে। ছবি: এএফপি।
ব্রাজিলকে বদলে দিয়েছেন তিতে। ছবি: এএফপি।

আর্জেন্টাইন ডিফেন্ডার হুলিও বাফারিনি সাম্প্রতিক অতীতে ব্রাজিলের ফুটবলকে দুই ভাগে ভাগ করেছেন—একটি তিতের সময়, অন্যটি তিতে কোচ হওয়ার আগের সময়। তিনি বলেছেন, ‘ব্যাপারটি আপনার সহজেই বুঝতে পারবেন, যদি তিতে কোচ হওয়ার পর ব্রাজিলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচগুলোর ফলের ওপর চোখ রাখেন।’
২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির কাছে ৭-১ গোলে হারের পর এলোমেলো হয়ে পড়েছিল ব্রাজিলের ফুটবল। আত্মবিশ্বাস চলে গিয়েছিল একেবারে তলানিতে। লুই ফেলিপে স্কলারিকে বিদায় করে দিয়ে কার্লোস দুঙ্গাকে দায়িত্ব দিয়েও সঠিক পথে ফেরানো যায়নি ব্রাজিলীয় ফুটবলকে। ২০১৫ কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের পর এ বছরের শতবার্ষিকী কোপার গ্রুপ পর্ব থেকে বিদায় নেয় ব্রাজিল। এক চরম দুঃসময়েই তিতের কাঁধে তুলে দেওয়া হয় দলের দায়িত্ব।
এর পরের গল্পটা অবশ্য অনেক স্বস্তির। বিশ্বকাপ বাছাইপর্বে লাতিন অঞ্চলে ছয় নম্বরে থাকা ব্রাজিল তিতে দায়িত্ব নেওয়ার পর উঠে এসেছে শীর্ষে। টানা চার ম্যাচে জয়—ইকুয়েডর, কলম্বিয়া, বলিভিয়া ও ভেনেজুয়েলার বিপক্ষে জিতে অন্য এক ব্রাজিলকেই দেখছে ফুটবলপ্রেমীরা। কীভাবে এটি সম্ভব, এত অল্প সময়ে! অনেকেই বলছেন, গতানুগতিকতার বাইরে গিয়েই তিতে বদলে দিয়েছেন ব্রাজিলকে।
ব্রাজিলীয় ফুটবলে ঐতিহ্য একটা ব্যাপার। নেইমারদের মতো প্রতিভাবানেরাও একটা ব্যাপার। কিন্তু ২০১৬ সালের জুন মাস থেকে এই বদলের একটা বড় কারণ তিতে। বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ পারফরম্যান্সের পর তিতের সামনে এখন বড় চ্যালেঞ্জ আর্জেন্টিনা। এটি এখনো পর্যন্ত ব্রাজিলের কোচ হিসেবে তাঁর সবচেয়ে বড় পরীক্ষাও।
আর্জেন্টিনার কোচ এদগার্দো বাউজা কিন্তু তিতের খুব ভালো বন্ধু। কেবল বন্ধুই নন, পেশাগত দিক দিয়ে ব্রাজিল কোচের খুব বড় ভক্তও। ব্রাজিলীয় লিগে তিতে যখন করিন্থিয়ানসের কোচ, বাউজা তখন দায়িত্ব পালন করছিলেন সাও পাওলোয়। খুব কাছ থেকে তিতের কোচিং-দর্শনের সঙ্গে পরিচয় তাঁর। সেই অভিজ্ঞতা থেকেই পরিবর্তনটা খুব ভালোভাবেই ধরতে পারছেন তিনি, ‘এমনিতে তো খুব প্রতিভাবান কোচ তিতে। সে ব্রাজিলের খেলার ধরনটাই বদলে দিয়েছে। সে মধ্যমাঠে দারুণ পরিশ্রমী ও প্রতিভাবান পাঁচ খেলোয়াড়কে নিয়ে এসেছে, যাদের ফিনিশিংও অনেক ভালো।’
ব্রাজিলীয় উইঙ্গার ডগলাস কস্তারও দারুণ পছন্দ তিতের কোচিং। বায়ার্ন মিউনিখে সময়ের সেরা কোচদের একজন কার্লো আনচেলত্তির অধীনে আছেন কস্তা। জাতীয় দলে তিতের কোচিং-দর্শনের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন আনচেলত্তির দর্শনের, ‘তাঁরা দুজনেই খেলোয়াড়দের সঙ্গে খুব ভালো ব্যবহার করেন। খুব মানবিক তাঁরা। ড্রেসিং রুমেও তাঁরা খেলোয়াড়ের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। খেলোয়াড়দের কথা শোনেন। এসব খুব বড় গুণ।’
আর্জেন্টিনার বিপক্ষে ব্রাজিলের ম্যাচটি সেই মিনোইরোর মাঠেই। যে মাঠে জার্মানি-দুঃস্বপ্নের মুখোমুখি হয়েছিল ব্রাজিল। তিতে পারবেন এবার ব্রাজিলীয় ফুটবলের বড় দুঃস্বপ্ন ভুলিয়ে দিয়ে দলকে অন্য উচ্চতায় নিয়ে যেতে? সূত্র: গোল ডটকম।