যেভাবে সেমিফাইনালে এল ফ্রান্স

>সব চড়াই-উতরাই পেরিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠে এসেছে ফ্রান্স। সেমিতে লড়বে বেলজিয়ামের সঙ্গে। কেমন ছিল সেমিতে আসার আগ পর্যন্ত ফ্রান্সের পথচলাটা?
এবারের বিশ্বকাপ কে জিততে পারে? বিশ্বকাপ শুরুর আগে এই আলোচনায় ফ্রান্স বেশ ভালোভাবেই ছিল। বিশ্বকাপে অংশ নেওয়া দলগুলোর মধ্যে অন্যতম প্রতিভাবান স্কোয়াড তাদের; ২০ বছর আগে বিশ্বকাপ জেতা জিদানদের অর্জনকে ছোঁয়ার সামর্থ্য বেশ ভালোভাবেই আছে এই দলের—সবাই সেটাই মনে করেছিল। এখন পর্যন্ত সবার ধারণাকে সত্যি প্রমাণ করেছে ফ্রান্স। সেমিফাইনালে উঠেছে তারা। সেমিতে লড়বে বেলজিয়ামের বিপক্ষে।
এই বিশ্বকাপে গ্রুপ ‘সি’তে পড়েছিল ফরাসিরা। পেরু, অস্ট্রেলিয়া আর ডেনমার্ক ছিল গ্রুপসঙ্গী হিসেবে। প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে শুভসূচনা তাদের। পেনাল্টিতে গোল করেন গ্রিজমান, বাকি গোলটা ছিল আত্মঘাতী। দ্বিতীয় ম্যাচে স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পের গোলে পেরুকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে নিজেদের ওঠা প্রায় নিশ্চিত করে ফেলে ফরাসিরা। শেষ ম্যাচে ডেনমার্কের সঙ্গে ম্যাড়মেড়ে এক ম্যাচে ০-০ গোলে ড্র করে সাত পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই দ্বিতীয় রাউন্ডে ওঠে ফ্রান্স।
দ্বিতীয় রাউন্ডে তারা মুখোমুখি হয় বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল আর্জেন্টিনার। গ্রুপ ‘ডি’ থেকে কোনোরকমে হ্যাঁচড়ে-প্যাঁচড়ে রানার্সআপ হয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠা আর্জেন্টিনার বিপক্ষেই যেন সেরা ফর্মের ফ্রান্সকে দেখা যায়। একপর্যায়ে ২-১ গোলে পিছিয়ে থাকলেও পরে ঠিকই ৪-৩ গোলে ম্যাচটা জিতে নেয় ফরাসিরা। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোল মনে করিয়ে দেয় সেরা ফর্মের থিয়েরি অঁরিকে। বাকি গোল দুটি করেন রাইটব্যাক বেনজামিন পাভার ও আঁতোয়ান গ্রিজমান। পাভারের গোলটাকে তো এই বিশ্বকাপের সেরা গোল বললেও ভুল কিছু বলা হবে না। পুরো ম্যাচেই মেসিকে নিষ্প্রভ রেখেছিলেন ফ্রান্সের মিডফিল্ডার এনগোলো কান্তে। কোয়ার্টার ফাইনালে কাভানিবিহীন উরুগুয়েকে হারাতে একটুও বেগ পেতে হয়নি ফ্রান্সের। রাফায়েল ভারানের হেডে এগিয়ে যাওয়া ফ্রান্স দ্বিতীয় গোলটা একরকম উপহার পায় উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরার কাছ থেকে। মুসলেরার এক শিশুতোষ ভুলেই জয় নিশ্চিত হয় ফ্রান্সের।
এই বিশ্বকাপে মূলত ৪-২-৩-১ এই ফর্মেশনেই ফ্রান্সকে খেলাচ্ছেন কোচ দিদিয়ের দেশম। গোলরক্ষক হুগো লরিসের সামনে ভারানে আর উমতিতি দিয়ে গড়া সেন্ট্রাল ডিফেন্সের দুপাশে দুই তরুণ ফুলব্যাক পাভার আর লুকাস হার্নান্দেজ বিশ্বকাপের এই আসরকেই যেন বেছে নিয়েছেন নিজেদের প্রকাশ করার মঞ্চ হিসেবে। সেন্ট্রাল মিডফিল্ডে পল পগবা ও এনগোলো কান্তের কাছে জায়গা হারিয়ে বাম উইংয়ে আপাতত খেলতে হচ্ছে ব্লেইস মাতুইদিকে। ডান উইং-এ এমবাপ্পে কে রেখে মাঝে আক্রমণাত্মক মিডফিল্ডার হিসেবে খেলছেন গ্রিজমান, আর সামনে একক স্ট্রাইকার হিসেবে অলিভিয়ের জিরু। আপাতদৃষ্টিতে সরল বলে মনে হওয়া দেশমের এই ছকের কোনো ফাঁক খুঁজে পাননি বিশ্বকাপে ফ্রান্সের মুখোমুখি হওয়া অন্য কোনো কোচ।
বেলজিয়াম কোচ রবার্তো মার্টিনেজ কি পারবেন সেমিফাইনালে দেশম-ধাঁধা কাটাতে? নাকি খেলোয়াড় হিসেবে ১৯৯৮ এর বিশ্বকাপ জেতা দেশম এবার কোচ হিসেবেও স্পর্শ করতে পারবেন বিশ্বকাপের পরম আরাধ্য সেই ট্রফিটা?