যেমন হবে 'বড়' বিশ্বকাপ
আগের চেয়ে বড় হচ্ছে বিশ্বকাপের আকার। ২০২৬ বিশ্বকাপ থেকে ৪৮টি দল নিয়ে হবে বিশ্বকাপ, সেই ঘোষণা গত ১০ জানুয়ারিই দিয়েছে ফিফা। তাতে ফিফার কোন অঞ্চলে কতগুলো দল থাকবে, সেটির প্রস্তাবিত রূপ ফিফার পরিষদ দিয়েছে গত পরশু। ফিফা সভাপতি ও ছয়টি কনফেডারেশনের ছয় সভাপতিকে নিয়ে গঠিত এই কাউন্সিল প্রস্তাবটি করেছে। এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে ৯ মে ফিফার কাউন্সিলে।
বর্তমান বিশ্বকাপ ৩২ দলের। ১৬টি দল বেড়ে যাওয়ার সুবিধা সবচেয়ে বেশি পাচ্ছে ফুটবলে পিছিয়ে থাকা মহাদেশগুলোই। এশিয়া থেকেই যেমন ২০২৬ বিশ্বকাপে সরাসরি সুযোগ পাবে আটটি দল। বর্তমান ফরম্যাটে চারটি দল সরাসরি সুযোগ পায়, একটি খেলে প্লে-অফে। সবচেয়ে লাভবান অবশ্য আফ্রিকা। এখন সরাসরি বিশ্বকাপে যায় আফ্রিকার পাঁচটি দল, ২০২৬ বিশ্বকাপ থেকে সরাসরি সুযোগ পাবে নয়টি। উত্তর ও মধ্য আমেরিকা ও ক্যারিবিয়ান (কনক্যাকাফ) থেকে সুযোগ পাবে ছয়টি, ওশেনিয়া থেকে একটি।
আর ফুটবলে সবচেয়ে ‘কুলীন’ দুই মহাদেশ? ইউরোপ থেকে সুযোগ পাবে ১৬টি দল (বর্তমান ফরম্যাটে সুযোগ পায় ১৩ দল), দক্ষিণ আমেরিকা বা কনমেবল থেকে ছয়টি (বর্তমান ফরম্যাটে সরাসরি যায় চারটি দল, একটি দল খেলে প্লে-অফে)।
এ তো গেল ৪৬টি দলের হিসাব। বাকি দুটি দল আসবে ছয় দলের প্লে-অফ থেকে। সেই ছয়টি দলের হিসাবও নির্ধারিত। ইউরোপ ছাড়া বাকি পাঁচটি কনফেডারেশন থেকে আসবে পাঁচটি দল। বাকি দলটি আসবে স্বাগতিক দল যে কনফেডারেশনের, সেখান থেকে (স্বাগতিক দল ইউরোপের হলে, সে ক্ষেত্রে প্লে-অফে ইউরোপের একটি দল আসবে। আর অন্য মহাদেশের হলে প্লে-অফে ওই মহাদেশের দুটি দল থাকবে)।
এভাবে হিসাবটা করা হচ্ছে স্বাগতিক মহাদেশকে সুবিধা দিতেই। প্রস্তাবিত ছক অনুযায়ী, এখনকার মতো ২০২৬ বিশ্বকাপেও স্বাগতিক দল সরাসরি সুযোগ পাবে বিশ্বকাপে। তবে এখন স্বাগতিক দলকে সুযোগ দেওয়া হয় বরাদ্দ করা জায়গার হিসাবের বাইরে গিয়ে। ২০১৪ বিশ্বকাপে যেমন স্বাগতিক ব্রাজিল সরাসরি সুযোগ পেয়েছে। কিন্তু তাতে ওই অঞ্চলের বরাদ্দ করা জায়গায় হেরফের হয়নি। চারটি দল সরাসরি ও একটি দল প্লে-অফে খেলেছে।
কিন্তু ২০২৬ বিশ্বকাপে একটু বদল আছে। স্বাগতিক দল সরাসরি সুযোগ পেলে ওই কনফেডারেশনের জন্য বরাদ্দ করা জায়গা একটি কমে যাবে। সেটিই ‘পুষিয়ে’ দেওয়া হচ্ছে প্লে-অফে ওই কনফেডারেশনের বাড়তি একটি দলকে সুযোগ দিয়ে। ফিফাডটকম।
কোন অঞ্চলের কত দল
২০২৬ বিশ্বকাপে বরাদ্দ এখন যা আছে
এশিয়া সরাসরি ৮ দল সরাসরি ৪ দল+প্লে-অফ
আফ্রিকা সরাসরি ৯ দল সরাসরি ৫ দল
কনক্যাকাফ সরাসরি ৬ দল সরাসরি ৩ দল+প্লে-অফ
দক্ষিণ আমেরিকা সরাসরি ৬ দল সরাসরি ৪ দল+প্লে-অফ
ওশেনিয়া সরাসরি ১ দল প্লে-অফ
ইউরোপ সরাসরি ১৬ দল সরাসরি ১৩ দল
একাধিক দল স্বাগতিক হলে, সবাই সরাসরি সুযোগ পাবে কি না, সে ক্ষেত্রে ওই মহাদেশের বরাদ্দ করা জায়গার হিসাব কী হবে, সেটি ফিফার কাউন্সিল ঠিক করবে।
ছয় দলের প্লে-অফের ক্ষেত্রে দুটি দলকে ফিফা র্যা ঙ্কিং অনুযায়ী বাছাই করে রাখা হবে। বাকি চারটি দল নিজেদের মধ্যে খেলার পর যে দুটি দল জিতবে, তারা খেলবে এই বাছাই করা দল দুটির সঙ্গে।
প্লে-অফ টুর্নামেন্টটা হবে স্বাগতিক দেশ/দেশগুলোয়। সেটিকে দেখা হবে বিশ্বকাপের পরীক্ষা হিসেবেও। ২০২৬ বিশ্বকাপের ক্ষেত্রে প্লে-অফ টুর্নামেন্টের জন্য প্রস্তাবিত সময় ২০২৫ সালের নভেম্বর মাস।