যোগ্য উত্তরসূরিই বলছেন ব্ল্যাটার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেপ ব্ল্যাটার
সেপ ব্ল্যাটার

সেপ ব্ল্যাটারের হাতের ব্যাটনটি নিয়ে এগিয়ে যেতে হবে তাঁরই স্বদেশি জিয়ান্নি ইনফান্তিনোকে। ব্যাপারটা কঠিন, সন্দেহ নেই। বিশেষ করে ফুটবলের অভিভাবক সংস্থার প্রধান হিসেবে তাঁর পূর্বসূরির শেষটা যেভাবে হয়েছে, তাতে সন্দেহ জাগতেই পারে ইনফান্তিনো তাঁর দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারবেন কি না। তবে দুর্নীতি ও অন্যান্য কেলেঙ্কারিতে জড়িয়ে ফিফার মসনদ ছেড়ে আসতে বাধ্য হওয়া ব্ল্যাটার বলছেন, তাঁর অসমাপ্ত কাজ এগিয়ে নিতে ইনফান্তিনোই যোগ্যতম ব্যক্তি। ইনফান্তিনোকে উষ্ণ অভিনন্দন জানিয়েছেন ব্ল্যাটার, ‘আমি আমার হৃদয়ের গভীর থেকেই অভিনন্দন জানাচ্ছি ফিফার নবনির্বাচিত সভাপতিকে।’
ব্ল্যাটার আশাবাদী যে ইনফান্তিনো সফল হবেন, ‘ইনফান্তিনোর যে অভিজ্ঞতা, কূটনৈতিক সক্ষমতা, কাজের কৌশল ইত্যাদি বিবেচনায় মনে হয়েছে, আমার অসমাপ্ত কাজগুলো তিনি এগিয়ে নিতে পারবেন। ফিফায় স্থিতাবস্থাও ফিরিয়ে আনতে পারবেন। আমি তাঁর সাফল্য কামনা করি।’
শুভেচ্ছা ও অভিনন্দনের সঙ্গে ফিফার নতুন সভাপতিকে সতর্কও করে দিচ্ছেন ৭৯ বছর বয়সী সুইস, ‘আমার কাছে মনে হয়েছে ফিফার সংস্কার কর্মসূচি এগিয়ে নিয়ে যাওয়ার ব্যাপারে তাঁর প্রতি প্রত্যাশার ভারটা অনেক বেশি। তবে আমি মনে করি, ইনফান্তিনো এ ব্যাপারে সফল হবেন।’
গত মে মাসে ফিফা কংগ্রেসে সভাপতি পদে আবার নির্বাচিত হয়েছিলেন ব্ল্যাটার। কিন্তু ফুটবলের সর্বোচ্চ সংস্থায় দুর্নীতি ও বিভিন্ন আর্থিক কেলেঙ্কারির অভিযোগে ব্ল্যাটারের নাম উঠে এলে হইচই বাধে। পরে ফিফার নৈতিকতা কমিটি উয়েফা সভাপতি মিশেল প্লাতিনির সঙ্গে তাঁর একটি লেনদেন ‘অবৈধ’ ঘোষণা করে ব্ল্যাটারকে ৮ বছরের জন্য ফিফার যাবতীয় কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ ঘোষণা করে। একই মেয়াদে নিষিদ্ধ হন প্লাতিনিও। নৈতিকতা কমিটির এ সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করে নিজেদের নিষেধাজ্ঞা দুই বছর করে কমিয়েছেন ফুটবলের এই দুই মহারথী।
সভাপতি হিসেবে এবার ফিফার মসনদে বসতে যাচ্ছেন তুলনামূলক একজন ‘তরুণ’ই। সদ্য বিদায়ী সভাপতি ব্ল্যাটারের তুলনায় ইনফান্তিনো তো একজন তরুণই। ১৯৭৫ সালে ব্ল্যাটার যখন ফিফায় কাজ শুরু করেন, ইনফান্তিনোর বয়স তখন মাত্র ৫! কর্মজীবনে একজন পেশাদার আইনজীবী ইনফান্তিনো ২০০০ সালে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফায় যোগ দেন। সেই ইনফান্তিনোই তরতর করে মাত্র ১৬ বছরের মাথায় নির্বাচিত হলেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ পদে। সূত্র: এএফপি।