যেয়ো না নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার
নেইমার

এই মৌসুমেই অ্যাথলেটিক বিলবাও ছেড়ে বার্সেলোনার ডাগআউটে এসেছেন। কিন্তু ক্লাবে পা রাখতে না-রাখতেই এমন ঝড় সামলাতে হবে, ভাবতে পেরেছিলেন আর্নেস্তো ভালভার্দে? তাঁর দলের অন্যতম ভরসা নেইমারকে নেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে পিএসজি! তবে বাজারে গুঞ্জন যা-ই থাকুক, বার্সা কোচের ধারণা, সব গুঞ্জন মিথ্যা প্রমাণ করে নেইমার বার্সাতেই থাকবেন।

২৫ বছর বয়সী ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজে চুপ করে আছেন। তবে দলের অন্যতম সেরা তারকাকে হারানোর শঙ্কায় থাকা বার্সেলোনা কি আর চুপটি করে বসে থাকতে পারে? মুখ খুললেন ভালভার্দেও। ঠিক বিশ্বাস বলা যাবে না, বার্সা কোচের কথায় প্রকাশ পেল তাঁর চাওয়াটাই। যুক্তরাষ্ট্রে প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে নেইমারের পিএসজিতে যাওয়ার গুঞ্জন নিয়ে ভালভার্দে বলেছেন, ‘এখন তো সময়টাই গুজবের। ও (নেইমার) এ মুহূর্তে আমাদের সঙ্গেই আছে। আমাদেরই একজন। ও এমন একজন খেলোয়াড়, যাকে আমরা ভালোবাসি, চাই আমাদের সঙ্গেই থাকুক।’ তবে তাঁর পরের কথাটা শুনে মনে হতে পারে, তিনিও ঠিক নিশ্চিত নন এই নাটকের শেষে কী আছে, ‘যেটা হবে কি হবে না সে ব্যাপারে আমাদের ধারণা নেই, সেটি নিয়ে দুশ্চিন্তা করার কোনো মানে হয় না। ভবিষ্যতে যদি এমন কিছু হয় (নেইমার বার্সা ছেড়ে যান), তখন দেখা যাবে।’

যদিও লা পারিসিয়েন-এর প্রতিবেদন বার্সেলোনার উদ্বিগ্ন হওয়ার মতোই। কোনো সূত্রের উল্লেখ না করলেও ফ্রেঞ্চ পত্রিকাটি লিখেছে, পিএসজির সঙ্গে নেইমারের চুক্তি চূড়ান্ত হয়ে গেছে! বার্সেলোনা সতীর্থদের নাকি নেইমার জানিয়েও দিয়েছেন, তিনি পিএসজিতে যাচ্ছেন। এমনকি স্কাই স্পোর্টসও লিখেছে, নেইমারের পিএসজিতে যাওয়া শতকরা ৯০ ভাগ নিশ্চিত।

তবে মেসি-সুয়ারেজরাও বসে নেই। স্প্যানিশ দৈনিক স্পোর্ত লিখেছে, প্রাক-মৌসুম প্রস্তুতি ক্যাম্পে যুক্তরাষ্ট্রে যাওয়ার পথেই বিমানে নেইমারের সঙ্গে সবার আগে কথা বলেছেন সুয়ারেজ। কাতালান রেডিও আরএসি১ বলছে, যুক্তরাষ্ট্রে ক্যাম্পেও মেসি, সুয়ারেজ ও পিকে মিলে নেইমারকে বুঝিয়ে-সুঝিয়ে থেকে যেতে রাজি করানোর চেষ্টা করছেন। হাভিয়ের মাচেরানোও ইএসপিএনকে বলেছেন, ‘আশা করি, ও আরও অনেক বছর বার্সেলোনায় থাকবে। বয়সের কারণেই বলা যায়, ও বার্সেলোনার ভবিষ্যৎ!’ আর সার্জিও বুসকেটস যেন ‘গেলে কী হারাবেন’ তা মনে করিয়ে দিয়েছেন নেইমারকে, ‘বার্সেলোনায় যতটা ভালো ছিল, এর চেয়ে ভালো কিছু আর কোথাও পাবে না ও।’

সতীর্থদের কথায় নাকি কাজও হচ্ছে। পরশু আরএসি১ বলেছিল, নেইমারের পিএসজিতে যাওয়া ৯৫ শতাংশ নিশ্চিত। তারাই গতকাল আবার জানিয়েছে, মেসিদের কথায় মন বদলেছে নেইমারের, তাঁর বার্সায় থাকার সম্ভাবনাই বরং এখন ৮০ শতাংশ। 

এদিকে বার্সা-পিএসজি নাটকে সিঁদুরে মেঘ দেখছে জুভেন্টাস। স্পেনে গুঞ্জন, নেইমার চলে গেলে পাওলো দিবালার দিকেই হাত বাড়াবে বার্সা। তবে জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রি এখনো নিশ্চিন্ত আছেন, ‘নেইমার ও পিএসজিকে ঘিরে কী হচ্ছে আমি জানি না। তাই বার্সেলোনার বিকল্প কাউকে দরকার হবে কি না, তা-ও বলতে পারছি না।’ মার্কা, স্পোর্ত, লে’কিপ।

যদি নেইমার যান...

কেন নেইমারের পিএসজিতে যাওয়ার গুঞ্জন? লিওনেল মেসির ছায়া থেকে বেরিয়ে ইউরোপের বড় একটি ক্লাবে প্রধান খেলোয়াড় হওয়া একটি কারণ। পিএসজিতে আলভেজ-সিলভাসহ অনেক ব্রাজিলিয়ান থাকাও একটা অনুঘটক। কিন্তু দিন শেষে বেতনই পেশাদার ফুটবলারদের মূল আকর্ষণ। সেটির হিসাব করলে পিএসজিতে গেলে শুধু লাভ আর লাভ নেইমারের। কী পাবেন?

* পিএসজিতে নেইমারের মূল বেতনই শুধু ৩০ মিলিয়ন ইউরো, যা বার্সেলোনায় তাঁর বেতনের প্রায় তিন গুণ!

* বার্সাকে ২২২ মিলিয়ন ইউরো দিয়ে দলবদলটা শেষ করতে পারলেই নেইমারকেও ৪০ মিলিয়ন ইউরো ‘সাইনিং বোনাস’ দেবে পিএসজি।

* পিএসজি বোর্ডের মালিকানাধীন যত হোটেল আছে, সেসবের আয় থেকেও শতাংশ হিসেবে একটা নির্দিষ্ট আয় পাবেন নেইমার

* ইচ্ছা হলেই ব্রাজিলে যাওয়ার জন্য পাবেন একটা ব্যক্তিগত জেটবিমান