রংবেরঙের ইউরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাঠের কীর্তির জন্যই শুধু? ইউরো মনে থাকবে মাঠের বাইরের হরেক কাণ্ডকীর্তির জন্যও। মাঠের উল্লাস আর আবেগ? মাঠের বাইরের অন্তহীন আবেগের স্রোতটাকেই বা অস্বীকার করবেন কীভাবে? মাঠ আর মাঠের বাইরে মিলিয়েই তো ফুটবল। এবারের ইউরোর মাঠের বাইরের তেমন কিছু ঘটনা...

.
.

গুনিন ওয়াটসন

পল দ্য অক্টোপাসের আরেক উত্তরসূরির খোঁজ মিলেছিল এবারের ইউরোতে। সেও জলজ প্রাণী, সমুদ্রে বাস। কিন্তু তা হলে কী হবে, পলের ধারেকাছেও যেতে পারল না ওয়াটসন নামের এই সি-লায়ন। তবে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত কিন্তু ফ্রান্সের ম্যাচগুলোর ঠিকঠাক ভবিষ্যদ্বাণী করে গেছে এই প্রাণী। ফ্রান্সের পূর্বাঞ্চলীয় শহর আমনেভিলের চিড়িয়াখানায় তার বাস। পল মুখোমুখি দুই দলের পতাকা রাখা খাবারের মধ্যে বেছে নিত যে বাক্সটিকে, সেই দলই জিতত। ওয়াটসন তিনটা বরফের বাক্স থেকে বেছে নিত যেকোনো একটা। তিন বাক্সের দুটিতে থাকত মুখোমুখি দুই দলের নাম, অন্যটিতে থাকত ড্র লেখা। গুনিন এই সি-লায়ন শুরুতে সংবাদমাধ্যমের নজর কাড়লেও পরে কোথায় যেন হারিয়ে গেল! আর তাই জানা যায়নি এবারের ফাইনাল নিয়ে কী ভবিষ্যদ্বাণী করেছিলেন ‘জ্যোতিষ মহাশয়’!

ব্রেক্সিট টু

ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বেরিয়ে গেল ইংল্যান্ড। ইউরো থেকে ইংল্যান্ডের বিদায়! প্রথমটা স্বেচ্ছায়, পরেরটা অনিচ্ছায়। ইউরো জোট থেকে বেরিয়ে যাওয়ার গণভোটের মাত্র কদিনের মধ্যেই ইউরো টুর্নামেন্ট থেকেও ছিটকে যায় ইংল্যান্ড। এক সপ্তাহেই দুটি ‘ব্রেক্সিটে’র ঘটনা দেখে বিশ্ববাসী। এ নিয়ে টুইটার-ফেসবুকে বেশ খোঁচা হজম করতে হয়েছে ইংল্যান্ডকে। কেউ কেউ লেখেন, ‘কেবল ইংল্যান্ডের পক্ষেই সম্ভব ইউরোপ থেকে দুবার বেরিয়ে যাওয়া।’ বিদায়টা পুঁচকে আইসল্যান্ডের হাতে হয়েছিল বলে হজমও হয়নি ‘ফুটবলের জন্মদাতা’ ইংল্যান্ডের। সাবেক তারকা গ্যারি লিনেকার টুইট করেন, ‘আমাদের ইতিহাসে সবচেয়ে জঘন্য পরাজয়। এমন একটা দেশের কাছে হারলাম, যে দেশে যতটা না ফুটবলার আছে, তার চেয়েও বেশি আছে আগ্নেয়গিরি।’

মারপিটে শুরু এবং শেষ

মাঠের বাইরেও এবার অ্যাকশনের কমতি ছিল না। মাঠে ইংল্যান্ড-রাশিয়া ম্যাচ শুরুর আগেই যেমন অন্য ‘ম্যাচ’ শুরু করে দিয়েছিলেন এই দলের সমর্থকেরা। মার্শেইয়ের এই দাঙ্গায় একদল ‘সন্ত্রাসী’ সমর্থক মদে বুঁদ হয়ে থাকা ইংল্যান্ড সমর্থকদের ওপর হামলা চালায়। এক ইংল্যান্ড সমর্থক মারাত্মক আহত হন, অগুনতি সমর্থক আহত। দ্রুত ব্যবস্থা নেয় ফ্রান্স। প্রচুর রাশিয়ান সমর্থককে বের করে দেওয়া হয়। উয়েফা সতর্ক করে দেয়, আবারও একই কাণ্ড ঘটালে রাশিয়াকে নিষিদ্ধ করা হবে। এমনকি ২০১৮ বিশ্বকাপের আয়োজক হিসেবে রাশিয়ার নাম কাটা যাবে কি না, এমন গুঞ্জনও শুরু হয়। ভালো ভালোয় সেই আপদ সামাল দিলেও একেবারে ফাইনালের দিন আবারও সমর্থকদের হাঙ্গামা। প্যারিসের ফ্যান জোনের ৯০ হাজার ধারণক্ষমতা পরিপূর্ণ হয়ে গেলে সেখানে আর কাউকে ঢুকতে দিচ্ছিল না পুলিশ। বাইরে থাকা সমর্থকেরা তখনই হাঙ্গামা শুরু করেন। জলকামান দাগিয়ে পরিস্থিতি শান্ত করে পুলিশ। আশার কথা, এবারের ইউরো হয়তো এই উচ্ছৃঙ্খল সমর্থকদের জন্য নয়; মনে থাকবে আইসল্যান্ডের ‘ভাইকিং আর্মি’র জন্য। তাদের খেলোয়াড়দের সঙ্গে মিলে পুরো গ্যালারির সেই উদ্‌যাপনও মনে রাখতে হবে। দুই আয়ারল্যান্ডের সমর্থকেরাও বাহবা পেয়েছেন। সন্ত্রাসী হামলার আশঙ্কায় নিরাপত্তার কালো মেঘ মাথায় নিয়েই শুরু হওয়া ইউরোতে মাঠের বাইরে একদল বুনো সমর্থক যখন পুলিশের কাজ আরও কঠিন করে তুলছিলেন, সেই সময় আইরিশ সমর্থকেরা মাঠে গেয়েছেন, ‘ফরাসি পুলিশের পাশে দাঁড়াও’।

.
.

তফাত যাও

এমনিতেই ইউরোর শুরুটা ভালো হয়নি। তার ওপর ঘুম থেকে উঠে অনুশীলনে যাওয়ার পরই যদি মুখের সামনে হাজির হয় উৎপাত? ক্রিস্টিয়ানো রোনালদো তাই সাংবাদিকের বাড়িয়ে ধরা মাইক্রোফোনটাই ছুড়ে ফেলে দিলেন পানিতে! ইউরোর শুরুর দিকেই আলোচিত এই ঘটনার জন্ম দেন পর্তুগাল অধিনায়ক। ভিডিওটি ছড়িয়ে পড়লে গুঞ্জন রটে, ওই সাংবাদিক নাকি জিজ্ঞেস করেছিলেন আগের রাতে কোপা আমেরিকায় করা লিওনেল মেসির দুর্দান্ত ফ্রি-কিক নিয়ে। এতেই রোনালদোর মেজাজ বিগড়ে গিয়েছিল! পরে অবশ্য জানা যায়, এটি নিতান্তই গুঞ্জন। সেই টিভি সাংবাদিকের প্রশ্নটা ছিল নিরীহ গোছেরই। কিন্তু সকালে বেলাতেই যে রোনালদোর মেজাজটা অমন মাঝদুপুরের সূর্যের মতো তেতে আছে, বেচারা সাংবাদিক তো আর তা জানতেন না! বাকিদের টপকে ঢুকে পড়েছিলেন অনুশীলনে। ভেবেছিলেন ‘স্কুপ’ মেরে দেবেন। উল্টো মার গেল মাইক্রোফোনটাই। পরে অবশ্য সেটি উদ্ধার করে তোলা হয়েছে নিলামে।

.
.

ছেঁড়াফাঁড়া

বেশ ফাঁড়া গিয়েছিল ফ্রান্স-সুইজারল্যান্ড ম্যাচে। আক্ষরিক অর্থেই! এক-দুজন নয়, সুইজারল্যান্ডের চার-চারজন খেলোয়াড়ের জার্সি সেদিন ছিঁড়ে গেল! ফুটবলে জার্সি ধরে টানাটানি তো কম হয় না। একটু শক্তপোক্ত করে বানালে কী এমন ক্ষতি! মাঠে আধা উদোম গা দেখাতে সবার ভালো না-ও লাগতে পারে। যেমন লাগেনি সুইজারল্যান্ডের সবচেয়ে বড় তারকা জেরদান শাকিরির। রীতিমতো ধুয়ে দিয়েছিলেন তাঁদের জার্সি প্রস্তুতকারক পিউমাকে। একটুতেই ছিঁড়ে গেছে বলে খোঁচা দিয়ে বলেছিলেন, ‘আশা করি পিউমা কনডমও বানায় না।’ ইঙ্গিতটা পরিষ্কার। খোঁচাটাও। পিউমার এমন দুঃসময়ে কি তাদের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী অ্যাডিডাস খুব মজা লুটেছে ভেবেছেন? এবারের ইউরোতে সরবরাহ করা অ্যাডিডাসের বানানো বিশেষ বলও ফেটে গেছে। কী আশ্চর্য, সেটা সেই ফ্রান্স-সুইজারল্যান্ড ম্যাচেই! ওই ম্যাচে অনেক কিছুই হয়েছে, কেবল গোলটাই হয়নি।