রইল না আর কেউ

হারাধনের একটি ছেলে কাঁদে ভেউ ভেউ। মনের দুঃখে বনে গেল রইল না আর কেউ। না, অ্যাঙ্গেল ডি মারিয়া বনে যাননি। রিয়াল মাদ্রিদ ছেড়ে গেছেন বিশ্বের অন্যতম সেরা আরেকটি ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে। গত মৌসুমে রিয়ালের অন্যতম সেরা খেলোয়াড়, চ্যাম্পিয়নস লিগ ফাইনালের ম্যান অব দ্য ম্যাচ এই মৌসুমে একাদশে অনিশ্চিত হয়ে পড়েছিলেন। কিছুটা অভিমানভরেই তাই ডি মারিয়া বিদায় নিলেন বার্নাব্যু থেকে। তিনি কাঁদেননি। কিন্তু তাঁকে হারিয়ে কি কাঁদেনি অনেক রিয়াল সমর্থক? আর শুধু সমর্থক কেনো, সতীর্থদের কাছেও কতটা প্রিয় ছিলেন সেটা বোঝা যাবে শুধু একটা ব্যাপার জানলেই। ডি মারিয়াকে রিয়ালে ধরে রাখতে শেষ পর্যন্ত নাকি চেষ্টা করে গেছেন খোদ ক্রিস্টিয়ানো রোনালদো। কিন্তু রিয়ালের নয়নের মণি পর্তুগিজ এই ফরোয়ার্ডের চেষ্টাও ব্যর্থ হয়েছে। ডি মারিয়ার বিদায়ে রিয়াল মাদ্রিদের আর্জেন্টাইন অধ্যায়েও যেন পড়ল যতি।
চার বছর আগেও রিয়াল একাদশের গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন চার আর্জেন্টাইন ডি মারিয়া, ফার্নান্দো গ্যাগো, এজেকিয়েল গারাই ও গঞ্জালো হিগুয়েইন। গ্যাগো, গারাই, হিগুয়েইন গেছেন আগেই। ‘হারাধনের একটি ছেলে’ হয়ে ছিলেন শুধু ডি মারিয়া। এবার তাঁরও বিদায়ে বার্নাব্যুতে আর কোনো আর্জেন্টাইনই রইল না।
আট বছর পর এই প্রথম রিয়াল মাদ্রিদে খেলছেন না কোনো আর্জেন্টাইন। গত ২০ বছরেই এমন ঘটনা ঘটল মাত্র দ্বিতীয়বার! এই মৌসুমে কি আর্জেন্টাইনদের সমর্থন কিছুটা হারাবে রিয়াল? প্রশ্নটা তুলেছে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা।
প্রায় শতবর্ষ আগে (১৯১১ সালে) দুই ভাই সাতেরো ও হোসে ইউলোহিও আরাঙ্গুরেনকে দিয়ে শুরু হয়েছিল রিয়াল-আর্জেন্টিনার এই মেলবন্ধন। পরিসংখ্যান বলছে, সেই থেকে এ পর্যন্ত মোট ২৯ জন আর্জেন্টাইন খেলেছেন রিয়ালের হয়ে। আর এঁদের বেশির ভাগই খেলেছেন দাপটের সঙ্গেই। এমনকি রিয়াল মাদ্রিদ ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে মনে করা হয় যাঁকে, সেই আলফ্রেডো ডি স্টেফানোও একজন আর্জেন্টাইন। পঞ্চাশের দশকে শেষ দিকে রিয়ালকে টানা পাঁচবার চ্যাম্পিয়নস লিগ জেতানো ছাড়াও যিনি পরে কোচের দায়িত্ব সামলেছেন। মৃত্যুর আগ পর্যন্ত ছিলেন রিয়াল মাদ্রিদের সাম্মানিক সভাপতিও।
আশির দশকে টানা তিন মৌসুম রিয়াল মাদ্রিদে খেলে পরে কোচ হিসেবে রিয়ালকে লা লিগা জিতিয়েছেন আরেক আর্জেন্টাইন ফরোয়ার্ড হোর্হে ভালদানো। ছিলেন ক্লাবটির ক্রীড়া পরিচালক এবং প্রধান নির্বাহীও। কোচ হিসেবে ১৯৫৭ থেকে ১৯৫৯ সাল পর্যন্ত রিয়ালকে দুবার ইউরোপিয়ান কাপ ও একবার লা লিগা জিতিয়েছেন আর্জেন্টিনার লুইস কারনিগলিয়া। এমনকি এখন পর্যন্ত যে দশবার ইউরোপ-সেরা হয়েছে রিয়াল, তার নয়বারই দলে ছিলেন কোনো না কোনো আর্জেন্টাইন খেলোয়াড়।
মাস দুয়েক আগে ডি স্টেফানোর মৃত্যু আর তারপর ডি মারিয়ার এই বিদায় নিশ্চিত করেছে, শুধু মাঠে নয়, এমনকি রিয়ালের পর্ষদ কিংবা সভাকক্ষেও আর কোনো আর্জেন্টাইন থাকলেন না! মার্কা।