রকমারি

মেসির জন্য সাগর পাড়ি!
সুলির মতো বোকা আর হয়? সাগরে সাঁতরাতে নেমে কেউ মুঠোফোন সঙ্গে নেয়! এতটুকু পড়েই মনে হতে পারে সুলি আবার কে এবং এত বড় বোকামি কীভাবে করেন একজন! তাহলে জেনে রাখুন, এই স্প্যানিয়ার্ডের মতো ভাগ্যবান মানুষ খুব কমই আছেন। একটি পলিথিনে মুঠোফোন মুড়ে এক কিলোমিটার সাঁতরেছেন বলেই আজীবন গল্প করার মতো এক স্মৃতির মালিক হলেন সুলি।
ইবিজায় ছুটি কাটাতে গিয়েছিলেন তিনি। সেখানে গ্রীষ্মের ছুটি কাটাচ্ছেন লিওনেল মেসিও। তীর থেকে মেসির ইয়ট চিনতে পেরেই সাগরে নেমে যান সুলি, সঙ্গে নেন মুঠোফোন। উদ্দেশ্য, প্রিয় তারকার সঙ্গে যে করেই হোক সেলফি তোলা। সাঁতরে ইয়টের কাছে পৌঁছে যান, মেসিকে জানানো হয় তাঁর এই পাগল ভক্তের কথা। মেসি হতাশ করেননি, সুলিকে ডেকে নেন তাঁর প্রমোদতরিতে। সেলফি তুলতে গিয়েই মাথায় হাত, নষ্ট হয়ে গেছে মুঠোফোন! তখন একটি ছবি তুলে তা সুলিকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। এখানেই থামেনি মেসির আতিথেয়তা, সুলিকে জুস খাওয়ার আমন্ত্রণ জানান, ২০ মিনিট কথাও বলেন তাঁর সঙ্গে। এরপর একটি স্পিডবোটের ব্যবস্থা করেন, যাতে আর সাঁতরে নয়, স্বাভাবিকভাবেই তীরে ফিরতে পারেন সুলি। ডেইলি মেইল।
গল্পের শেষে একটা ‘টুইস্ট’ আছে অবশ্য। সুলি কিন্তু অ্যাটলেটিকো মাদ্রিদ সমর্থক!
আরও শক্তিশালী রোনালদো!
রিয়াল মাদ্রিদ সমর্থকদের একটু মন খারাপ হওয়ারই কথা। দুই দিন আগে জানা গেল, দলের প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়াই নাকি লিগ শুরু করতে হবে রিয়ালকে। চোট থেকে সেরে উঠতে একটু বেশি সময় লাগছে পর্তুগিজ ফরোয়ার্ডের। কী আর করা, চোটের ব্যাপার তো মেনে নিতেই হবে। তবে ভক্তদের মন খারাপ ভাবটা কাটানোর ব্যবস্থা এবার নিজেই করলেন রোনালদো। প্রতিশ্রুতি দিলেন চোট কাটিয়ে আরও শক্তিশালী হয়ে ফেরার।
ইউরোর ফাইনালের ২৫ মিনিটে হাঁটুর চোট নিয়ে মাঠ ছেড়ে যেতে হয়েছিল রোনালদোকে। তবে শেষ পর্যন্ত আর সেটি আক্ষেপ হয়ে থাকেনি পর্তুগাল অধিনায়কের। ইউরোর ট্রফি উঠেছে তাঁর হাতেই, পর্তুগাল ইতিহাসে প্রথম আন্তর্জাতিক শিরোপা। এরপর থেকে ছুটিতে আছেন ‘সিআর-৭’। তবে দিন দুয়েক আগে স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, চোট কাটিয়ে মাঠে ফিরতে অন্তত সেপ্টেম্বরের মাঝামাঝি লাগতে পারে রিয়াল ফরোয়ার্ডের।
তার মানে মৌসুম শুরুর উয়েফা সুপার কাপ ও লিগের প্রথম দু-তিনটি ম্যাচে থাকছেন না রোনালদো। সেটি নিয়ে ভক্তদের আক্ষেপ কমাতেই হয়তো, ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন রোনালদো। যাতে বলেছেন, ‘ভক্তদের আলিঙ্গন! সবাইকে জানাতে চাই, সবকিছু ঠিক আছে। আমি আরও শক্তিশালী হয়েই ফিরব। পর্তুগালের জয় হোক!’
চ্যাম্পিয়নস লিগ ও ইউরো জিতে গত মৌসুম শেষ করেছিলেন। এবার ‘আরও শক্তিশালী’ রোনালদো কোথায় গিয়ে থামবেন? মার্কা।
ইউনাইটেডের ‘নতুন ফার্গুসন’

হোসে মরিনহোকে ঘিরে ম্যানচেস্টার ইউনাইটেড সমর্থকদের উচ্ছ্বাস কমার যেন কোনো লক্ষণই নেই। কমবেই বা কেন! বর্তমান সময়ের অন্যতম সেরা কোচ বলে কথা! তবে শুধু ইউনাইটেডের কর্মকর্তা বা সমর্থকই নয়, প্রতিপক্ষ কোচরাও যেন মরিনহোকে নিয়ে উচ্ছ্বসিত! ক্লদিও রানিয়েরিকেই দেখুন। প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লেস্টার সিটি কোচ তো মরিনহোকে ইউনাইটেডের ‘নতুন ফার্গুসন’ উপাধিই দিয়ে দিলেন।
২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসন অবসর নেওয়ার পর থেকেই ইউনাইটেডে সেই জৌলুশ অনেকটা হারিয়ে গেছে। ডেভিড ময়েসের দিশেহারা ১০ মাসের পর লুই ফন গালের ‘ঘুম পাড়ানি’ দুই বছর—এখন মরিনহোতেই নতুন স্বপ্ন দেখছে রেড ডেভিলরা। রানিয়েরি তো যেন দিব্যদৃষ্টিতে ইউনাইটেডে ‘ফার্গি-যুগে’র গৌরব ফিরতে দেখছেন। ডেইলি মিররকে ৬৪ বছর বয়সী ইতালিয়ান বলেছেন, ‘মরিনহোই নতুন ফার্গুসন হতে পারেন। ম্যানচেস্টারে ২৬ বছর হয়তো থাকবেন না তিনি, তবে নিজের ছাপ ঠিকই রেখে যাবেন।’
ইউনাইটেডে মরিনহোর প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচই হবে রানিয়েরির লেস্টারের বিপক্ষে, ৭ আগস্ট কমিউনিটি শিল্ডে। দুজনের সর্বশেষ দেখায় লেস্টারের কাছে হারের পরই চেলসি থেকে বরখাস্ত হয়েছিলেন মরিনহো। গোল ডটকম।