রক্তপাতের সূর্য ডুবলে বার্সা হবে একলা আকাশ
‘..প্রতীক্ষাতে প্রতীক্ষাতে
সূর্য ডোবে রক্তপাতে
সব নিভিয়ে একলা আকাশ নিজের শূন্য বিছানাতে।’
প্রতীক্ষা তো ছিলই। হয়েছে রক্তপাতও—বার্সেলোনা থেকে এই বিশ্বসংসারে ক্লাবটির সমর্থকদের অন্তরে। ‘সূর্য’ ডুবে যাওয়ার ভয় পেয়ে বসেছিল তাঁদের। আর আকাশ? সে তো বার্সেলোনা—লোকে বলে ‘মোর দ্যান অ্যা ক্লাব’—অনেকের কাছে তা আকাশের তুল্যই। সেই আকাশের সূর্য যখন নিজেই ডুবে যেতে চায় তখন তার নিচের ভূখণ্ডে সমর্থকদের মনে রক্তপাত হওয়াই স্বাভাবিক। তাই প্রতীক্ষা ছিল। কী বলবেন তিনি শেষ পর্যন্ত?
শেষ পর্যন্ত তিনি ওই কথাটাই বললেন যা বার্সা সমর্থকেরা চেয়েছিল। থেকে যাবেন। তবু ‘আকাশ’টা কেমন একলা লাগছে। সূর্য আছে, আকাশও আছে—তবু এ দুইয়ের মাঝে কেমন আলোকবর্ষ ফারাক। নিচ থেকে দেখলে মনে হয় মধ্যবিত্তের অভিমানের সংসার। লোকের সামনে হাসিখুশি, কিন্তু কপাট আটকানোর পর বিস্তর ব্যবধান। আয়তাকার সবুজ গালিচার বিছানায় অদৃশ্য ফারাক রেখে যে যাঁর পরিসরে ভাগের জায়গাটুকু বুঝে নিতে চায়। আলো নিভলে ঘরটা তাই শূন্য লাগে। আর এই শূন্যতা বোধটুকু বার্সা সমর্থকদের। তাঁর দায় নেবেন কে? মেসি না বার্তোমেউ?
ক্যাম্প ন্যু-র আকাশে আর থাকতে চান না—মেসি এ কথাটা বলতে দেরি করেছেন। আকাশটা ভালোবাসেন বলেই হয়তো দ্বিধা ছিল, সেই চিরায়ত লাজুক বাঙালি-বধূর মতো, কষ্টে বুক ফাটবে তবু মুখ ফুটবে না! এত দিনের সংসার, হোক না মেকি তবু তো ওই সংসারটাই তাঁর মানুষ হয়ে বাঁচার স্বীকৃতি। তাঁর শেকড়। তা ছিন্ন করা এত সহজ না। বলে ফেলার পর যখন পঞ্চায়েত বসল, বিবাদীপক্ষের যুক্তি ধোপে টিকে গেল। অতএব থাকতে হবে। মেসির সেটাও মেনে নেওয়ার স্বীকারোক্তি দিতে দেরি হলো। কথা ছিল কাল বাংলাদেশ সময় রাত ৯টায় বলবেন। ৯টা বেজে ৫..১০...১৫...২০ মিনিট। বাজল ১০টা।
এর-ও পরে মেসি বললেন ওই কথাটা, যা চেয়েছে বার্সা সমর্থকেরা। সেটা কি তাঁর নিজের কথা? দুঃখিত, এ প্রশ্ন এখন অবান্তর। কারণ, ভাঙা ঘর তো জোড়া লেগেছে। কিন্তু ফাটলটা? সেটা কি মুছে গেছে? অপরিণামদর্শী এবং কথা দিয়ে কথা না রাখা কর্তার সংসার মৌসুমের পর মৌসুম প্রায় একাই টেনে চলার পর যখন হাল ছেড়ে দিতে মন চায়, তখনই মুখ বুজে হার স্বীকার করে ঘরে ফেরাকে কি ফেরা বলে? বলা যায়?
রহস্যে ঘেরা, সবার চোখের আড়ালে থাকা চুক্তিপত্র নাকি বলছে, মেসি এখনো বার্সেলোনার খেলোয়াড়। লোকে পরিহাস করে বলছে ‘ইউ টার্ন’—মানে যা বলেছিলেন, যা করতে চেয়েছিলেন, হলো ঠিক তার উল্টো। মন পাল্টে মেসি এখন থাকবেন। কথাটায় ভুল রয়ে যায়। যেতে না পারলে থাকা ছাড়া পথ কী! যেতে দেওয়া না হলে পরবর্তী সুযোগ না আসা পর্যন্ত নিজের কাজটা করে যাওয়া-ই তো বুদ্ধিমানের কাজ। না, মেসি মন পাল্টাননি। ছেড়ে যাবেন সে কথা মাথায় রেখেই এ মৌসুমে লড়বেন বার্সার জন্য, নিজেকে নিংড়ে দেবেন আরও একবার—বিশ্বাসের সম্ভ্রমহানি করা কর্তার মানরক্ষায়।
এ ছাড়া কোনো পথ নেই। শুধু মেসির নয়, পথ নেই বার্সারও। আসছে মৌসুমে কিছু জিততে হলে মেসিকে উদ্দীপ্ত করতেই হবে। বোঝাতে হবে দুটো বাসন পাশাপাশি থাকলে ঠুক-ঠাক লাগবেই। যদি এ কাজটা বার্সা সফলতার সঙ্গে করতে পারে তাহলে ফুটবলে ফিরে আসতে পারে ‘লাস্ট ড্যান্স’—সেই যে মাইকেল জর্ডান ও শিকাগো বুলসের গল্পটা। শেষ মৌসুমে প্রায় সবকিছু জিতে বুলস-গল্পের ইতি টেনেছিলেন জর্ডান। তবে এখানেও কথা থাকে। মেসি কাগজে-কলমে হয়তো বার্সা ছাড়তে পারবেন। কিন্তু মনে মনে? কালও ফিরে আসার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতেই বলেছেন, বার্সা তাঁকে সব দিয়েছে—যে সব দেয় তাঁকে হয়তো কাগজে-কলমে ছেড়ে যাওয়া যায় কিন্তু মনে মনে? মন পোড়ে।
আর তাই মেসি-বার্সা সম্ভাব্য বিচ্ছেদ থেকে জোড়া লাগার ঘটনাটা বারবার মনে করিয়ে দিচ্ছে গ্রাম্য সালিস আর একটা ভাঙা সংসারকে জোড়া লাগানোর চিরায়ত গল্পকে। যেখানে সালিস শেষে দুই পক্ষের মিল করিয়ে দেওয়ার পর গোপনে একটা হিসেব চলে। জিতল কে?
কে আবার! বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ। হারটা কার সেটাও সবার জানা। তবে বাংলাদেশের পারিবারিক সিনেমা দেখার অভ্যাস থাকলে তেমন না-ও মনে হতে পারে—যেখানে সিনেমার শেষে বারবার চিরায়ত লাজুক বাঙালি-বধূরাই জয়ী হন। কীভাবে—সে দীর্ঘ চোখ ছলছলে করে তোলা আলোচনায় না গিয়ে চলুন অন্য কিছু বিষয়ে নজর বোলানো যাক।
বার্সা ছাড়ার ব্যাপারে মনস্থির করেই মেসি বুরোফ্যাক্স করেছিলেন ক্লাবকে। এখান থেকে জটিলতা শুরুর পর মেসি কিন্তু আর এগোতে চাননি। মানে যেতে চাননি আদালত পর্যন্ত। অস্তিত্বের সঙ্গে মিশে যাওয়া ক্লাবকে তুলতে চাননি কাঠগড়ায়।
মেসি যখনই যান না কেন, বার্তোমেউয়ের নামটা উঠে আসবে বারবার
প্রশ্ন উঠতে পারে ফিরবেনই যদি তাহলে যেতে চাইলেন কেন? মেসি সরাসরি বলেছেন, পুরো দায়টা ক্লাবের বর্তমান প্রশাসনের। ক্লাবের ‘উইনিং প্রজেক্ট’ নেই, ত্রিশোর্ধ্ব খেলোয়াড়ে ভরা দল, এই দল নিয়ে কিছু জেতা কঠিন—কতবারই তো এমন কথা শোনা গেছে। কিন্তু বার্সা সভাপতি গা করেনি। এদিকে বুড়িয়ে যাওয়া দলটাকে প্রায় একাই বয়ে নিতে নিতে ক্লান্ত মেসিরও মনে হয়েছে, তিনি পড়েছেন শুভংকরের ফাঁকিতে। বার্তোমেউ প্রশাসনের কথা তুললে আদতে সেটাই। কালই মেসি বলেছেন, সভাপতি প্রতারণা করেছেন। গত মৌসুমে মেসি যতবার চলে যাওয়ার কথা বার্তোমেউকে বলেছেন ততবারই তাঁকে মৌসুমের শেষ পর্যন্ত অপেক্ষা করতে বলা হয়েছে। কিন্তু মৌসুম শেষে মেসি ক্লাব ছাড়ার কথা জানানোর পর বার্তোমেউ-ও ভোল পাল্টে ফেলেন। এসব কথা সংবাদমাধ্যমে আসার পর জয়টা আসলে কার?
কাল নিশ্চিত হওয়া গেল, বার্সায় অন্তত এক মৌসুম থাকবেন মেসি। এটা তাঁর নতুন ক্লাবে যোগ দেওয়ার প্রক্রিয়া ঠিক করতে সময় নেওয়াও হতে পারে। সে ক্ষেত্রে বার্তোমেউ প্রশাসনের ক্ষতি যা হওয়ার হয়ে গেছে। মোটামুটি বিশ্বব্রহ্মাণ্ড বুঝে গেছে, মেসি আজ হোক, কিংবা কাল হোক ক্লাব ছেড়ে যাবেন। সেটা আগামী মৌসুম শেষে হলেও এই আগস্টের শেষভাগ ও সেপ্টেম্বরের শুরুর দিনগুলো কিন্তু কেউ ভুলবে না। মেসি যখনই চলে যান না কেন, বার্তোমেউয়ের নামটা উঠে আসবে বারবার।
আর সমর্থকেরা? তাঁরা খুব ভালো করেই জানেন মেসির এই থেকে যাওয়া নিজের ইচ্ছার বিরুদ্ধে। তাই এখন থেকে মাঠে তাঁর যে কোনো ব্যর্থতার দায়ে বার্তোমেউয়ের নামও থাকবে। যদিও ব্যর্থতা শব্দটি মেসির অভিধানে স্পষ্ট করে লেখা নেই। মাঠে তাঁর পা দুটোর নীরবতা কিংবা মাথা নিচু করে মাঠ ছাড়া দেখেও ভক্তরা হয়তো বলে উঠবেন, এমন হতো না যদি বার্তোমেউ গত আগস্ট-সেপ্টেম্বরে...। শুধু তা-ই নয়, ৩৩ বছর বয়সী মেসিকে এখন ছাড়লে বার্সা আর্থিকভাবে যত লাভবান হতো, আগামী বছরের জুনে তাঁর চুক্তির মেয়াদ শেষে কিন্তু ফুটো পয়সাও পাবে না। আর হ্যাঁ, বার্সা সভাপতি নির্বাচন। আগামী বছরের মার্চে এই নির্বাচনে বার্তোমেউয়ের ইমেজের সবচেয়ে বড় ক্ষতিটা হলো এখন।
‘সিনেমার’ শেষাংশে তাই দেখা যেতে পারে—সূর্যহীন একলা অন্ধকার আকাশ পড়ে আছে।