রক্তাক্ত প্রান্তরে আনন্দ
গায়ে গোলাপি টি-শার্ট, সেখানে রোনালদোর ছবি। হাতে জিনেদিন জিদানের পোস্টার। আল কাইস একটু উদ্বিগ্ন চোখে তাকিয়ে আছেন আল ফুরাত ক্যাফের টিভি পর্দায়। প্রিয় দল রিয়াল মাদ্রিদ খেলছে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে, আল কাইসের মন পড়ে আছে হাজার কিলোমিটার দূরের সান সিরোতে। ভালোমতো খেয়াল করলে দেখা যায়, যে সোফায় বসে ছিলেন, সেখানে দুটি বড় ছিদ্র। দুই সপ্তাহ আগে এই সোফা ভেদ করে যাওয়া বুলেটের চিহ্ন তো কখনোই মুছে যাবে না!
আল ফুরাতে দুই সপ্তাহ আগের সেই রক্তাক্ত অতীতটা আল কাইস কখনোই ভুলতে পারবেন না। রিয়াল সমর্থকদের আড্ডায় সব সময় মুখর থাকত ক্যাফেটি। কিন্তু ওখানেই সেদিন উগ্র জঙ্গিগোষ্ঠী আইএসের ভয়াবহ এক সন্ত্রাসী হামলায় নিহত হন ১৪ জন রিয়াল মাদ্রিদ-ভক্ত। পরের দিন লা লিগার শেষ ম্যাচে রিয়াল নেমেছিল কালো বাহুবন্ধনী পরে। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ এরপর ঘোষণা দিয়েছিলেন, ফাইনালে জিতলে সেটি প্রয়াত ওই ১৪ জন সমর্থকের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করবেন। পেরেজ কাল জয়ের পরই তাঁর কথা রাখলেন, ‘এই জয়টা আমি ইরাকি সমর্থকদের জন্য উৎসর্গ করছি, যারা রিয়ালকে নিজেদের অস্তিত্বের অংশ মনে করে, তাদের ওপর এটা ছিল ভয়াবহ এক হামলা।’
পরশু সেই ক্যাফেতেই আবার সমবেত হয়েছিলেন রিয়াল সমর্থকেরা। গ্রেনেডের আঘাত তখনো দগদগে হয়ে আছে ক্যাফের দেয়ালে, শুকিয়ে যাওয়া রক্তের দাগও মিলিয়ে যায়নি। কিন্তু আল কাইস প্রাণের ঝুঁকি নিয়ে হলেও বার্তা দিতে চাইলেন জঙ্গিদের, ‘আজকের (পরশু) ম্যাচটা শুধু একটা ফুটবল ম্যাচ নয়, এটা দায়েশের (আইএসের) উদ্দেশে একটা চ্যালেঞ্জও।’ আরেক সমর্থক কাসেম ইসা আরেকটু পরিষ্কার করে দিলেন ব্যাপারটা, ‘আমরা আগে থেকেই এখানে ফাইনাল দেখার পরিকল্পনা করছিলাম। কিছু দ্বিধা থাকলেও শেষ পর্যন্ত আমরা সবাই এসেছি। আমরা দেখাতে চেয়েছি আমরা কতটা ঐক্যবদ্ধ।’ ফাইনালের আগে ক্যাফের চত্বর সাজানো হয়েছিল রঙিন বাতি দিয়ে। নিহত লোকজনের পোস্টার ঝুলছিল দেয়ালে। নিরাপত্তার জন্য ডজন খানেকের বেশি পুলিশও ছিল।
আল কাইসদের শেষ পর্যন্ত হতাশ হয়ে বাসায় ফিরতে হয়নি। কাইস যেমন রোনালদোর কাছ থেকে মনে মনে একটা গোল চাইছিলেন, ‘আমি নিশ্চিত, কয়েক দিন আগেও রোনালদো আমাদের নাম জানতেন না, এখন তিনি আমাদের শহীদদের জন্য কালো বাহুবন্ধনী পরে নেমেছেন। আশা করি, তিনি অন্তত একটা গোল করবেন।’
রোনালদো শেষ পর্যন্ত গোল পাননি, তবে টাইব্রেকারে তাঁর গোলেই রিয়াল পেয়েছে চ্যাম্পিয়নস লিগের একাদশ শিরোপা। অন্যলোক থেকে ১৪ জন রিয়াল সমর্থক কি রোনালদোর সেই আনন্দ দেখেছেন? এএফপি।