রক্ষণ ভুলে গেছে হরলান্ডহীন ডর্টমুন্ড
আর দশটা স্ট্রাইকারের মতো আর্লিং হরলান্ডের কাজ গোল করা। সে কাজে আর দশজন খেলোয়াড়ের চেয়ে একটু বেশিই দক্ষ তিনি। না হলে বার্সেলোনা, রিয়াল, ম্যানচেস্টার সিটি আর চেলসির মতো দলগুলো চাতকের মতো তাঁর অপেক্ষায় বসে থাকবে কেন?
এমন একজন স্ট্রাইকার চোটের কারণে না খেলতে পারলে দল গোল করার দিক দিয়ে সমস্যায় পড়বে, এটাই স্বাভাবিক। কিন্তু সব হিসাব-নিকাশ বদলে নিয়ে হরলান্ডহীন ডর্টমুন্ডের মূল সমস্যাটা যেন এ মুহূর্তে গোল করতে না পারার চেয়ে বেশি বেশি গোল খাওয়াই।
মাংসপেশির চোটের কারণে গত জানুয়ারির শেষ থেকেই মাঠের বাইরে এই নরওয়েজিয়ান তারকা। গত রাতেও ইউরোপা লিগে রেঞ্জার্সের বিপক্ষে নিজেদের মাঠে হরলান্ডকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল ডর্টমুন্ডকে। সেখানেও গোল খাওয়াটাই মার্কো রোজের মূল চিন্তার কারণ হয়ে থাকল। নিজেদের মাঠে হরলান্ডহীন ডর্টমুন্ড ৪-২ গোলে হেরেছে স্কটিশ ক্লাব রেঞ্জার্সের বিপক্ষে।
অথচ ম্যাটস হামেলস, মানুয়েল আকাঞ্জি, রাফায়েল গেরেইরো, ড্যান-অ্যাক্সেল জাগাদু-ডর্টমুন্ডের রক্ষণভাগে তারকা ও কার্যকর খেলোয়াড়ের অভাব নেই। কিন্তু রেঞ্জার্স ওসব পাত্তা দেয়নি।
প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল, পেনাল্টি থেকে ৩৮ মিনিটে গোল করেন ইংলিশ রাইটব্যাক জেমস টাভেরনিয়ের, ৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন কলম্বিয়ান স্ট্রাইকার আলফ্রেদো মোরেলোস।
দ্বিতীয়ার্ধেও একই দশা। ৪৯ মিনিটে গোল করেন ইংলিশ মিডফিল্ডার জন লুন্ডস্ট্রাম। ৫১ মিনিটে ডর্টমুন্ডের ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহ্যাম ব্যবধান কমালেও ৫৪ মিনিটে সেন্টারব্যাক ড্যান-অ্যাক্সেল জাগাদুর আত্মঘাতী গোল স্কোরলাইন ৪-১ করে ফেলে। ৮২ মিনিটে পর্তুগিজ লেফটব্যাক রাফায়েল গেরেইরোর গোলটা ডর্টমুন্ডকে কেবল সান্ত্বনাই দিয়েছে।
এই নিয়ে ঘরের মাঠে শেষ দুই ম্যাচে ৯ গোল খেল ডর্টমুন্ড। আগের ম্যাচ বুন্দেসলিগায় বায়ার লেভারকুজেনের কাছে ৫-২ গোলে হেরেছিল তাঁরা। বোঝাই যাচ্ছে, হরলান্ডকে ছাড়া গোল করার উপায় তারা মোটামুটি বের করতে পেরেছে ঠিকই, কিন্তু রক্ষণটা হয়ে পড়েছে অতিরিক্ত দুর্বল।
খেলতে না পারলেও গ্যালারিতে বসে খেলা ঠিকই দেখেছেন হরলান্ড। দেখতে দেখতে হয়তো ভেবেছেন, যে দলের রক্ষণেই এত সমস্যা, সে দলের হয়ে মুড়ি-মুড়কির মতো গোল করেই বা কী লাভ!