সবাই যা ভেবেছিলেন, সেটাই হয়েছে। এর আগে পেপ গার্দিওলার দলের বিপক্ষে তিনবার লড়েছিল দিয়েগো সিমিওনের দল। প্রত্যেকবারই একই ঘটনার পুনরাবৃত্তি দেখেছে বিশ্ব। আক্রমণনির্ভর গার্দিওলার দলকে আটকাতে জমাটবাঁধা রক্ষণের আশ্রয় নিয়েছেন সিমিওনে। আজও যার ব্যতিক্রম হয়নি।
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে দিয়েগো সিমিওনের আতলেতিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটি। ম্যাচের ৭০ শতাংশেরও বেশি সময় ধরে বল দখলে রেখেও একটার বেশি গোল করতে পারেননি মাহরেজ-স্টার্লিংরা। পুরো ম্যাচে গোল বরাবর শট নিয়েছেন মাত্র দুটি। আর এ সবকিছুই হয়েছে সিমিওনের অতিরক্ষণাত্মক মানসিকতার কারণে।
শেষমেশ আতলেতিকোর জমাট রক্ষণ ভাঙার চাবি নিয়ে মাঠে নামতে হয়েছে ইংলিশ মিডফিল্ডার ফিল ফোডেনকে। ফোডেনের পাসেই গোল করে আপাতত কোচ গার্দিওলাকে স্বস্তি দিয়েছেন বেলজিয়ান মিডফিল্ডার কেভিন ডি ব্রুইনা। কিন্তু গোটা ৯০ মিনিট ধরে আতলেতিকোর অতি রক্ষণাত্মক ফুটবলের বিপক্ষে খেলতে নেমে সিটির খেলোয়াড়, কোচ - সবাই যে বিরক্ত হয়েছেন, সেটা স্পষ্ট হয়ে উঠেছে ম্যাচের শেষ দিকে সিটি খেলোয়াড়দের বিভিন্ন ফাউলে।
হলুদ কার্ড দেখেছেন ব্রাজিলিয়ান স্ট্রাইকার গাব্রিয়েল জেসুস ও ডিফেন্ডার আয়মেরিক লাপোর্তে। জ্যাক গ্রিলিশ, ফিল ফোডেনও আতলেতিকোর একাধিক খেলোয়াড়ের সঙ্গে বচসায় জড়িয়েছেন। আর এ সবকিছুই হয়েছে আতলেতিকোর অতিরক্ষণাত্মক ফুটবলের সামনে নিজেদের স্বাভাবিক ফুটবল খেলতে না পারার হতাশা থেকেই।
ম্যাচশেষে আতলেতিকোর কোচ দিয়েগো সিমিওনেকে তাই এ নিয়ে দুকথা শোনাতে ভোলেননি গার্দিওলা। কাগজে-কলমে ৩-৫-২ ছকে নামলেও সিটির আক্রমণ ঠেকাতে প্রায়ই ৫-৩-২ ছকে রূপান্তরিত হচ্ছিল আতলেতিকোর একাদশ। তবে ৩-৫-২ কিংবা ৫-৩-২ নয়, গার্দিওলার কাছে মনে হয়েছে, আতলেতিকোকে সিমিওনে ৫-৫-০ ছকে খেলাচ্ছেন! অর্থাৎ পাঁচজন ডিফেন্ডারের সামনে পাঁচজন মিডফিল্ডার জানপ্রাণ দিয়ে রক্ষণ করে যাচ্ছেন, আক্রমণভাগে এসে গোল করার আগ্রহ নেই কারওর!
গার্দিওলার কাছে মনে হয়েছে, এমন ছক ভাঙার সাধ্য নেই কারওর, 'প্রাগৈতিহাসিক যূগ থেকে শুরু করে বর্তমান সময়ে, কিংবা আজ থেকে আরও কয়েক হাজার বছর পরেও ৫-৫ ছককে আক্রমণ করে গোল বের করে আনা বেশ কঠিন কাজ।'
কোচের কথার সুর ধরে গোলদাতা কেভিন ডি ব্রুইনাও নিজের বিরক্তি বুঝিয়ে দিয়েছেন ম্যাচ শেষে, 'এমন ম্যাচ খেলা অনেক কঠিন। ওদের পাঁচজন রক্ষণে ছিল, পাঁচজন মাঝমাঠে। খেলার জন্য জায়গাই পাওয়া যাচ্ছিল না। এমন ম্যাচে গোল না করতে পাররা জন্য কেউ যদি আমাদের কিছু বলে, আমি তাঁদের বলব নিজেরা আগে এমন পরিস্থিতির বিপক্ষে অনুশীলন করে দেখুন।'
আগামী সপ্তাহে দ্বিতীয় লেগের পর যেন এই কৌশল নিয়ে আর বিরক্তি প্রকাশ করতে না হয়, সেটাই হয়তো এখন লক্ষ্য গার্দিওলা-ডি ব্রুইনাদের!