রজনীর নীরব বিদায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রজনী কান্ত বর্মণ
রজনী কান্ত বর্মণ

খেলা না থাকলে মাঝেমধ্যেই উধাও হয়ে যাওয়া তাঁর পুরোনো অভ্যাস। পরিচিতজনেরা ধরে নেন পশ্চিমবঙ্গে গিয়েছেন। যেখানে হুগলিতে থাকে তাঁর স্ত্রী আর দুই শিশুকন্যা। খেলার আগে আবার ফিরে আসেন। গত কয়েক বছরের এই সূচিটা এবার বদলে ফেলেছেন রজনী কান্ত বর্মণ। এখন কলকাতা যাবেন নিজের ইচ্ছেমতো। খেলার জন্য আর অপেক্ষা নয়, সেই পিছুটান আর তাঁর নেই।
নীরবেই প্রায় ২০ বছরের ফুটবল জীবনের ইতি টেনে ফেলেছেন রজনী। বাংলাদেশের ফুটবলে যিনি বিখ্যাত হয়ে আছেন ২০০৩ সাফ ফুটবলজয়ী দলের অধিনায়ক হিসেবে। গত দেড়-দুই দশকে দেশের অন্যতম সেরা ডিফেন্ডার, মাঠে ছিলেন ‘ফাইটার’ হিসেবে পরিচিত।
সেই ‘ফাইটার’ মঞ্চ ছাড়লেন কোনো ঘোষণা ছাড়াই। অবসরের সময় তাঁর হয়েছে, এটা ঠিক। তবু চাইলে আরও কিছুদিন খেলা চালিয়ে যেতে পারতেন। গত বছরও শেখ রাসেলের একাদশে ছিলেন। এ বছর বাফুফেতে জমা পড়া ব্রাদার্সের খেলোয়াড় তালিকায়ও ছিল তাঁর নাম। কিন্তু গোটা মৌসুমেই রজনীর দর্শন মিলল না ফুটবল মাঠে। অতীতের ছায়া হয়ে থাকতে চান না বলেই ফুটবল থেকে গুটিয়ে নিয়েছেন নিজেকে। বন্দী করে ফেলেছেন গাজীপুরের মৌচাকে নিজের বাড়িতে।
রজনী সম্পর্কে সাংবাদিকদের একটা অনুযোগ থাকে সব সময়। তাঁকে ফোনেও পাওয়া যায় না। অবশেষে কাল ফোনে ধরা গেল। অন্য প্রান্ত থেকে ভেসে আসা কণ্ঠস্বর বুঝিয়ে দিল, এই রজনী অনেক নির্ভার, ‘ব্রাদার্স থেকে ডেকেছিল আমাকে, কিন্তু টাকাপয়সা না দিলে যাব কেন? এখন তো জুনিয়র খেলোয়াড় নই যে একটা টিমে টাকা না দিলেও পড়ে থাকব। আমি আর খেলব না। এখন বাড়িতেই থাকি। দেখি, হয়তো ব্যবসা-বাণিজ্য করব।’ তা তিনি করতেই পারেন। কিন্তু হঠাৎ করে দৃশ্যপট থেকেই হারিয়ে যাওয়ার কারণ কী? রজনী স্বভাবসুলভ হালকা সুরে বললেন, ‘অনেক দিন তো খেললাম। আর কত!’
শুধু খেলোয়াড়ি জীবনের ইতি টানাই নয়, অন্য কোনো ভূমিকাতেও ফুটবলের সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা নেই। এর পেছনে কোনো মান-অভিমানের ব্যাপার নেই বলেই তাঁর দাবি, ‘ফুটবল থেকে পুরোপুরিই দূরে আছি আমি। আবার যুক্ত হওয়ার সম্ভাবনাও আপাতত দেখছি না।’ ক্যারিয়ার নিয়ে কোনো অতৃপ্তিও নেই। ফুটবল থেকে যা পেয়েছেন, তাতেই তিনি খুশি।
রজনীর সমসাময়িক ফুটবলার মতিউর মুন্না নীরবে বিদায় নিয়েছেন। গোলরক্ষক আমিনুলও তাই। নজরুল আবাহনীর সঙ্গে থাকলেও আনুষ্ঠানিক অবসর নেওয়া হয়নি। রজনীর শেষটাও হলো একই রকম। বাংলাদেশের ফুটবলে এখন এটিই যেন রীতি হয়ে যাচ্ছে!