রজার্সকে ফুটবল বোঝালেন ফন গাল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুনির গোলে এগিয়ে গেল ইউনাইটেড। ছবি: রয়টার্স
রুনির গোলে এগিয়ে গেল ইউনাইটেড। ছবি: রয়টার্স

গত বিশ্বকাপটা কী দারুণই না কেটেছিল। অনেকের চোখে বিশ্বকাপের ‘সেরা ট্যাকটিশিয়ান’ ছিলেন লুই ফন গাল। এরপর নিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব। মৌসুমের শুরুর আগে লিভারপুলের কোচ ব্রেন্ডন রজার্স ফন গালের উদ্দেশে খোঁচা মেরে বলেছিলেন, পেছনের সব অর্জন ভুলে যান! এটা ইংলিশ প্রিমিয়ার লিগ। তীব্র প্রতিযোগিতাপূর্ণ এ টুর্নামেন্টে সব কৌশল ভেস্তে যায় নিমেষেই! শুরুটা হলোও তা-ই। লিগে নিজেদের পঞ্চম ম্যাচেও ইউনাইটেডের অবস্থান ছিল ১২তম।
কিন্তু দুর্ভাগ্যের পৃষ্ঠা ওল্টাতে শুরু করেছিলেন আরও আগে। আর আজ ওল্ড ট্রাফোর্ডে লিগে মৌসুমের প্রথম সাক্ষাতেই লিভারপুলকে ৩-০ ব্যবধানে হারিয়ে ফন গাল বোঝালেন, ওস্তাদ রেওয়াজ করলেও সাগরেদদের শোরগোল করতে নেই।
ম্যাচের ১২ মিনিটে ‘রেড ডেভিল’দের আনন্দে ভাসালেন ওয়েইন রুনি। তবে এ গোলটার পেছনে বড় অবদান আন্তোনিও ভ্যালেন্সিয়ার। লিভারপুলের দুই ডিফান্ডারকে ফাঁকি দিয়ে তিনিই বলটা বানিয়ে দিয়েছিলেন রুনিকে। এর পরই ডান পায়ের জোরালো শটে লিভারপুলের জালে বল পাঠিয়ে দিলেন ইউনাইটেড স্ট্রাইকার। ৪০ মিনিটে অ্যাশলি ইয়ংয়ের বাড়িয়ে দেওয়া ক্রসটা রবিন ফন পার্সি ফ্লিক করে পাঠিয়ে দিলেন হুয়ান মাতাকে। মুহূর্তেই হেডে বল জড়িয়ে দিলেন স্প্যানিশ মিডফিল্ডার। ৭১ মিনিটে তুলির শেষ অঁাচড়টা দিলেন ফন পার্সি নিজেই। লিভারপুলের ডিফেন্ডার দিয়ান লভরনের ভুলের সুযোগে বল চলে গেল মাতার কাছে। মাতা বল বাড়িয়ে দিলেন ফন পার্সিকে। ডাচ স্ট্রাইকারের দুর্দান্ত ফিনিশিংয়ে স্কোরলাইন দাঁড়ায় ৩-০।
লিভারপুলও মাঝেমধ্যে আক্রমণ চালিয়েছে। তবে ইউনাইটেড গোলরক্ষক ডেভিড গিয়ার দুর্দান্ত কিছু সেভে সেগুলো ব্যর্থ! ম্যাচে সবচেয়ে বেশি ব্যর্থতার পরিচয় দিয়েছেন লিভারপুল স্ট্রাইকার মারিও বালেতেল্লি। এখন পর্যন্ত লিগে গোলের খাতাটাই খুলতে পারলেন না ইতালিয়ান স্ট্রাইকার!
১৬ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে ফন গালের দলের অবস্থান তিনে, সমানসংখ্যক ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে ম্যানচেস্টার সিটির অবস্থান দুই ও ৩৯ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।