রজার্সের 'এভারটন-অভিশাপ'
কোন কুক্ষণে যে সূচিতে এভারটনের সঙ্গে ম্যাচটি পড়ে গেল আগেভাগেই! সেটা না হলে হয়তো চাকরিটা বেঁচে যায় লিভারপুলের মাত্রই সাবেক হয়ে যাওয়া কোচের। গত চার বছরে যে তৃতীয় কোচ হিসেবে ব্রেন্ডন রজার্স শিকার হলেন ‘এভারটন-দুর্ভাগ্যের’!
২০১১ সালের কথাটা অনেকেই হয়তো ভুলে গেছেন। কার্লো আনচেলত্তি চেলসিতে কঠিন একটা সময় পার করছিলেন। মে মাসে এভারটনের সঙ্গে গুডিসন পার্কে ১-০ গোলে হেরে গেল চেলসি। এর পর পরই চাকরি হারালেন আনচেলত্তি।
ডেভিড ময়েসের জন্য ব্যাপারটা আরও বেশি তিক্ত। এভারটনে দীর্ঘ ১১ মৌসুম কোচ থাকার পর এসেছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। গত বছর সেই এভারটনের কাছেই ২-০ গোলে হেরে বেজে যায় ময়েসের বিদায়ঘণ্টা।
রজার্সকে অবশ্য অন্য দুজনের মতো হারতে হয়নি, পরশু লিভারপুল ড্র করেছে। তবে ব্রিটিশ সংবাদমাধ্যম জানিয়েছে, জিতলেও রজার্সকে বিদায় নিতে হতো। তবে হোসে মরিনহো জেনে ‘স্বস্তি’ পাবেন, এভারটনের সঙ্গে খেলাটা সেই জানুয়ারিতে। তত দিন পর্যন্ত হয়তো নিশ্চিত থাকতে পারেন! এইচআইটিসি।