রদ্রিগেজকে পুলিশের তাড়া

নতুন বছরের শুরুটা পুলিশি হ্যাপা দিয়ে কে শুরু করতে চায়? হামেস রদ্রিগেজকে এখন না চাইলেও সেটি করতে হচ্ছে। গতিসীমা অতিক্রম করে গাড়ি চালানোর কারণে তো বটেই, পুলিশের নির্দেশ অমান্য করেছেন বলেও এখন শাস্তি পেতে পারেন রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার।
বাসা থেকে রিয়ালের অনুশীলন মাঠ ভালদেবেবাসে যাচ্ছিলেন রদ্রিগেজ। গাড়ি চালাচ্ছিলেন তীব্র গতিতে, রাস্তার পাশে সাদা পোশাকে থাকা পুলিশের গাড়ি খেয়ালই করেননি। রদ্রিগেজকে এভাবে গাড়ি চালাতে দেখে পুলিশ সাইরেন বাজিয়ে থামার ইঙ্গিত দেয়। কিন্তু কিসের কী, রদ্রিগেজ পাত্তাই দেননি। ঝড়ের বেগে গাড়ি চালিয়ে চলে এলেন মাঠে। পরে সেখানে ঢুকেই পুলিশ রদ্রিগেজের সঙ্গে কথা বলেছে।
পুলিশ জানিয়েছে, কলম্বিয়ান মিডফিল্ডার তাঁর অডি গাড়ির গতি ঘণ্টায় ২০০ কিলোমিটারের বেশি তুলেছিলেন। কিন্তু পুলিশের সাইরেনে রদ্রিগেজ গাড়ি থামাননি কেন? রদ্রিগেজ বলেছেন, ওই সময় কানে হেডফোন থাকায় শুনতে পাননি। তবে স্বীকার করেছেন, অনুশীলনে দেরি হয়ে যাওয়ায় গাড়ি একটু জোরেই চালিয়েছিলেন। আপাতত তাঁকে পুলিশি হেফাজতে যেতে না হলেও খুব সম্ভবত ড্রাইভিং লাইসেন্স হারাচ্ছেন। কিছুদিন আগে রদ্রিগেজের রিয়াল-সতীর্থ করিম বেনজেমাও যে জোরে গাড়ি চালিয়ে সাময়িকভাবে লাইসেন্স হারিয়েছেন। এএস।