রদ্রিগেজের সঙ্গী ফ্যালকাও!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বকাপের কয়েক মাস আগে বড় একটা ধাক্কা খেল কলম্বিয়া। হাঁটুর চোটে বিশ্বকাপে খেলা অনিশ্চিত হয়ে গেল রাদামেল ফ্যালকাওয়ের। শেষ পর্যন্ত তো বিশ্বকাপে খেলতেই পারলেন না মোনাকোর কলম্বিয়ান স্ট্রাইকার। বিশ্বকাপ শেষে কলম্বিয়ার আফসোস হয়তো আরেকটু বেড়েছে। হামেস রদ্রিগেজের ঘাড়ে চড়ে কলম্বিয়া চলে যায় কোয়ার্টার ফাইনালে। ফ্যালকাও থাকলে আরেকটু দূর হয়তো যাওয়াই যেত!
কলম্বিয়াতে দুজনের পুনর্মিলনীর জন্য আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে সেটি শিগগিরই হয়ে যেতে পারে রিয়াল মাদ্রিদে।৮ কোটি ইউরো দিয়ে রদ্রিগেজকে আগেই নিয়ে এসেছে রিয়াল। শোনা যাচ্ছে, এবার চলে আসতে পারেন ফ্যালকাওও। রদ্রিগেজ নিজেই খুব করে চাইছেন এটা, ‘আমি নিশ্চিত সে এখানে খেলতে পারবে। তবে সে আসবে কি না সেটা তো আর আমি ঠিক করতে পারি না। এটা প্রেসিডেন্টের (ফ্লোরেন্তিনো পেরেজ) ব্যাপার। তবে সে এখানে আসতে পারে, কারণ জয়ী হওয়ার মতো দক্ষতা ও মনোভাব ওর আছে।’
তবে ক্লাব পর্যায়ে কিন্তু দুজন অনেক দিন ধরেই একসঙ্গে খেলছেন। ২০১০ সালে এফসি পোর্তোতে নাম লেখান রদ্রিগেজ। তার এক মৌসুম আগ থেকেই পর্তুগিজ ক্লাবটিতে খেলছিলেন ফ্যালকাও। সেখানে সতীর্থ ছিলেন দুই বছর। পরে ফ্যালকাও দল বদলে চলে আসেন অ্যাটলেটিকো মাদ্রিদে। রদ্রিগেজ থেকে যান পোর্তোতেই। গত মৌসুমে আবার মোনাকোতে চলে আসেন দুজন। রদ্রিগেজ মনে করছেন, ‘আমি ওর সঙ্গে চার বছর ধরে খেলছি। শুধু অ্যাটলেটিকোতে যাওয়ার পর আমরা আলাদা ছিলাম। তার জয়ের মানসিকতা আছে, মাদ্রিদে যেটা সবচেয়ে বেশি দরকার। আশা করি সে আসবে।’
এ মুহূর্তে রিয়ালের আক্রমণে অবশ্য তারার ছড়াছড়ি। ক্রিস্টিয়ানো রোনালদো, গ্যারেথ বেল, করিম বেনজেমারা আগে থেকেই ছিলেন।রদ্রিগেজ নিজেই প্রথম একাদশে কীভাবে খেলবেন সেটা এখনো অনিশ্চিত। ২৩ বছর বয়সী প্লে-মেকার অবশ্য ধৈর্য ধরছেন, ‘প্রথমে একাদশে থাকার জন্য ভালোমতো অনুশীলন করতে হবে আমাকে। অনেকে তো তিন থেকে চার বছর ধরে একসঙ্গে খেলছে। আমি ওদের শ্রদ্ধা করি, আমি একটু একটু করে এগোতে চাই। সুযোগ পেলে আমি নিজের মান দেখাতে চাই। আমি খুশি, কারণ একটা স্বপ্ন পূরণ হয়েছে।’
বিশ্বকাপের আগেই জানিয়েছিলেন রিয়ালে খেলাটা তাঁর স্বপ্ন। বার্নাব্যুতে এসে সেটা আরও একবার জানালেন, ‘আমি যখন জানলাম মাদ্রিদ আমাকে চায়, আমি আমার পক্ষে যা সম্ভব তার সবটুকুই করেছি। এটা বিশাল ব্যাপার, এখানে আসার জন্য আপনাকে ওই মানের খেলোয়াড় হতে হবে।’ গোলডটকম।