রনিরা গোল পাওয়ায় কোচের কিছুটা স্বস্তি
সবার মনেই একটা শঙ্কা। ভুটান থেকে হাসিমুখে ফিরতে পারবে বাংলাদেশ? ১০ অক্টোবর ভুটানের সঙ্গে না হেরে যদি গোল করে ড্রও করে বাংলাদেশ, তাহলেও যেতে পারবে এশিয়ান কাপের বাছাইয়ে। ভুটানের সঙ্গে ঘরের মাঠে প্রথম প্লে-অফের সুবিধাটা নিতে না পারায় এখন ভীষণ চাপে বাংলাদেশ। তাই থিম্পুর ম্যাচটা শঙ্কার চোরাস্রোত বইয়ে দিচ্ছে দলে।
তবে টম সেন্টফিট কিছুটা স্বস্তিবোধ করছেন এই ভেবে, খেলোয়াড়েরা লিগে গোল পেয়েছেন সিলেটের দুই রাউন্ডে। এটিকে বেশ বড় করেই দেখছেন জাতীয় দলের কোচ। সিলেটে শাখাওয়াত রনি ১ গোল করেছেন। লিগে শেষ তিন ম্যাচে তাঁর গোল দুটি। হেমন্ত গোল পেয়েছেন ঢাকায়। আরামবাগের জাফর পরশু করেছেন দুটি গোল, আবদুল্লাহ একটি। গোল পেয়েছেন জুয়েল রানা, ইব্রাহিমও।
তাই সেন্টফিট বলছেন, ‘এটা আমার জন্য কিছুটা স্বস্তিদায়ক। খেলোয়াড়েরা গোলের রাস্তাটা বের করতে পারছে। আশা করি, ভুটানের সঙ্গেও তারা গোল পাবে।’ গোল পাওয়ার জন্য কোচ ক্যাম্পে এনেছেন এমিলি, এনামুল, অনূর্ধ্ব-১৬ দলের সাদ, নিপুকেও। এঁদের থেকেও যে কাউকে চূড়ান্ত দলে নিতে পারেন।
এমিলি সুযোগ পাওয়ার চেষ্টা করছেন। তবে না পেলেও তাঁর বিশ্বাস, ভুটানকে হারানো সম্ভব, ‘ওরা এমন দল নয় যে, আমরা জিততে পারব না।’ প্রথম ম্যাচে গোলশূন্য ড্রটা এই স্ট্রাইকারকে হতাশই করেছে। চোটের কারণে দলের বাইরে থেকে ম্যাচটা দেখে তাঁর মনে হয়েছে, অতিরিক্ত গোল নষ্ট করাই জিততে না পারার কারণ। বলেছেন, ‘ভুটানে কিন্তু গোল নষ্ট করার বিলাসিতা দেখালে সর্বনাশ হতে পারে।’
তবে কোচের জন্য চিন্তার কারণ গতকালও পুরো দলটাকে অনুশীলনে পাননি। লিগের কারণে পরশু প্রথম দিন পেয়েছেন ১২ জন। কাল ২৫। বাকি আটজন চট্টগ্রাম আবাহনীর। তাঁরা আসবেন আজ।