রবার্টসকে দেখলেন গার্দিওলা

লিওনেল মেসির ম্যানচেস্টার সিটিতে যাওয়ার গুজবটায় কদিন ধরে আবার জোর বাতাস লেগেছে। ভাবনাটা এমন, সিটি কোচ পেপ গার্দিওলা সাবেক ছাত্রকে নিয়েই ইংল্যান্ড অভিযানে সফল হতে চান।
গার্দিওলার তেমন ভাবনা আছে কি না, কে জানে! তবে থেকে থাকলেও পরশু সেল্টিকের বিপক্ষে ১-১ গোলে ড্র ম্যাচের পর হয়তো নতুন করে ভাবতে শুরু করবেন। পুরোনো মেসির কী দরকার, চাইলে ‘নতুন ইংলিশ মেসি’কেই তো গড়ে নিতে পারেন!
কে এই ইংলিশ মেসি? প্যাট্রিক রবার্টস। মূলত সিটির খেলোয়াড়, তবে ১৯ বছর বয়সী ইংলিশ উইঙ্গার ধারে আছেন সেল্টিকে। দেড় বছরের জন্য ধারের সেই মেয়াদের ১০ মাস হয়েও গেছে। সেল্টিকের জার্সিতেই পরশু ফিরলেন ‘নিজের উঠোন’ ইতিহাদ স্টেডিয়ামে। পরশুই প্রথম তাঁকে খেলতে দেখেছেন গার্দিওলা। যা দেখেছেন, তাতে মুগ্ধ।
ম্যাচের চার মিনিট তখন। সিটি বক্সের বাঁ দিকে বল পেলেন রবার্টস। তারপর শুরু দৌড়, কেন তাঁকে ‘মেসি’ ডাকা হয় সেটিও মনে করিয়ে দিয়ে। শরীরের দুলুনিতে এক ডিফেন্ডারকে কাটিয়ে ঢুকে পড়লেন সিটির বক্সে। সেখানে যেন ‘চক্রব্যূহ’, তাঁকে ঘিরে ছয় ডিফেন্ডার! এঁদের মধ্য দিয়েই সর্পিল আঁকাবাঁকা দৌড়। এরপর একটু জায়গা করে নিয়ে শট...গোল!
কিছুক্ষণ পরই অবশ্য কেলেশি ইহিয়ানাচোর গোলে সমতা ফেরায় সিটি। তাতে কী! ‘নিজের বাড়িতে’ ফিরে রবার্টস যে সবাইকে মুগ্ধ করে দিয়েছেন। নিজেই জানিয়েছেন, সিটি কোচ গার্দিওলা তাঁকে ম্যাচের পর অভিনন্দন জানিয়েছেন। সেল্টিক কোচ ব্রেন্ডন রজার্সও ম্যাচের পর রবার্টসকে দিয়েছেন ‘ইংল্যান্ডের সেরা প্রতিভা’র স্বীকৃতি।
আর গার্দিওলা? সিটি কোচ মুগ্ধ, তবে সেটির প্রকাশে একটু পরিমিত, ‘ওর সম্ভাবনা আছে। আমি ওর পারফরম্যান্সে অনেক খুশি। মৌসুম শেষে (সিটিতে) ওর ভবিষ্যৎ নিয়ে আমরা কথা বলব। আমরা ওর মান জানি। তবে সিদ্ধান্তটা এক ম্যাচের নয়, এটা পুরো মৌসুমের ব্যাপার।’ বিবিসি, গোলডটকম।