রবিনের গোলে মুক্তিযোদ্ধার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযোদ্ধাকে মহামূল্যবান গোল উপহার দিয়েছেন, আনন্দে তাই গোলদাতা রবিনকে কোলেই তুলে নিলেন সতীর্থ আহমেদ মুসা। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো
মুক্তিযোদ্ধাকে মহামূল্যবান গোল উপহার দিয়েছেন, আনন্দে তাই গোলদাতা রবিনকে কোলেই তুলে নিলেন সতীর্থ আহমেদ মুসা। কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে l প্রথম আলো

চোটের কাছে আত্মসমর্পণ করে প্রায় দুই বছর মাঠেই নামতে পারেননি। সর্বশেষ গোল করেছিলেন এক মৌসুম আগে, শেখ রাসেলের হয়ে বিজেএমসির বিপক্ষে। এরপর বাঁ পায়ের লিগামেন্ট ছিঁড়ে যাওয়ায় দর্শক হয়েই খেলা দেখতে হয়েছে মোহাম্মদ রবিনকে। মা হেলেনা আক্তারের ক্যানসার ধরা পড়ার পর গত ছয় মাসে ফুটবলকে সময় দেওয়াটাই ভুলতে বসেছিলেন মুক্তিযোদ্ধার স্ট্রাইকার। কাল সেই রবিনই বদলি হিসেবে মাঠে নেমেই গোল করলেন! গোলের জন্য হা-পিত্যেশ করতে থাকা মুক্তিযোদ্ধা ৮২ মিনিটে রবিনের দেওয়া গোলেই হারিয়ে দিয়েছে চট্টগ্রাম আবাহনীকে (১-০)। ফেডারেশন কাপের অন্য ম্যাচে ব্রাদার্সও কাল ১-০ গোলে হারিয়েছে উত্তর বারিধারাকে।
গত মাসে স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়েছে চট্টগ্রাম আবাহনী। চ্যাম্পিয়ন হওয়ার মতোই দল তারা। কিন্তু জাতীয় দলের একঝাঁক ফুটবলারকে নিয়ে গড়া বিশাল বাজেটের এই দলটি কাল হেরে গেল শক্তিতে পিছিয়ে থাকা মুক্তিযোদ্ধার কাছে। ম্যাচ শেষে চট্টগ্রাম আবাহনীর কোচ জোসেফ পাভলিকের কণ্ঠে হতাশা, ‘ফুটবলে এটা হতেই পারে। তবে এই হারে ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালে ওঠার আশা আমাদের শেষ হয়ে গেল।’
বাস্তবতার জমিতে পা রেখে পাভলিক হয়তো ঠিকই বলেছেন। শেখ রাসেলের সঙ্গে প্রথম ম্যাচে তারা ড্র করেছে, কাল তো হেরেই গেল। তবে এই হারের পরও ক্ষীণ একটা সম্ভাবনা চট্টগ্রাম আবাহনীর আছে। আগামীকাল মুক্তিযোদ্ধা যদি শেখ রাসেলকে কমপক্ষে ২ গোলের ব্যবধানে হারিয়ে দেয়, তাহলেই চট্টগ্রাম আবাহনী শেষ আটে খেলতে পারবে। আর মুক্তিযোদ্ধা-শেখ রাসেল ম্যাচটি ড্র হলে দুই দলই সরাসরি চলে যাবে কোয়ার্টার ফাইনালে।
শুধু চট্টগ্রাম আবাহনীরই নয়, জাতীয় দলের রক্ষণেও বড় ভরসার নাম নাসির উদ্দিন চৌধুরী। এই নাসিরকেই কাল স্ট্রাইকার হিসেবে খেলিয়েছেন পাভলিক! কেন এই সিদ্ধান্ত, সেটি ম্যাচের পর ব্যাখ্যা করেছেন স্লোভাকিয়ান কোচ, ‘ও একসময় স্ট্রাইকার হিসেবে খেলেছে। তা ছাড়া আমাদের ফরোয়ার্ডদের কেউই খেলার মতো শতভাগ ফিট নয়।’ আনফিট লিওনেল প্রিউক্সকে তবু কোচ ৬২ মিনিটে নামিয়েছেন নাসিরের বদলি হিসেবে। কিন্তু শুধু প্রিউক্সই নন, মামুনুল, রুবেল মিয়া, সোহেল রানা, তারিক আল জানাবি পর্যন্ত গোল নষ্ট করার মহড়া দিয়েছেন। এমনকি পেনাল্টি থেকেও গোল করতে পারেননি তারিক আল জানাবি! ১-০ অগ্রগামিতা ধরে রেখেই মুক্তিযোদ্ধা যখন জয় নিশ্চিত করে মাঠ ছাড়ার প্রস্তুতি নিচ্ছে, তখনই যোগ হওয়া সময়ে পেনাল্টি পায় চট্টগ্রাম আবাহনী। কিন্তু পোস্টের পাশ দিয়ে তারিক বল পাঠিয়ে দেন বাইরে!
জয়ে শুরু ব্রাদার্সের
ফেডারেশন কাপে কালই প্রথম মাঠে নামে ব্রাদার্স। আর জয় দিয়েই ফেডারেশন কাপ শুরু করেছে কমলা জার্সির দলটি। পেনাল্টি থেকে এনকোচা কিংসলের দেওয়া একমাত্র গোলে উত্তর বারিধারাকে হারিয়েছে ব্রাদার্স। টানা দুই হারে টুর্নামেন্ট থেকেই বিদায় নিয়েছে উত্তর বারিধারা।
২৬ মিনিটে বক্সের মধ্যে এগিয়ে যাওয়া কিংসলেকে ফেলে দেন উত্তর বারিধারার গোলরক্ষক রাজীব। এরপর পেনাল্টি পায় ব্রাদার্স, তা থেকে গোল করেন কিংসলে। ৪২ মিনিটে উত্তর বারিধারা অবশ্য গোল শোধের দারুণ সুযোগ পেয়েছিল। কিন্তু বারিধারার ফরোয়ার্ড কলিনস তিয়েগো বক্সে ঢুকেও বল মেরেছেন বাইরে। বাকি সময়ে অবশ্য চেষ্টা করেও আর গোল পায়নি কোনো দল।