রহমতগঞ্জকে শীর্ষে উঠতে দিল না 'বিতর্কিত' সিদ্ধান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এগিয়ে গিয়েও জিততে পারল না রহমতগঞ্জ। ছবি: প্রথম আলো।
এগিয়ে গিয়েও জিততে পারল না রহমতগঞ্জ। ছবি: প্রথম আলো।

নির্ধারিত সময়ের বাকি আর এক মিনিট। সঙ্গে যোগ করা সময়ের আর কয়েক মিনিট থাকার কথা। আর গোল না করুক, কোনোভাবে ফেনী সকারকে এই কয়েকটা মিনিট ঠেকিয়ে দিতে পারলেই হলো রহমতগঞ্জের। ১-০ গোলের জয় নিয়ে অন্তত এক ম্যাচের জন্য উঠে যায় প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে। কিন্তু রেফারির ‘বিতর্কিত’ সিদ্ধান্তে তা আর হলো না। ম্যাচ ড্র হলো ১-১ গোলে।

ম্যাচে তখনো ১-০ গোলে এগিয়ে রহমতগঞ্জ। কিন্তু ৮৯ মিনিটে পেনাল্টি বক্সে ফাউলের কারণে ফেনী সকারকে পেনাল্টি দেন রেফারি। যদিও রহমতগঞ্জের খেলোয়াড়দের দাবি, সেটি মোটেও ফাউল ছিল না। যা নিয়ে রেফারির সঙ্গে তর্ক বাঁধিয়ে লাল কার্ডও দেখেন রহমতগঞ্জ স্ট্রাইকার সিও জুনাপিও। ম্যাচের পরও রেফারির সঙ্গে এ নিয়ে অনেকক্ষণ তর্ক করেছেন রহমতগঞ্জ খেলোয়াড়েরা।
তবে ফেনী সকারের তা নিয়ে ভাবতে বয়েই গেছে! পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা নিয়ে আসেন চৌম্রিন রাখাইন। এর আগে ম্যাচের ২৫ মিনিটেই রহমতগঞ্জকে এগিয়ে দেন নয়ন। ফিনিশিংটাও ছিল দেখার মতো। নিজের শরীরের ভারসাম্যই ঠিক রাখতে পারছিলেন না, এর মধ্যেই বল কেড়ে নিতে আসা ফেনী সকার গোলকিপারের মাথার ওপর দিয়ে বলটাকে ঠেলে দিলেন আলতোভাবে।
এই ড্র তে প্রিমিয়ার লিগে একটা মজার ধারা তৈরি করল রহমতগঞ্জ। এখন পর্যন্ত ৭ ম্যাচে তাদের ফল এমন—ড্র, জয়, ড্র, জয়, ড্র, জয়, ড্র। ১৩ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় দুইয়ে আছে দলটি। ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল। তবে একটু পর মোহামেডানের বিপক্ষে ম্যাচে অন্তত ৩ গোলের ব্যবধানে জয় পেলেই শীর্ষে উঠে যাবে আবাহনী।