রহমতগঞ্জে আটকাল শেখ জামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্যাপন দেখে মনে হচ্ছিল প্রিমিয়ার লিগের শিরোপাই জিতে গেছে রহমতগঞ্জ। খেলোয়াড়েরা একে অন্যকে জড়িয়ে ধরছেন। মাঠেই কেউ আনন্দে ডিগবাজি দিলেন। অনেকে ছুটলেন গ্যালারির দিকে। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থাকা শেখ জামাল ধানমন্ডির পয়েন্ট কেড়ে নিয়ে যেন সে কী আনন্দ রহমতগঞ্জের। যোগ হওয়া সময়ে গোল করে শেখ জামালকে হতাশায় ডুবিয়েছেন রহমতগঞ্জের নাইজেরিয়ান ফরোয়ার্ড গিদন সলোমন। প্রথম পর্বে রহমতগঞ্জকে ২-১ গোলে হারিয়েছিল শেখ জামাল।
গত ম্যাচেই শেখ জামাল গুনে গুনে ৯ গোল দিয়েছিল ফরাশগঞ্জকে। আগের ম্যাচে যেখানে শেষ করেছিল, লিগ চ্যাম্পিয়নরা যেন সেখান থেকেই শুরু করেছিল কাল। দ্বিতীয় মিনিটেই কেষ্ট কুমারের হেড পোস্টে লেগে ফেরে। ৭ মিনিটেই এমেকার গোলে এগিয়ে যায় জামাল। অথচ রেফারি আবদুল হান্নান মিরন গোলের কৃতিত্ব দিলেন ওয়েডসনকে! এরপর ১৭ মিনিটে ওয়েডসনের শট ক্রসবারে লেগে ফেরে। কিন্তু ২০ মিনিটে রহমতগঞ্জ গোলরক্ষক আল আমিনকে অনায়াসে ফাঁকি দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন ওয়েডসন। পিছিয়ে পড়ে গোল শোধে মরিয়া হয়ে ওঠে রহমতগঞ্জ। ৪১ মিনিটে প্রায় ৩০ গজ দূর থেকে প্রচণ্ড গতির মাটি কামড়ানো শটে মিডফিল্ডার গিনিয়ান লামিনে করেন ২-১। দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক রহমতগঞ্জ, বেশ কয়েকটি সুযোগ নষ্ট করেন বদলি মানাফ রাব্বি ও দিদারুল। যোগ হওয়া সময়ে বক্সের মধ্যে দাঁড়ানো সলোমনের ভলিতে জয়বঞ্চিত হয় শেখ জামাল।
এই ড্র সত্ত্বেও ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষেই জামাল। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে সাতে উঠে এল রহমতগঞ্জ।