
ম্যাচ শেষে মোহামেডানের গ্যালারিতে তুমুল উল্লাস। ক্লাবের পতাকা নিয়ে এসেছিলেন রহমতগঞ্জের হাজার খানেক সমর্থক। তা কাল বঙ্গবন্ধু স্টেডিয়ামে এই দর্শকেরা রুদ্ধশ্বাস এক ম্যাচই দেখেছে।
ম্যাচের নির্ধারিত ৯০ মিনিট তখন শেষ। যোগ হওয়া সময়ও শেষ হতে চলেছে। স্কোরলাইন ব্রাদার্স ৩: ৩ রহমতগঞ্জ। শেষ মুহূর্তে হঠাৎ আক্রমণ রহমতগঞ্জের। বক্সের বাইরে থেকে দিদারুলের রংধনু শট ব্রাদার্স গোলরক্ষক উত্তম বড়ুয়ার মাথার ওপর দিয়ে ঢুকল জালে। নেচে উঠলেন রহমতগঞ্জের খেলোয়াড়, কর্মকর্তা ও কোচ কামাল বাবু।
১০ ম্যাচে ছয় জয়, চার ড্র। এখন পর্যন্ত অজেয় রহমতগঞ্জ। এই জয়ে ২২ পয়েন্ট নিয়ে আবারও শীর্ষে রহমতগঞ্জ। সমান ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে সাতে ব্রাদার্স।
এবারের লিগে যেন রূপকথার যাত্রা শুরু করেছে রহমতগঞ্জ। দলে কোনো তারকা খেলোয়াড় নেই। নেই জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলার। কিন্তু কোনো এক অজানা ছন্দে যেন গন্তব্যের দিকে একটু একটু করে এগিয়ে চলেছে দলটি। কাল নাটকীয়তায় ভরা ম্যাচে একবার রহমতগঞ্জ এগিয়ে গিয়েছে তো পরক্ষণেই সমতায় ফিরেছে ব্রাদার্স! ম্যাচের ৬ মিনিটেই আত্মঘাতী গোলে এগিয়ে যায় রহমতগঞ্জ। এরপর ২১ মিনিটে ফ্রি-কিকে অগাস্টিন ওয়ালসন সমতায় ফেরান ব্রাদার্সকে। ২৭ মিনিটে ব্রাদার্সকে ২-১-এ এগিয়ে নেন এনকোচা কিংসলে। ৪৫ মিনিটে হেডে এলিটা বেনজামিন জুনিয়র করেন রহমতগঞ্জের দ্বিতীয় গোল (২-২)। ৬৩ মিনিটে রহমতগঞ্জের দিদারুলের হেডে স্কোর ৩-২। ৭৫ মিনিটে এনকোচা আবারও সমতায় ফেরান ব্রাদার্সকে (৩-৩)। এরপরই ম্যাচের অন্তিম মুহূর্তে ব্রাদার্সের হৃদয় ভেঙে দেন দিদারুল।
এলিটা জেতালেন বিজেএমসিকে: চট্টগ্রামে গত বছর শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে আলো কেড়েছিলেন এলিটা কিংসলে। চট্টগ্রাম আবাহনীকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় অবদান ছিল এই নাইজেরিয়ান ফরোয়ার্ডের। কিন্তু চট্টগ্রাম আবাহনীর হয়ে লিগে এই মৌসুমে খেলতে পারেননি। বাধ্য হয়ে যোগ দেন বিজেএমসিতে। তবে চোটের কারণে এ পর্যন্ত নিজেকে মেলে ধরতে পারেননি। সিলেটে গত মাসে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে আনফিট কিংসলে একরকম জোর করেই খেলতে নেমেছিলেন। তখন কোনো গোল পাননি। অবশেষে লিগে নিজের প্রথম গোলটি পেয়েছেন। এলিটার একমাত্র গোলেই বিজেএমসি হারিয়েছে ফেনী সকারকে। ১৫ মিনিটে চমৎকার সাইডভলিতে করেন গোল (১-০)। লিগে বিজেএমসির এটি দ্বিতীয় জয়। এই জয়ে ১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আটে উঠল বিজেএমসি। আর সমান ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে নয়ে ফেনী সকার। লিগে আজ কোনো খেলা নেই।