রহমতগঞ্জের প্রেরণা লেস্টার!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা থেকে গিয়ে ময়মনসিংহের গ্যালারি মাতালেন রহমতগঞ্জের এক দল সমর্থক। খুশি মনেই তাঁরা ফিরেছেন ম্যাচ শেষে। তবে উত্তর বারিধারাকে ২-০ গোলে হারিয়েও অসন্তুষ্ট কোচ কামাল বাবু! প্রিমিয়ার লিগের চার রাউন্ড শেষে তাঁর উপলব্ধি, আজই সবচেয়ে বাজে খেলেছে ছেলেরা।

বড় বাজেটের দল না হয়েও রহমতগঞ্জ যা করছে, সেটাই অবশ্য অনেক। অনুশীলন সুবিধা তেমন না পেলেও দলটি কিনা এখন পয়েন্ট তালিকায় দুইয়ে! চার ম্যাচে দুই জয়, দুই ড্র। কোচ কামাল বাবু অলক্ষ্যে ইংলিশ প্রিমিয়ার লিগের দল লেস্টার সিটি হওয়ার স্বপ্ন দেখছেন, ‘শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন হব কি না জানি না। এটা অনেক দূর পথ। তবে লেস্টার সিটি ইংলিশ লিগে চ্যাম্পিয়ন হতে পারলে আমরা কেন পারব না!’

বৃষ্টিভেজা মাঠে কাল কোনো দলই স্বাভাবিক খেলতে পারেনি। তবে সুযোগ কাজে লাগিয়েছে রহমতগঞ্জ। ৪৫ মিনিটে রহমতগঞ্জের ফরোয়ার্ড দাওদা সিজেকে বক্সে ফেলে দেন বারিধারার ডিফেন্ডার আরিফুল। পেনাল্টি থেকে জুনাপিও করেন ১-০। এরপর দ্বিতীয়ার্ধের বেশির ভাগ সময় রক্ষণাত্মক কৌশলেই খেলেছে রহমতগঞ্জ। এর মধ্যেই শেষ পাঁচ মিনিটে গোটা তিনেক আক্রমণ করেন দাওদা সিজে। শেষ মিনিটে আলীর ক্রসে সিজের প্লেসিংয়ে ২-০।

চার ম্যাচে মাত্র এক জয়ে তিন পয়েন্ট। এগারোতম স্থানে উত্তর বারিধারা। টানা তিন হারের জন্য কোচ রাশেদ পাপ্পু চোট সমস্যাকে দায়ী করলেন, ‘একাদশের সেরা চার ফুটবলার চোটে ভুগছে। এ জন্যই দলের এই অবস্থা।’

আজকের খেলা

শেখ জামাল-ফেনী সকার (ময়মনসিংহ রফিক উদ্দিন স্টেডিয়াম, বিকেল ৪টা)।