রহমতগঞ্জের কাছেও হারল শেখ রাসেল

একটা সময় ঢাকার ফুটবলে ‘জায়ান্ট কিলার’ হিসেবে পরিচিত ছিল রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। বড় দলগুলোকে হারাতে কিংবা আটকে দিতে পুরান ঢাকার এই ঐতিহ্যবাহী ক্লাবের ছিল সুখ্যাতি। দেশের ফুটবলে এখন বড় দল-ছোট দলের পার্থক্য কমে এলেও রহমতগঞ্জের শরীর থেকে সেই তকমাটা মুছে যায়নি। রহমতগঞ্জ আবারও জায়ান্ট কিলার হয়ে উঠল এবারের প্রিমিয়ার লিগে তাদের দ্বিতীয় ম্যাচেই। শক্তিশালী শেখ রাসেল ক্রীড়াচক্রকে ২-০ গোলে হারিয়ে বড় এক অঘটনের জন্ম দিল তারা।
‘অঘটন’ শব্দটিতে রহমতগঞ্জের আপত্তি থাকতে পারে। প্রথম ম্যাচেই মোহামেডানের বিপক্ষেই তো তারা জয় পেতে পারত। এক গোলে এগিয়ে থেকেও নিজেদের দোষেই জয় হাতছাড়া হয়েছে তাদের। মোহামেডানকে পেনাল্টি উপহার দিয়ে ড্র করে মাঠ ছেড়েছিল তারা। আজ শেখ রাসেল ক্রীড়াচক্রের বিপক্ষে প্রত্যয়ী ফুটবল খেলেই জয় তাদের। গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের ৮২ মিনিটে মাহবুব হাসান নয়ন আর ৮৯ মিনিটে আলাউদ্দিনের দুই গোলেই পরাজয় নিশ্চিত শেখ রাসেলের। টানা দুই হারে এখনো পয়েন্টের ঘর ‘শূন্য’ লিগের অন্যতম বড় বাজেটের এই দলটির।
ম্যাচে কিন্তু শেখ রাসেলেরই প্রাধান্য ছিল। রহমতগঞ্জ নিজেদের ঘর সামলেই প্রতিপক্ষের ঘরে আঘাত হেনেছে। শেখ রাসেল গোল পায়নি ফরোয়ার্ডদের ব্যর্থতায়। জামাল ভূঁইয়া ও মোনায়েম খান রাজুরা একের পর এক বল জোগান দিলেও পল এমিলি ও জাঁ ইকাঙ্গারা রহমতগঞ্জকে বিপদে ফেলতে পারেনি। দুই উইংয়ে অধিনায়ক আতিকুর রহমান মিশু ও নাসিরুল আলমরা আক্রমণের পর আক্রমণ করে গেছেন, কিন্তু কাজের কাজ কিছু হয়নি।
অন্যদিকে রহমতগঞ্জ ঠান্ডা মাথার ফুটবল খেলেই জয় নিয়ে মাঠ ছেড়েছে। গোল করার ব্যর্থতা তাদেরও ছিল, কিন্তু ৮১ মিনিটে নয়ন সব ব্যর্থতা মুছে দেন দারুণ এক গোলে। গোলের উৎসমূলে অবশ্য ছিলেন এলিটা বেঞ্জামিন। ডান প্রান্ত থেকে দারুণভাবে বল নিয়ে শেখ রাসেলের বক্সে ক্রস করেন তিনি। সেই ক্রস ধরে ডান পায়ের কোনাকুনি শটে শেখ রাসেলের জালে বল পাঠিয়ে দেন তিনি।
ম্যাচের একেবারে শেষ মুহূর্তে রহমতগঞ্জ পায় দ্বিতীয় গোলটি। ডি-বক্সের ঠিক বাইরে থেকে দূরপাল্লার শটে রহমতগঞ্জের দুর্দান্ত জয়টি নিশ্চিত করেন আলাউদ্দিন।
এমন হারে স্বাভাবিকভাবেই প্রচণ্ড হতাশ শেখ রাসেলের কোচ মারুফুল হক। তবে তিনি আশা ছাড়তে রাজি নন, ‘এখনো লিগের অনেকটা পথ বাকি। আমরা ফিরে আসতে পারব বলে আশা করি। ম্যাচে আমরাই প্রাধান্য বিস্তার করে খেলেছি। গোলের সুযোগও তৈরি করেছি অনেকগুলো। কিন্তু ফরোয়ার্ডরা গোল পেল না। গোল করতে না পারার ব্যর্থতাই আমাদের ভুগিয়েছে।’
রহমতগঞ্জ কোচ কামাল বাবু জয়েও পুরোপুরি সন্তুষ্ট নন, ‘জয়টা তৃপ্তি দিলেও আমরা কিন্তু খুব ভালো খেলতে পারিনি। আমাদের আরও ভালো খেলা উচিত ছিল। তবে দিনের শেষে শেখ রাসেলকে হারাতে পেরে ভালোই লাগছে।’