রহস্য রেখে দিচ্ছেন নেইমার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেইমার
নেইমার

বার্সেলোনায় খাপ খাইয়ে নিতে পারবেন কি না, সেটা নিয়ে সংশয় ছিল। সেটি ঘুচে গেছে অনেক আগেই, নেইমারের সামনে এখন আকাশ ছোঁয়ার হাতছানি। এরই মধ্যে ব্যালন ডি’অরের সেরা তিনে জায়গা করে নিয়েছেন, মেসি-রোনালদোর পর ব্যাটনটা তাঁর হাতে উঠবে বলেই ধরে নিয়েছেন ফুটবলবোদ্ধারা। কিন্তু বার্সেলোনায় থাকবেন কি না, সেই প্রশ্নের জবাবে নেইমার কেমন যেন ধোঁয়াশা রেখে দিচ্ছেন!
২০১৮ সাল পর্যন্ত বার্সার সঙ্গে চুক্তি আছে নেইমারের। কাতালান ক্লাবটি এ মুহূর্তে সেটি বাড়াতেই চাইবে। নেইমার নিজেই স্বীকার করেছেন, ‘আমরা এর মধ্যেই নতুন চুক্তি নিয়ে কথা বলেছি। আমি আশাবাদী।’ কিন্তু বার্সেলোনা কখনো ছাড়বেন কি না, এমন প্রশ্নের জবাবে নেইমার খানিকটা রহস্য রেখে দিলেন, ‘আমি জানি না, জীবনের তো এখনো অনেকটাই পড়ে আছে।’
কর-সংক্রান্ত ঝামেলায় নেইমার স্পেন ছাড়তে পারেন, এমন গুঞ্জন শোনা যাচ্ছিল অনেক দিন থেকেই। ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের বাবা নিজেই ইঙ্গিতটা দিয়েছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেড নেইমারকে পেতে আগ্রহী, এমনও শোনা গিয়েছিল। স্প্যানিশ দৈনিক স্পোর্ত-এর দাবি, রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজও নেইমারের এই দোদুল্যমানতার সুযোগ নিতে চাইছেন।
তবে নেইমার আগেও বারবার বলেছেন, বার্সেলোনাতেই তিনি সুখী। এখানে খেলাটাই তাঁর সারা জীবনের স্বপ্ন ছিল। পরশু বার্সেলোনায় ফিরেই (এল প্রাত বিমানবন্দরে) যেমন বলেছেন, এই মৌসুমে পাঁচটি হয়েছে, পরের বছর বার্সার হয়ে ছয়টি শিরোপা জিততে চান। কে জানে, এমনও হতে পারে বেতনটা আরও বাড়িয়ে নিতেই এখন দর-কষাকষি করছেন! মার্কা, এএস।